নিউইয়র্কের রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো বিদায়ী ভাষণে বলেছেন, তাঁর বিরুদ্ধে নারীদের আনা অভিযোগ মিথ্যা। রাজ্যের অ্যাটর্নি জেনারেলের পরিচালিত তদন্ত রাজনৈতিক এবং তিনি পুরো ঘটনায় সংবাদমাধ্যমের অপপ্রচারের শিকার হয়েছেন।
২৩ আগস্ট দুপুরে তিনবারের নির্বাচিত গভর্নর অ্যান্ড্রু কুমো রাজ্যবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বিদায়ী ভাষণ দিয়েছেন। আগে থেকে রেকর্ড করা ভাষণে কুমো বলেছেন, সত্য একদিন ঠিকই বেরিয়ে আসবে এবং তখন জানা যাবে তিনি কোনো অপরাধ করেননি। নারীদের করা যৌন হয়রানির অভিযোগের কারণে তাঁর বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের তদন্তকে একটি উত্তপ্ত বিষয়ের ওপর রাজনৈতিকভাবে সাজানো হয়েছিল এবং এ সাজানো পরিকল্পনা কাজ করেছে।
অ্যান্ড্রু কুমো বলেন, তিনি মিথ্যা অভিযোগের বিরুদ্ধে শেষ পর্যন্ত লড়াই করতে চেয়েছিলেন। তবে বর্তমান বাস্তবতায় রাজ্যের স্বার্থেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
আগের ঘোষণা অনুযায়ী ২৪ আগস্ট মধ্যরাতের আগেই ক্ষমতা থেকে সরে দাঁড়িয়েছেন অ্যান্ড্রু কুমো। তিনি তাঁর বিদায়ী ভাষণে রাজ্যের জনগণকে তাঁর সঙ্গে থাকার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি তাঁর প্রয়াত পিতা নিউইয়র্কের এক সময়ের দাপুটে গভর্নর মারিও কুমোকে স্মরণ করেছেন।
সর্বমোট ১১ জন নারী অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে সংবাদমাধ্যমে তাঁদের যৌন হয়রানির ঘটনা জানান। এ নিয়ে তোলপাড় শুরু হলে রাজ্যের অ্যাটর্নি জেনারেল তদন্ত শুরু করে হয়রানির প্রমাণ পাওয়া গেছে বলে প্রতিবেদন প্রকাশ করেন। অ্যান্ড্রু কুমোর বিরুদ্ধে অপরাধ আইনেও মামলা দায়ের করা হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ ডেমোক্রেটিক দলের সব প্রভাবশালী পক্ষকেই কুমোর পক্ষ থেকে সরে দাঁড়াতে দেখা যায়। চতুর্থ দফা রাজ্যের গভর্নর হিসেবে নির্বাচনের ঘোষণা দিয়েছিলেন কুমো।
২৩ আগস্ট বিদায় ভাষণ দেওয়ার আগে কুমোর পক্ষ থেকে জানানো হয়েছে, অ্যান্ড্রু কুমো ভবিষ্যতে নির্বাচনে দাঁড়াচ্ছেন না। গত ২৪ বছর থেকে নানাভাবে জনগণের কাজে জড়িত আছেন। তাঁর পরবর্তী কর্মকাণ্ড সম্পর্কে এখনো কিছু না জানালেও বলা হয়েছে পারিবারিকভাবে সময় কাটানো ছাড়াও মাছ ধরার কাজে নিজেকে ব্যস্ত রাখবেন।
অ্যান্ড্রু কুমোর পদত্যাগের মাধ্যমে ২৪ আগস্টের প্রথম প্রহর থেকে রাজ্যের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন লেফটেন্যান্ট গভর্নর ক্যাথি হকুল। নিউইয়র্কের ইতিহাসে প্রথম নারী গভর্নর হিসেবে যাত্রা শুরু করেছেন তিনি।