‘আমি শতজনকে দমবন্ধ হয়ে মরতে দেখেছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাসপাতাল থেকে ফিরে হোয়াইট হাউসের ব্যালকনিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র, ৫ অক্টোবর
ছবি: রয়টার্স

‘আমি শত শত মানুষকে দমবন্ধ হয়ে মরতে দেখেছি। আর তিনি বলছেন কোভিডকে ভয় না পেতে, যা স্তম্ভিত করে দেওয়ার মতো।’ হাসপাতাল থেকে ফিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা টুইটের প্রত্যুত্তরে এ কথা বলেছেন ক্রিস্টিনা হোপস নামের এক নার্স।

ক্রিস্টিন হোপস। করোনা মহামারি মোকাবিলায় তিনি নার্স হিসেবে সামনের সারিতে থেকে লড়ে যাচ্ছেন। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ডোনাল্ড ট্রাম্প গত সোমবার হাসপাতাল থেকে ফিরে যে টুইট করেছেন, তাতে ভীষণ হতাশ হয়েছেন এই নার্স।

ওই টুইটে ট্রাম্প লেখেন, ‘কোভিডকে ভয় পাবেন না। একে আপনার জীবনের ওপর প্রভাব বিস্তার করতে দেবেন না।’

এই একটি টুইট দীর্ঘ দিন ধরে সামনের সারিতে থেকে করোনার সঙ্গে লড়ে যাওয়া ক্রিস্টিন হোপসকে স্তম্ভিত করে দেওয়ার জন্য যথেষ্ট। সিয়াটল শহরের বাসিন্দা হোপস গত সোমবারও হাসপাতালে গিয়েছিলেন। সেখান থেকে ফিরেই তিনি ট্রাম্পের এই টুইট দেখেন। নিজের তাৎক্ষণিক প্রতিক্রিয়া সম্পর্কে হোপস বলেন, ‘ঘরে ফিরে আমি যখন এটা পড়ি, তখন আমি এতটাই রেগে গেলাম যে, মনে হলো এ নিয়ে আমার কিছু বলা উচিত।’

প্রেসিডেন্ট ট্রাম্পের করোনা নিয়ে মন্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিস্টিন হোপস নামের এ নার্স
ছবি: সংগৃহীত

ক্রিস্টিন হোপস সেটা বলেছেনও। ডোনাল্ড ট্রাম্পের ওই টুইটের পর নিজের প্রতিক্রিয়া বিশ্ববাসীকে জানাতে তিনি একটি টিকটক ভিডিও তৈরি করেন। সেখানে তিনি বলেন, ‘আমি শত শত মানুষকে দমবন্ধ হয়ে মরতে দেখেছি। আর তিনি বলছেন কোভিডকে ভয় না পেতে, যা স্তম্ভিত করে দেওয়ার মতো।’ কাঁদতে কাঁদতেই সেই ভিডিওতে তিনি বলেন, ‘নার্স ও স্বাস্থ্য সেবাকর্মী হিসেবে আমরা যা কিছু করেছি, তাকে অবজ্ঞা করার সাহস তার হলো কী করে!’

ক্রিস্টিন হোপসের এই প্রতিক্রিয়া সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকে ছড়িয়ে পড়তে সময় লাগেনি। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ওই ভিডিও ৩ লাখের বেশিবার দেখা হয়েছে। বহু মানুষ এটি শেয়ার করেছেন। অনেকেই তাঁর এই প্রতিক্রিয়ার পক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিয়েছেন।

নিজের অভিজ্ঞতা সম্পর্কে ক্রিস্টিন হোপস সিএনএনকে বলেন, করোনাভাইরাসের বিস্তার পুরো কমিউনিটিকে কত ভয়াবহভাবে আক্রান্ত করেছে, তা তিনি দেখেছেন। করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় গত গ্রীষ্মে তাঁকে ফ্লোরিডার মায়ামির একটি হাসপাতালে পাঁচ সপ্তাহের জন্য পাঠানো হয়েছিল। তিনি বলেন, ‘যে হাসপাতালে আমি কাজ করেছি, তা আর রোগী নিতে পারছিল না। হাসপাতাল ভর্তি হয়ে গিয়েছিল। সবাইকে সেবা দেওয়া অসম্ভব হয়ে পড়েছিল।’

হোপস নিজেও মানুষকে আশ্বস্ত করতে চান। কিন্তু তাঁর দৃষ্টিতে প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন, তা দায়িত্বজ্ঞানহীন। এর মাধ্যমে এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া সবাইকে তিনি অসম্মান করেছেন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টসহ ৭৬ লাখের বেশি মানুষ করোনা আক্রান্ত হয়েছেন। আর মৃত্যুর সংখ্যা ২ লাখ ১২ হাজার ছাড়িয়েছে।

ক্রিস্টিন হোপসের মতে, এই প্রেক্ষাপটে প্রেসিডেন্টের এই বক্তব্য ভীষণ রকম দায়িত্বজ্ঞানহীন। তিনি বলেন, ‘তাঁর কথায় মানুষ মনে করতে পারে—সব ঠিক হয়ে গেছে। মনে করতে পারে, এটা এখন আর কোনো সমস্যা নয়। অথচ বিষয়টি এমন নয়। এটা সত্য নয়। আমি আশা করি যারা আমার ভিডিওটি দেখেছেন, তাঁরা বিষয়টির গুরুত্ব অনুধাবন করে যথাযথ সতর্কতা মেনে চলবেন।’ তিনি আরও বলেন, ‘আমি আশা করি প্রেসিডেন্ট এই ভিডিও দেখে নিজেও উপলব্ধি করবেন। তিনি বুঝবেন যে, করোনা আক্রান্ত হওয়ার পর তাঁর যে অভিজ্ঞতা, তা সব আমেরিকানের নেই। সবচেয়ে বড় বিষয় হলো, আমরা সবাই পরস্পরের দেখভাল করছি। আমরা পরস্পরের দিকে তাকিয়ে আছি। তাঁর কোনো টুইটই এই বিষয়টিকে প্রতিফলিত করে না।’