
মেক্সিকোর কুখ্যাত মাদকসম্রাট ওয়াকিন ‘এল চ্যাপো’ গুজম্যানের সাক্ষাৎকার নিয়েছিলেন হলিউড অভিনেতা শন পেন। গত জুলাইয়ে দ্বিতীয় দফায় জেল পালানোর পর অক্টোবরে মেক্সিকোর একটি জঙ্গলে সাক্ষাৎকারটি নেন তিনি। এবার এল চ্যাপোর পুনরায় ধরা পড়ার পরদিন অর্থাৎ গত শনিবার প্রকাশিত হলো সাক্ষাৎকারটি। খবর বিবিসির।
রোলিং স্টোন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে ওই সাক্ষাৎকার। মাদক চোরাকারবারসহ বিভিন্ন বিষয়ে এ সাক্ষাৎকারে খোলামেলা কথা বলেছেন এল চ্যাপো। তাঁর মতে, মাদকের ভোগ না থাকলে বিক্রি হতো না।
নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়, শন পেনকে দেওয়া সাক্ষাৎকারে এল চ্যাপো নিজেকে বিশ্বের সবচেয়ে বড় মাদক পাচারকারী হিসেবে দাবি করেন। তিনি বলেন, ‘আমি বিশ্বের যে কারও চেয়ে হেরোইন, কোকেন ও গাঁজা সরবরাহ বেশি করি। আমার ডুবোজাহাজ, বিমান, ট্রাক ও নৌকার বহর রয়েছে।’
যদিও এর আগে ১৯৯৩ সালে গ্রেপ্তারের পর সাংবাদিকদের কাছে তাঁর মাদকের কারবারের কথা অস্বীকার করে নিজেকে কৃষক বলে দাবি করেছিলেন এল চ্যাপো।
এল চ্যাপোকে গত শুক্রবার তাঁর নিজ প্রদেশ সিনালোয়ার লস মচিস শহর থেকে গ্রেপ্তার করেন মেরিন সেনারা। অভিযানে পাঁচ সন্দেহভাজন মাদক চোরাকারবারি নিহত ও এক মেরিন সেনা আহত হন।
মেক্সিকোর অ্যাটর্নি জেনারেল আরেলি গোমেজ বলেন, এল চ্যাপোকে ধরা সম্ভব হয়েছে যেসব কারণে, সেগুলোর একটি, তিনি নিজের জীবন নিয়ে চলচ্চিত্র নির্মাণে অভিনেতা ও প্রযোজকদের সঙ্গে যোগাযোগ করেছিলেন।
কুখ্যাত এই মাদকসম্রাট একবার জেল পালাতে গিয়েই যা ঘটিয়েছেন, তা একটা সিনেমা হওয়ার মতো। এল চ্যাপো প্রথম দফায় ১৯৯৩ সালে গুয়াতেমালায় গ্রেপ্তার হন। মেক্সিকোয় এনে তাঁকে আটকে রাখা হয় পন্তে গ্রান্দে কারাগারে। কর্মকর্তাদের ঘুষ দিয়ে তিনি কাপড়ের ঝুড়ির ভেতরে করে ২০০১ সালে জেল পালান। দ্বিতীয় দফায় ২০১৪ সালে গ্রেপ্তার হন। এরপর জায়গা হয় সর্বোচ্চ নিরাপত্তাবেষ্টিত কারাগার আল্টিপ্লানোতে। তাতেও তাঁকে আটকে রাখা যায়নি। গত জুলাইয়ে সুড়ঙ্গ খুঁড়ে কারাগারের গোসলখানা হয়ে পালান তিনি। তবে আবারও গ্রেপ্তার হয়েছেন। এবারও তাঁকে ওই কারাগারেই নেওয়া হয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিকে পেনিয়া নিয়েতো এল চ্যাপোকে গ্রেপ্তারের ঘটনাকে ‘আইনের শাসনের বিজয়’ হিসেবে আখ্যা দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্র এক বিবৃতিতে বলেছে, এল চ্যাপো বিভিন্ন মহাদেশে ‘উল্লেখযোগ্য সহিংসতা ও দুর্ভোগ’ সৃষ্টি করেছেন।
যে যা-ই বলুক, আনুমানিক ১০০ কোটি মার্কিন ডলারের মালিক এল চ্যাপো অনেকের কাছেই ‘রবিন হুড’। তাঁর দারিদ্র্যপীড়িত সিনালোয়া প্রদেশের অনেকের মতে, সরকারের চেয়ে এল চ্যাপোই তাঁদের বেশি ‘নিরাপত্তা দিতে সক্ষম’।
২০১৪ সালে যুক্তরাষ্ট্রের করা আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে সেদেশের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে মেক্সিকো।