আমেনা আফতাবের 'নির্বাচিত গল্প'

যে বই পাঠে তৃপ্তি ও আনন্দ দেয়, তা অন্যকে জানাতে ইচ্ছা করে। সে বই আমরা অন্যকে পড়তে দিই, পড়তে বলি। নিজের ভালো লাগা এমনকি মন্দ লাগা কোনো বইয়ের বিবরণ আমরা উৎসাহের সঙ্গে অন্যকে জানাই। নিজের অনুভূতির যথার্থতা যাচাই করতে অন্যকে আহ্বান জানাতে উৎসাহিত হই। সুলেখিকা আমেনা আফতাবের ‘নির্বাচিত গল্প’ শিরোনামের বইটি আমার কাছে মনে হয়েছে তেমনি এক অনবদ্য সৃষ্টি। সমাজের কিছু নিয়ম-অনিয়ম নিয়ে লেখা অসামান্য কিছু নির্বাচিত গল্প নিয়ে সাজানো বইটির অনেক বিষয় সবার কাছে বলার তাগিদ অনুভব করছি। একদম কাছের মানুষদের প্রতি প্রচণ্ড ভালোবাসা ও অনুভূতি আমেনা আফতাবের নির্বাচিত গল্পের বইতে ধারণ করা হয়েছে প্রবলভাবে। বাংলার ভূমিজাত মানুষের নানা চরিত্র তাঁর গল্পে ফুটে উঠেছে পরিষ্কারভাবে। সব পরিবেশের ভেজা মাটি, ভেজা বায়ু, ভেজা আকাশ ও আর্দ্র মানুষ তার মননে কখনো ঘুমায়নি। বরং প্রজ্ঞা নিয়ে তিনি এঁকেছেন অতীত ও ভবিষ্যতের কাল। শুধু শিল্প নয়, সমাজের প্রতিও প্রবল দায়িত্ব নিয়ে রচনা করেছেন এই গল্পগুলো।
সমাজ চিত্রায়ণে লেখিকা যেমন মুনশিয়ানা দেখিয়েছেন, তেমনি বইতে কয়েকটি চরিত্র অঙ্কনে ছিল অভিজ্ঞতা ও মেধার স্পষ্ট ছাপ। শুধু কি তাই? বর্তমান অস্থির সমাজ জীবনের যেসব চরিত্র আরও বেশি বেশি পাওয়ার প্রতিযোগিতায় দৌড়াতে গিয়ে নিজেকে নিঃশেষ করে চলেছে, তাদের সুখ-দুঃখের গল্প লেখিকা তুলে এনেছেন অনবদ্যভাবে। মোট ৩৩ টি গল্পের সব কটি সুখপাঠ্য, যার সাহিত্য মান নিয়ে কথা বলতে যাওয়াটা বাতুলতামাত্র। বইটির সুপাঠ্য সব গল্পের মধ্য থেকে আমি বিশেষভাবে দুটি গল্পের কথা উল্লেখ করতে চাই। এর একটি ‘জ্যোতির্ময় সময়’ এবং অন্যটি ‘ক্ষয়িত মাংসপিণ্ড’। এ ছাড়া ‘স্বজনের বয়ান’ ও ‘বেলুনের প্রস্থান’ গল্প দুটিও আখ্যান ও নির্মাণের দিক থেকে বিশেষভাবে উল্লেখযোগ্য।
নির্বাচিত গল্পগ্রন্থের বেশ কয়েকটা গল্পে লেখিকা আজ থেকে ত্রিশ বছর আগের একটি মফস্বল শহরের নাগরিক চিত্র অত্যন্ত সফলতার সঙ্গে তুলে এনেছেন। পাশাপাশি আধুনিক শহরের চাকচিক্য ও তথাকথিত সুখ উপচে পড়া শহুরে জীবনের অন্তর্নিহিত ব্যথা-বেদনার নির্মম উপাখ্যানকে পাঠকের সামনে নিয়ে আসতে কোনো কার্পণ্য করেননি। এটাই সম্ভবত লেখিকার ভাবনার শক্তিশালী দিক। শিশু সাহিত্য থেকে শুরু করে সাহিত্যের বিচিত্র সব ধারায় বিচরণ করা সাহিত্যিক আমেনা আফতাবের ‘নির্বাচিত গল্প’ যেন তাঁর জীবন অভিজ্ঞতারই সারাৎসার। প্রতিটি গল্পের ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে লেখিকার জীবনের অধ্যায়গুলো। অভিজ্ঞ চোখে তিনি তুলে এনেছেন মানুষের হাসি-আনন্দ ও মিলন-বিরহের আখ্যানকে।
সিলেটের সন্তান আমেনা আফতাবের লেখালিখির শুরু বড় বোন ও সুলেখিকা রওশন আফতাবের সাহচর্যে। ষাটের দশকের প্রধান পত্রপত্রিকা ছাড়াও বিভিন্ন সাপ্তাহিকে তাঁর লেখালিখির শুরু ১৯৬৬ সাল থেকে। এ ছাড়া সিলেট ও রাজশাহী বেতারকেন্দ্র থেকে প্রচারিত হয়েছে তাঁর লেখা বহু জীবন্তিকা, গল্প ও কথিকা। সাহিত্য চর্চার জন্য পেয়েছেন ২০টিরও বেশি সম্মাননা ও সাহিত্য পদক।
এ বছরের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত বইটির সুদৃশ্য প্রচ্ছদের ধারণা এসেছে মইন মাহমুদের কাছ থেকে আর নকশা করেছেন দিগন্ত সৌরভ। উষার দুয়ার প্রকাশনার স্বত্বাধিকারী কাব্য সুলতানার তত্ত্বাবধানে বইটির মুদ্রণ কাজটি করেছে এসএস প্রিন্টার্স, মতিঝিল, ঢাকা।