আমেরিকা উ. কোরিয়ার শত্রু নয়: টিলারসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, ‘উত্তর কোরিয়ার ক্ষমতা কাঠামোয় কোনো ধরনের বদল চায় না আমেরিকা। আমরা তোমাদের শত্রু নই।’ উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে চলমান উত্তেজনার মধ্যেই গত ২ আগস্ট রেক্স টিলারসন এ কথা বলেন বলে জানিয়েছে বিবিসি।
গত ২৮ জুলাই এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) পরীক্ষা চালায় উত্তর কোরিয়া। এর পাল্টা জবাবে কোরীয় উপসাগরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া চালায় আমেরিকা। পাল্টাপাল্টি এ অবস্থান ও বিভিন্ন উত্তপ্ত বাক্য বিনিময়ের মধ্য দিয়ে আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে উত্তেজনা চরমে ওঠে। এ অবস্থায় ট্রাম্পের পক্ষ থেকে যুদ্ধংদেহী বক্তব্য এলেও ২ আগস্ট অনেকটা নমনীয় ঢংয়ে কথা বললেন রেক্স টিলারসন।
টিলারসন তাঁর বিবৃতিতে বলেন, ‘আমরা বিদ্যমান প্রশাসনের পরিবর্তন চাই না। আমরা চাই না এ প্রশাসনকে ধ্বংস করতে। কোরীয় উপসাগরীয় অঞ্চলের পুনঃ একত্রীকরণও আমাদের লক্ষ্য নয়। এমনকি উত্তরের উদ্দেশে আমাদের সেনাবাহিনী পাঠানোর জন্য কোনো অজুহাতও আমরা খুঁজছি না। আমরা জানাতে চাই যে, আমরা তোমাদের শত্রু নই। তোমাদের জন্য কোনো হুমকিও নই আমরা। কিন্তু তোমারা আমাদের বারবার অগ্রহণযোগ্যভাবে হুমকি দিচ্ছ, যার প্রতিক্রিয়া আমাদের জানাতে হচ্ছে।’ টিলারসন এ সময় উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার আগ্রহও প্রকাশ করেন।
তবে উত্তর কোরিয়ার সাম্প্রতিক আইসিবিএম পরীক্ষার ফলে সৃষ্ট উত্তেজনায় আমেরিকা কার্যত এতটা শান্তিপ্রিয় অবস্থানে নেই বলে মনে করেন বিবিসির বিশ্লেষক বারবারা প্লেট উশার। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত এ বিবিসি প্রতিনিধি জানান, রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহামের সঙ্গে আলোচনায় ট্রাম্প অনেকটা যুদ্ধংদেহী মনোভাব প্রকাশ করেছেন। উত্তর কোরিয়ার সম্ভাব্য হামলার জবাব দিতে তিনি প্রস্তুতি গ্রহণের নির্দেশও দিয়েছেন। এদিকে পেন্টাগন তাদের সামরিক সক্ষমতাকে আরও জোরদার করেছে। একই সঙ্গে যেকোনো ধরনের সাংঘর্ষিক পরিস্থিতি সম্পর্কেও সতর্ক করছে সংস্থাটি। এরই পরিপ্রেক্ষিতেই টিলারসন সম্ভবত শান্তির আহ্বান জানাচ্ছেন। কিন্তু উত্তর কোরিয়া তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি ত্যাগ করবে এমন কোনো প্রত্যাশা সম্ভবত কেউ করছে না। কারণ দেশটি এরই মধ্যে এ ধরনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। আর ভবিষ্যতে এ ধরনের কিছুতে সম্মতি জানাবে এমন লক্ষণও দেখা যাচ্ছে না।
বারবারা বলেন, টিলারসনের কৌশলের সারমর্ম হচ্ছে, শান্তির পক্ষে মৌখিক প্রচারণা অব্যাহত রেখে অর্থনৈতিক চাপ বাড়িয়ে উত্তর কোরিয়াকে মত পরিবর্তনে বাধ্য করা। টিলারসন এ ক্ষেত্রে কূটনৈতিক পন্থায় জানিয়ে দিয়েছেন যে, বর্তমান পরিস্থিতির জন্য উত্তর কোরিয়াই দায়ী। পাশাপাশি চীনের প্রসঙ্গ টানতেও তিনি ভুল করেননি। তিনি বলেছেন, চীনের সঙ্গে উত্তর কোরিয়ার সম্পর্কের বিষয়টি কারওই অজানা নেই। ফলে অস্ত্র কর্মসূচি থেকে ফিরিয়ে আনতে চীন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যা অন্য কোনো দেশের পক্ষে সম্ভব নয়।
এদিকে উত্তর কোরিয়ার সাম্প্রতিক দুটি পরীক্ষার জবাবে চীনের সমালোচনা অব্যাহত রেখেছেন ট্রাম্প। উত্তর কোরিয়ার এ মিত্রের প্রতি তার অভিযোগ হচ্ছে, অস্ত্র কর্মসূচি থেকে কিম দং উন সরকারকে নিবৃত্ত করতে চীন কোনো কার্যকর ভূমিকা পালন করছে না। সম্প্রতি সিনেটর লিন্ডসে গ্রাহামের সঙ্গে চীনের ভূমিকা নিয়ে ট্রাম্প তার হতাশা পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে উত্তর কোরিয়ার সঙ্গে সম্ভাব্য যুদ্ধ নিয়েও কথা বলেন তিনি। বিবিসিকে গ্রাহাম জানান, ট্রাম্প বলেছেন, ‘যদি যুদ্ধ হয়, তবে তা ওখানেই (কোরীয় উপসাগর) হবে। যদি হাজারো মানুষ মারা যায়, তবে তাও ওখানেই হবে। এখানে নয়।’