আমেরিকা, তুমি ক্ষমা চাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও তাঁর প্রধান পরামর্শক হেনরি কিসিঞ্জার: একাত্তরে পাকিস্তানি শাসকদের সব অন্যায় দেখেও কিছু বলেননি
প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ও তাঁর প্রধান পরামর্শক হেনরি কিসিঞ্জার: একাত্তরে পাকিস্তানি শাসকদের সব অন্যায় দেখেও কিছু বলেননি

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সুবর্ণজয়ন্তী কাছেই। এই উদ্‌যাপনকে সামনে রেখে আজ সময় এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে আনুষ্ঠানিকভাবে এটা বলা যে তাদের উচিত হবে বঙ্গোপসাগরে মার্কিন যুদ্ধজাহাজ পাঠানোসহ একাত্তরের কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করা। বাংলাদেশ কখনো এটা আনুষ্ঠানিক কিংবা অনানুষ্ঠানিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরার কথা চিন্তা করেছে বলে জানা যায় না। এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র ও তার স্নায়ুযুদ্ধ যুগের মিত্রদের কাছে একাত্তরের মানবতাবিরোধী অপরাধ আজও ‘অভ্যন্তরীণ বিষয়’ বা ইন্টারনাল অ্যাফেয়ার্স হিসেবে চিহ্নিত হয়ে আছে। 

গত ৪৮ বছরে বহু প্রকাশনা বেরিয়েছে, যাতে কুশীলবদের বিবরণেই অন্তত এটা পরিষ্কারভাবে ফুটে উঠেছে যে একাত্তরে যা ঘটেছে তা কোনো মানদণ্ডেই পাকিস্তান রাষ্ট্রের ‘অভ্যন্তরীণ বিষয়’ হতে পারে না। সম্প্রতি মার্কিন কংগ্রেসে মিয়ানমারের রোহিঙ্গাদের ওপর পরিচালিত রাষ্ট্রীয় বর্বরতাকে ‘গণহত্যা’ আখ্যা দিয়ে একটি রেজল্যুশন পাস করেছে। এটা একসময় কল্পনা করা সহজ ছিল না। কোনো মার্কিন রাষ্ট্রপতি আজ পর্যন্ত গণহত্যার দায়ে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে দ্ব্যর্থহীন ভাষায় সামঞ্জস্যপূর্ণ কোনো একটি অবস্থান নিয়েছে, তার কোনো উদাহরণ নেই। তবে বিলম্ব হলেও গণহত্যার প্রতি যুক্তরাষ্ট্র তার দৃষ্টিভঙ্গি কিছুটা বদলাচ্ছে। ২০১৬ সালের মে মাসে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা জাপানের হিরোশিমা সফর করেন। কোনো ক্ষমতাসীন রাষ্ট্রপতির সেটাই ছিল প্রথম হিরোশিমা সফর। প্রথম পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল এই শহরেই। ওই সফরকালে স্বাগতিক জাপান বা যুক্তরাষ্ট্র প্রশাসনের কেউ আশা করেননি যে ক্ষমা প্রসঙ্গ উঠবে। এবং তা ওঠেনি। তবে সাম্প্রতিক দশকগুলোতে যুক্তরাষ্ট্র অন্তত পাঁচটি ক্ষেত্রে ক্ষমা চেয়েছে।
এক. দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির ফ্রান্স দখলের সময় ক্লস বারবি ছিলেন একজন কুখ্যাত গেস্টাপো অফিসার। ফরাসি ইহুদি ও ফরাসি প্রতিরোধ আন্দোলনের সদস্যদের হত্যাযজ্ঞের তদারককারী ছিলেন। ১৯৮৩ সালে ফ্রান্স সরকার অভিযোগ আনে যে যুক্তরাষ্ট্র বারবিকে সুরক্ষা দিয়েছে। মার্কিন জাস্টিস ডিপার্টমেন্ট তদন্তে দেখতে পায় যে যুদ্ধ–পরবর্তী অধিকৃত জার্মানিতে থাকা মার্কিন সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বারবিকে রক্ষা করেছিলেন। যুদ্ধের শেষ দিনগুলোতে বারবিকে তারা একজন ভাতাভোগী চর হিসেবে ব্যবহার করেছে এবং এই তথ্য জনগণের কাছে আড়াল রাখতে বারবিকে তারা বলিভিয়ায় পালিয়ে যেতে সাহায্য করে। দক্ষিণ আমেরিকায় তাকে সরিয়ে দেওয়ার পরেই কেবল মার্কিন সৈন্যরা নাৎসিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। ১৯৮৩ সালে যুদ্ধাপরাধের দায়ে বিচারের মুখোমুখি হতে বারবিকে ফ্রান্সের কাছে তুলে দেওয়া হয়। তাকে লুকিয়ে থাকতে সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করে।
দুই. পার্ল হারবারে বোমা ফেলার ১০ সপ্তাহ পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট রুজভেল্ট জাপানি নাগরিকদের গ্রেপ্তার শুরুর সিদ্ধান্ত দেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে ১ লাখ ২০ হাজার জাপানি বংশোদ্ভূত মার্কিন নাগিরককে তাদের বাড়িঘর ত্যাগে বাধ্য করা হয়। তাদের আশ্রয় শিবিরে রাখা হয় এই ভয়ে যে তাদের আনুগত্য প্রথমেই থাকবে জাপানের প্রতি। এই ঘটনার পর ১৯৮৮ সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগ্যান ভুক্তভোগীদের কাছে আনুষ্ঠানিক ক্ষমা চান এবং তাঁদের ২০ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্ত দেন।
তিন. ১৮৯৩ সালের জানুয়ারিতে মার্কিন বংশোদ্ভূত একদল চিনি ব্যবসায়ী ওহিওর রানি লিলিওকালানির বিরুদ্ধে একটি অভ্যুত্থানে নেতৃত্ব দেন। মার্কিন মেরিন সেনা–সমর্থিত এই ঘটনায় রানিকে অপহরণ করে তাঁর কিংডম বিলোপ করে সাধারণ রাষ্ট্রে রূপান্তরিত করা হয়। এর চূড়ান্ত লক্ষ্য সাধারণতন্ত্র কায়েম ছিল না, ছিল যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বীপটিকে একীভূত করা। ১৮৯৮ সালে তা–ই ঘটে এবং ১৯৫৯ সাল পর্যন্ত দ্বীপটি মার্কিনদের দ্বারাই শাসিত হয়। ১০০ বছর পরে ১৯৯৩ সালের ২৩ নভেম্বর মার্কিন কংগ্রেসের যৌথ সিদ্ধান্তে মার্কিন ভূমিকার ভুল স্বীকার এবং ওহিওর জনগণের কাছে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা করে।
চার. দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে মার্কিন স্বাস্থ্য বিভাগের একদল বিজ্ঞানী বিংশ শতাব্দীর সব থেকে অনৈতিক গবেষণা চালিয়েছিলেন। এটি ‘তাসকিগি এক্সপেরিমেন্ট’ হিসেবে পরিচিত। ১৯৩২ সালে অ্যালাবামার তাসকিগি ইনস্টিটিউটের বিজ্ঞানীরা সিফিলিসের দীর্ঘমেয়াদি প্রতিক্রিয়া দেখতে শত শত কৃষ্ণাঙ্গের ওপর পরীক্ষা চালিয়েছিলেন। ওই লোকজনের কখনো জানতে দেওয়া হয়নি যে তারা পরীক্ষাধীন। চিকিৎসকেরা তাদের যে চিকিৎসা দেওয়ার কথা বলেছেন, তা কখনো দেওয়া হয়নি। তবে পরীক্ষাধীন থাকার বিনিময়ে সিফিলিস আক্রান্ত ৩৯৯ কৃষ্ণাঙ্গকে বিনা মূল্যে খাবার, মেডিকেল টেস্ট ও মৃত্যুর পরে অন্ত্যেষ্টিক্রিয়া নিশ্চিত করা হয়। ছয় মাসের জন্য নির্দিষ্ট থাকলেও এই পরীক্ষা রোগটির প্রতিষেধক পেনিসিলিন আবিষ্কারের বহু পরে অর্থাৎ ৪০ বছর ধরে চলে। ১৯৭২ সালে মার্কিন সংবাদ সংস্থা এপির অনুসন্ধানে এটা প্রকাশ পেলে অবশিষ্ট যাঁরা বেঁচে ছিলেন, তাঁদের সঙ্গে ১০ মিলিয়ন ডলারে রফা হয়। প্রেসিডেন্ট বিল ক্লিনটন ১৯৯৭ সালে ওই অনৈতিক কাজের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থনা করেন।

একাত্তরে নিরীহ বাঙালিদের ওপর পাকিস্তানি বাহিনীর এই বর্বরতা নিবর সম্মতি দিয়েছিল তৎকালীন মার্কিন শাসকেরা
একাত্তরে নিরীহ বাঙালিদের ওপর পাকিস্তানি বাহিনীর এই বর্বরতা নিবর সম্মতি দিয়েছিল তৎকালীন মার্কিন শাসকেরা

পাঁচ. মার্কিন সংবিধানের মৌল চেতনা নস্যাৎ হয়, এমন কিছু বিষয় মার্কিনদের জীবন ও সংস্কৃতিতে মিশে আছে। এটা তারা দৈনন্দিন রাজনৈতিক বিতর্ক সভায় আলোচনা করেন না, কিন্তু ঘটনাগুলো অপ্রিয় সত্য। দাসপ্রথার বিলোপ তেমনই একটি বিষয়। দাসপ্রথার প্রাতিষ্ঠানিকীকরণের ২৪৬তম বছর তারা উদ্‌যাপন করেছে। ড্রেড স্কটের মামলায় মার্কিন সুপ্রিম কোর্ট বলেছিলেন, মানুষ হলো পণ্য। সেই রায়ের ফলটা তাঁরা উল্টেছেন সত্য, কিন্তু নির্দিষ্টভাবে তাঁরা ওই মন্তব্যের জন্য সরাসরি আক্ষেপ করেননি আজও। জিম ক্রোর আইন হিসেবে পরিচিত আইনটি আফ্রিকান–আমেরিকানদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছিল। এই আইনটি এবং দাসপ্রথার জন্য মার্কিন সরকার যাতে আফ্রিকান বংশোদ্ভূতদের কাছে ক্ষমা প্রার্থনা করেন, সে জন্য মার্কিন আইন প্রণেতারা টানা কয়েক দশক লড়াই করেছেন। যুক্তরাষ্ট্র জাপানি নাগরিকদের অন্তরীণ রাখার জন্য ক্ষমা চাওয়ার পরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে চীনা নারীদের কমফোর্ট উইমেন হিসেবে ব্যবহারে বাধ্য করার ঘটনায় জাপানকে ক্ষমা চাইতে চাপ দিয়েছে কিন্তু তারা নিজেরা দাসপ্রথার জন্য ক্ষমা চাওয়া থেকে বিরত ছিল। ২০০৮ সালে মার্কিন প্রতিনিধি পরিষদ দাসপ্রথা ও জিম ক্রো আইনের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে প্রস্তাব পাস করে। স্মিথসোনিয়ানডটকমে ডেনি লিউসের মতে, এটা ছিল নজিরবিহীন।
একাত্তরে মার্কিন ভূমিকা কী ছিল, সে বিষয়ে নির্দিষ্টভাবে মাঝেমধ্যে নতুন তথ্য মিলছে। তাদের দেওয়া অস্ত্রে আমাদের বীর শহীদেরা রক্তাক্ত হয়েছেন। চীনারা প্রকাশ্যে অস্ত্র দিক, তারা পাকিস্তানের পক্ষ নিয়ে বাঙালি নিধনে মেতে উঠুক, সে জন্য নিক্সন–কিসিঞ্জারের ‘উৎসাহ’ দান কিছুমাত্র কম ছিল না। অবশ্য একাত্তরে দেওয়া মার্কিন অস্ত্রের চালান কতটা কী এসেছে এবং তা কীভাবে ব্যবহৃত হয়েছে, তা গবেষণার বিষয়। তবে রাজনৈতিক ও কূটনৈতিকভাবে কিসিঞ্জারের সর্বাত্মক বিরুদ্ধাচরণ কোনো লুকোছাপার বিষয় নয়। একাত্তরের রণাঙ্গনে পাকিস্তানি সামরিক বাহিনীর প্রতিটি কর্মকাণ্ডে মার্কিন নিঃশর্ত সমর্থন নিয়ে গবেষকদের মধ্যে কোনো বিতর্ক নেই। জেনোসাইড হয়েছে কি না, তা নিয়ে সূক্ষ্ম তর্ক যাঁরা এত দিন করছিলেন, তাঁদের কাছে উপযুক্ত উত্তর পৌঁছে দিচ্ছে পাকিস্তানি জেনারেলরাই।
পাকিস্তানি জেনারেল খাদিম হোসেন রাজার একটি মরণোত্তর প্রকাশনা অ্যা স্ট্রেনজার ইন মাই অউন কান্ট্রি: ইস্ট পাকিস্তান, ১৯৬৯–৭১ (অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেস, ২০১২)। ২০১২ সালে প্রকাশিত বইটি গণহত্যার অন্যতম কুশীলব জেনারেল নিয়াজির গণহত্যা–দর্শনের একটি দুঃসহ সাক্ষ্য বহন করছে।
জেনারেল রাজার কথায়, চেঙ্গিস খান যা উচ্চারণে কুণ্ঠিত হতেন, সেটা উচ্চারণে নিয়াজি ছিলেন মুক্তকণ্ঠ। রাজা লিখেছেন, ‘নিয়াজি বাঙ্গালি রেস এর লিনেজ/এথনিসিটি পাল্টানো পর্যন্ত তাঁর সৈন্যদের বাঙ্গালি মেয়েদের ওপর লেলিয়ে দিতে চেয়েছেন।’ পাকিস্তানের দ্য এক্সপ্রেস ট্রিবিউন পত্রিকা নিয়াজির এই মনোভাবকে ‘এথনিক ইঞ্জিনিয়ারিং’ হিসেবে চিহ্নিত করেছে। রাজার বন্ধু মেজর জেনারেল রহিম খানও নিয়াজির অনুসারী। রহিমের মতে, ‘বাঙ্গালিরা “টিমিড পিপল” (ভীতু জাতি), তাদের আরও আগে পদানত করা উচিত ছিল।’ শুধু রাজা বা রহিম কেন, ফরমান আলী এবং খোদ নিয়াজিও সাক্ষ্য নিয়ে ইতিহাসের কাঠগড়ায় হাজির। রাও ফরমান আলীর ডায়েরিতে লেখা, পূর্ব পাকিস্তানের সবুজ প্রান্তর লাল করে দাও। নিয়াজি লিখেছেন, বাঙালির রক্তে সেটা লাল হয়েছিল। একাত্তরের বর্বরতাকে নিয়াজিই বলেছেন, ‘চেঙ্গিস খান ও হালাকু খান যে হত্যা ও ধ্বংসলীলা বুখারা ও বাগদাদে চালিয়েছিলেন কিংবা ব্রিটিশ জেনারেল ডায়ার জালিয়ানওয়ালাবাগে যা করেছিলেন, সেসবকেও হার মানিয়েছে। ’ 

আমরা স্মরণ করতে পারি, ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে মার্কিন জনগণের এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরের উল্লেখযোগ্য অংশের অভিপ্রায়ের বিপরীতে তৎকালীন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার জেনারেল নিয়াজিদের ওই এথনিক ইঞ্জিনিয়ারিংয়ের কলাবরেটর হয়েছিলেন। একাত্তরের গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধে নিক্সন কিসিঞ্জারের সম্পৃক্ততার দায়ে ক্রিস্টোফার হিচিনসই স্বনামধন্য মার্কিন সাংবাদিকদের অন্যতম, যিনি তাঁদের বিচার [দ্য ট্রায়াল অব হেনরি কিসিঞ্জার দ্রষ্টব্য] দাবি করেছেন। সাতচল্লিশের ভারত ভাগের দুই বছর বাদেই, ১৯৪৯ সালে ঢাকায় মার্কিন কনস্যুলেট খুলেছিল যুক্তরাষ্ট্র। ওই সময় থেকে ১৯৭০ সালের ঐতিহাসিক সাধারণ নির্বাচন পর্যন্ত অবমুক্ত হওয়া মূল মার্কিন নথিগুলোর আলোকচিত্র ২০১২ সালে মেরিল্যান্ডের কলেজ পার্কে গিয়ে আমরা সংগ্রহ করেছি।
এসব নথিসমূহের নিবিড় পর্যালোচনায় যেটা জলের মতো স্বচ্ছ হয়ে ওঠে সেটি হলো, মার্কিন পেশাদার কূটনীতিক, যাঁরা ওই দশকগুলোতে (১৯৪৯–১৯৭০) ঢাকা, কলকাতা, লাহোর ও ইসলামাবাদে দায়িত্ব পালন করেছেন, তাঁরা ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তাবাদের উত্থান সম্পর্কে পুরোপুরি সচেতন ছিলেন। পঞ্চাশ ও ষাটের দশকে মার্কিন রাষ্ট্রদূত এবং কনসাল জেনারেলদের পাঠানো একাধিক প্রতিবেদনে স্বাধীন বাংলা দেশের উত্থান সম্পর্কে ভবিষ্যদ্বাণী করা হয়। নিক্সন–কিসিঞ্জারের একাত্তরের ভ্রান্ত নীতির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণাকারী বিখ্যাত মার্কিন কনসাল জেনারেল অর্চার ব্লাড তাদেরই অন্যতম। সুতরাং বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণে যে একতরফা স্বাধীনতা ঘোষণা (ইউডিআই) আসতে পারে, সেটা ওয়াশিংটনের কাছে বিস্মিত হওয়ার মতো কোনো বিষয় ছিল না। ২৬ মার্চের আগেই বাংলাদেশ যদি স্বাধীন রাষ্ট্র হিসেবে নিজেদের ঘোষণা করে তাহলে যুক্তরাষ্ট্র কী করবে, সেই বিষয়ক কন্টিজেন্সি প্ল্যানে তাই আমরা যখন দেখি, পররাষ্ট্র দপ্তর বলছে, যুক্তরাষ্ট্রের উচিত হবে, মুজিবের স্বাধীনতা ঘোষণার পরপরই স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দেওয়া। আর সেটাই হবে মার্কিন জাতীয় স্বার্থের রক্ষাকবচ, তখন আমরা অবাক হই না। তবে অবাক হই, যখন একজন হেনরি কিসিঞ্জার বললেন, আমি এর বিরোধিতা করব। আমি হব ‘ডেভিল’স অ্যাডভোকেট’। একাত্তরের ফেব্রুয়ারি বা মার্চে কিসিঞ্জার একটি আন্তমন্ত্রণালয় বৈঠকে এই মনোভাব ব্যক্ত করেন। কিন্তু এরপর ইতিহাসের জল বহুদূর গড়িয়েছে। কিন্তু কিসিঞ্জারের আত্মস্বীকৃত ডেভিলস অ্যাডভোকেটশিপ মার্কিন জাতীয় স্বার্থ বা মানব সভ্যতার কি গভীর ক্ষত বয়ে এনেছে, তার আর মূল্যায়ন হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে মানবাধিকার কথাটি এতটা তীব্রতা পায়নি। সেই সময়ের কিংবা কয়েক শতাব্দী আগের ঐতিহাসিক ভুল যদি স্বীকার করে নেওয়ার দাবি আন্তরাষ্ট্রীয় সম্পর্কে বড় হয়ে উঠতে পারে, তাহলে মাত্র ৫০ বছর আগের একটি ট্র্যাজেডিকে পুরোনো বিষয় বলে পর্দার আড়ালে সরিয়ে রাখার তো কোনো যুক্তি থাকে না।
এখন প্রশ্ন উঠবে বাংলাদেশ আমেরিকার এমন কি স্বার্থ আছে, যে কারণে তারা একটি চাপ অনুভব করবে এবং ক্ষমা চাইবে। একবার প্রথম আলোতে আসা এক মার্কিন সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে হেসে বলেছি, তেল নেই। তবে আপনাদের নৈতিকতায় আস্থা রাখি।
প্রেসিডেন্ট বিল ক্লিনটনই ছিলেন ইতিহাসের একমাত্র মার্কিন প্রেসিডেন্ট, যিনি বাংলাদেশ সফরে এসে একাত্তরে মার্কিন ভূমিকার বিষয়টি শুধুই পরোক্ষভাবে উল্লেখ করেন। দিনটি ছিল ২০ মার্চ, ২০০০। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ক্লিনটন জনাকীর্ণ সংবাদ সম্মেলনে দাঁড়ালেন। আমি ক্ষমা চাওয়াবিষয়ক প্রশ্ন করার খুব চেষ্টা করেও সফল হইনি। যদিও মঞ্চের কাছেই বসার জায়গা পেয়েছিলাম। ডেমোক্র্যাট ক্লিনটন জাতির কাছে ‘মিথ্যা’ বলার জন্য রিপাবলিকান নিক্সনকে অভিযুক্ত করেছিলেন, তাঁর পদত্যাগে সন্তুষ্ট ছিলেন। কিন্তু নিক্সন–কিসিঞ্জারের একাত্তরের বাংলাদেশ কলঙ্ক নিয়ে নীরবই থাকলেন। যুদ্ধ শব্দটিই পরিহার করলেন। শুধু বলেছিলেন, বাংলাদেশ তার অস্তিত্বের জন্য এক লড়াইয়ে ‘অসাধারণ বাধার’ সম্মুখীন হয়েছিল। অবশ্য মার্কিন দায়ের প্রতি তিনি কী একটি প্রচ্ছন্ন ইঙ্গিত করেছিলেন? ক্লিনটন স্বাধীনতা কথাটিও হয়তো সযত্নে পরিহার করেছিলেন। বলেছিলেন, ‘বাংলাদেশ সেই সংগ্রামে বিশ্বের বহু দেশের কাছ থেকেই তার প্রাপ্য সমর্থন পায়নি।’
বাংলাদেশি আমেরিকানরা প্রেসার গ্রুপ হিসেবে কাজ করতে পারেন। একবার প্রথম আলোতে এসেছিলেন একাত্তরে বাল্টিমোরের উপকূলে মার্কিন অস্ত্রবোঝাই পাকিস্তানি জাহাজের বন্দরত্যাগ ঠেকানোর আন্দোলনে জড়িত থাকা একজন নারী শান্তিকর্মী। তিনি স্যালি উইলোবি। বললাম, আমেরিকার ক্ষমা চাওয়া উচিত? তিনি তাৎক্ষণিক মন্তব্য না করায় ক্ষুণ্ন হয়েছিলাম। কিন্তু কিছুদিন পরে তার একটি ই–মেইল পেয়ে খুশি হয়েছিলাম।
স্যালি আমাকে লেখেন, ‘আমি বিশ্বাস করি যুক্তরাষ্ট্রের উচিত বাংলাদেশের জনগণের কাছে ক্ষমা চাওয়া।’
সেই দিনটি আসবে, আমরা তার অপেক্ষায় থাকব।