আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের ইসি কমিটির দায়িত্ব হস্তান্তর
আমেরিকা বাংলাদেশ প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির কাছে আনুষ্ঠানিক দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। গত ২৫ সেপ্টেম্বর সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের সাপ্তাহিক প্রবাস কার্যালয়ে প্রেস ক্লাবের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের উপস্থিতিতে এই দায়িত্ব হস্তান্তর করা হয়।
২০০৮ সালে প্রতিষ্ঠিত আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের রেজ্যুলেশন বই, সংবিধান ও ব্যাংক অ্যাকাউন্টসহ প্রয়োজনীয় কাগজপত্র নতুন কমিটির হাতে তুলে দেন ক্লাবের বিদায়ী সভাপতি দর্পণ কবির ও সাধারণ সম্পাদক শাহাবউদ্দিন সাগর। নতুন কমিটির পক্ষে দায়িত্ব বুঝে নেন ক্লাবের নতুন সভাপতি সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ ও সাধারণ সম্পাদক প্রথম আলো উত্তর আমেরিকার চিফ রিপোর্টার মনজুরুল হক ও কোষাধ্যক্ষ মশিউর রহমান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শওকত ওসমান, কার্যকরী সদস্য তোফাজ্জল লিটন ও ক্লাব সদস্য স্যামুয়েল স্টিফেন পিনারু।
দায়িত্ব হস্তান্তরের সময় বিদায়ী সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাগর বলেন, ‘আমরা সৌহার্দ্যপূর্ণভাবে ক্লাবের দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। তারই ধারাবাহিকতায় নতুন কমিটির কাছে আজ দায়িত্ব হস্তান্তর করা হলো। ভবিষ্যতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ক্লাবকে এগিয়ে নেওয়ার সব প্রচেষ্টা অব্যাহত রাখব।’
বিদায়ী সভাপতি দর্পণ কবীর বলেন, ‘এই ক্লাবকে এত দূর নিয়ে আসার ক্ষেত্রে অনেকের ভূমিকা অনস্বীকার্য। বিশেষ করে ক্লাবের সাবেক সভাপতি নাজমুল আহসানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দের অবদান স্মরণ করতে হয়। অতীতের মতো সামনেও ক্লাবের কল্যাণে সবাইকে কাজ করতে হবে।’
সভাপতি মোহাম্মদ সাঈদ ক্লাবের প্রতিষ্ঠাকাল থেকে সভাপতি, সম্পাদকসহ যারা এই ক্লাবের সঙ্গে জড়িত ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে পরবর্তী কার্যক্রমকে এগিয়ে নেওয়ার জন্য সবার সহযোগিতা কামনা করেন।