আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সভা ১২ ডিসেম্বর
আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাবের (এবিপিসি) বার্ষিক সাধারণ সভা আগামী ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
৪ অক্টোবর নিউইয়র্ক সিটিতে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ করোনায় সংক্রমিত সবার দ্রুত আরোগ্য কামনা এবং মৃত্যু হওয়া সবার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
সভায় পরবর্তী দুই বছরের জন্য নয়া কার্যকরী কমিটির নির্বাচন উপলক্ষে বিদ্যমান তিন সদস্যের নির্বাচন কমিশনকে পুনর্বহাল করা হয়। কমিশনের প্রধান হচ্ছেন চ্যানেল আইয়ের যুক্তরাষ্ট্র প্রতিনিধি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ। অন্য সদস্যরা হলেন—নোঙর টিভির সিইও জাহেদ শরিফ ও বাংলা টিভির ভাইস প্রেসিডেন্ট কবি মিশুক সেলিম।
এবিপিসির কার্যকরী পরিষদের এই সভায় সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি বাংলাদেশ প্রতিদিন উত্তর আমেরিকা সংস্করণের নির্বাহী সম্পাদক মুক্তিযোদ্ধা লাবলু আনসার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও দৈনিক ইত্তেফাকের নিউইয়র্ক প্রতিনিধি শহীদুল ইসলাম। সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী নতুন সদস্যপদ বাছাই কমিটিতে সদস্য পপি চৌধুরীর পরিবর্তে প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মীর ওয়াজেদ শিবলীকে অন্তর্ভুক্ত করা হয়।
করোনায় বিপর্যস্ত কমিউনিটিকে জাগানোর বিভিন্ন ইস্যুসহ আসন্ন জাতীয় নির্বাচনে প্রবাসীদের সোচ্চার হওয়ার বিষয়ে সভায় মতামত উপস্থাপন করেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি বাংলা টিভির মহাপরিচালক মীর ই শিবলী, সহসভাপতি ভয়েস অব আমেরিকার সাংবাদিক আকবর হায়দার কিরণ, যুগ্ম সম্পাদক এবি টিভির সিইও রিজু মোহাম্মদ, অর্থ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার আবুল কাশেম, প্রচার সম্পাদক চ্যানেল আই অনলাইনের নিউইয়র্ক প্রতিনিধি শাহ ফারুক, নির্বাহী সদস্য খবর ডটকমের সম্পাদক শিব্বীর আহমেদ ও যমুনা টিভির নিউইয়র্ক প্রতিনিধি আজিম উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য আলোকচিত্রী নিহার সিদ্দিকী। সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করেন ক্লাবের সদস্য বাছাই কমিটির অন্যতম সদস্য ইসলামি টিভির মহাপরিচালক মোহাম্মদ শহিদুল্লাহ।