আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব-এর পরিচিতি সমাবেশ

বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশের সার্বিক উন্নয়নে প্রবাসীদের সহযাত্রী হওয়ার প্রত্যয় উচ্চারণের মধ্য দিয়ে ‘আমেরিকা-বাংলাদেশ প্রেসক্লাব’র পরিচিতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৭ মে রোববার রাতে কুইন্সের একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত এ সমাবেশে শুভেচ্ছা বক্তব্য দেন মার্কিন কংগ্রেসে দক্ষিণ এশিয়া বিষয়ক কমিটির প্রভাবশালী সদস্য ও ডেমোক্রেটিক পার্টির জাতীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট গ্রেস মেং।
গ্রেস মেং বলেন, ‘বাংলাদেশের পোশাক শ্রমিকদের কল্যাণে কংগ্রেসের মাধ্যমে ৩ মিলিয়ন ডলার বরাদ্দ করা হয়েছে।’ তিনি বলেন, ‘বাংলাদেশি-আমেরিকানদের এগিয়ে চলার ক্ষেত্রে মূলধারার সঙ্গে সেতুবন্ধ রচনায় প্রেসক্লাবের ভূমিকা ইতিমধ্যেই সকলের দৃষ্টি করেছে।’ এ সময় তিনি ঢাকার জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। বাংলাদেশে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে জাতীয় প্রেসক্লাবে নারী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার ঘটনার উচ্ছ্বসিত প্রশংসা করে ফরিদা ইয়াসমিন আরেকটি ‘প্রক্লেমেশন’ প্রদান করেন নিউইয়র্ক সিটি পাবলিক অ্যাডভোকেট লেটিসা জেমস।

অনুষ্ঠানে ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাঈদ-উর রবকেও আজীবন সম্মাননা দেওয়া হয়। কমিউনিটি সার্ভিস এবং বাংলাদেশের সার্বিক কল্যাণে বিশেষ অবদানের জন্যে ৫ জনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। প্রেসক্লাবের এসব ক্রেস্ট হস্তান্তর করেন কংগ্রেসওম্যান গ্রেস মেং এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। সম্মাননাপ্রাপ্তরা হলেন এনআরবি গ্লোবাল ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নিজাম চৌধুরী, কমিউনিটি লিডার ও ব্যবসায়ী ড. সিদ্দিকুর রহমান, আরএলবি গ্রুপ অব করপোরেশনের সিইও এবং মূলধারার রাজনীতিক আখতার হোসেন বাদল, বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টির চেয়ারম্যান এম আজিজ, পিপল এন টেকের সিইও ইঞ্জিনিয়ার আবু হানিফ এবং আর্ত-মানবতার সেবায় নিয়োজিত ‘আবদুল কাদের মিয়া ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান কাদের মিয়া।
কংগ্রেসওম্যাস গ্রেস মেং তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে প্রেসিডেন্ট ট্রাম্পের ইমিগ্রেশন বিরোধী এবং মিডিয়া বিরোধী বিভিন্ন মন্তব্যের সমালোচনা করে এই প্রেসক্লাবের সকলকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা অব্যাহত রাখার আহ্বান জানান। অভিবাসীদের রক্ত-ঘামে গড়ে ওঠা আমেরিকায় ইমিগ্রান্ট-বিরোধী সকল কর্মকাণ্ড ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। প্রবাসী বাংলাদেশিদের আরও জোরালোভাবে মূলধারায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
প্রেসক্লাবের নয়া কমিটিকে অভিনন্দন জানিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ প্রদত্ত একটি শুভেচ্ছা বাণীও পাঠ করা হয় সমাবেশে। সমাবেশে আরও বক্তব্য রাখেন সিপিজে’র এশিয়া বিষয়ক কর্মকর্তা আলেয়া ইফতিখার, জাতিসংঘে বাংলাদেশ মিশনের ফার্স্ট সেক্রেটারি নূরএলাহি মিনা, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি সাঈদ-উর রব প্রমুখ।
পরিচিতি সমাবেশ উপলক্ষে প্রকাশিত স্মরণিকা ‘অবিচল’র মোড়ক উন্মোচন করেন বাংলাদেশ সোসাইটির বোর্ড অব ট্রাস্টিও সদস্য এবং সমাজকর্মী অধ্যাপক দেলোয়ার হোসেন। সমাবেশের বিশেষ অতিথি ভয়েজ অব আমেরিকার বাংলা বিভাগের প্রধান রোকেয়া হায়দার এবং বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টিভির সিইও নঈম নিজামকেও প্রেসক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে শুরু এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রেসক্লাবের সহ-সভাপতি মীর ই ওয়াজিদ শিবলী এবং এ সমাবেশের জন্যে গঠিত কমিটির সদস্য-সচিব মিজানুর রহমান। এরপরই নৃত্যাঞ্জলীর একদল শিল্পী বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার অবহে একটি গীতি-নৃত্যনাট্য মঞ্চস্থ করেন।
এরপর প্রেসক্লাবের সভাপতি লাবলু আনসার এবং সেক্রেটারি শহিদুল ইসলামের নেতৃত্বাধীন কার্যকরী কমিটির সকলকে মঞ্চে ডেকে পরিচয় করিয়ে দেয়া হয়। অপর কর্মকর্তারা হলেন সহ-সভাপতি মীর ই ওয়াজিদ শিবলী, যুগ্ম সম্পাদক রিজু মোহাম্মদ, কোষাধ্যক্ষ আবুল কাশেম, নির্বাহী সদস্য আশরাফুল হাসান বুলবুল, কানু দত্ত, নিহার সিদ্দিকী ও আজিমউদ্দিন অভি। শুভেচ্ছা বক্তব্যের পর সেলিম চৌধুরী, কৃষ্ণা তিথি, শাহ মাহবুব জনপ্রিয় গানে মাতিয়ে রাখেন সকল দশক-শ্রোতাকে। এ পর্বের উপস্থাপনা করেন প্রেসক্লাবের সদস্য শারমিন রেজা ইভা।