আমেরিকা ভ্রমণের ক্ষেত্রে বিভিন্ন দেশের নাগরিকদের আগের চেয়ে বেশি তথ্য দিতে হবে। এ শর্তে রাজি না হলে এমনকি সংশ্লিষ্ট দেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও আরোপ করা হতে পারে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ই-মেইলের সূত্র উল্লেখ করে বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে।
প্রতিবেদনে জানানো হয়, মার্কিন ভিসাসংক্রান্ত এ নীতি আগামী ৫০ দিনের মধ্যে মেনে না নিলে কিংবা এটি কার্যকরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে সংশ্লিষ্ট দেশগুলোর বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।
আমেরিকার সব কূটনীতিকের কাছে পাঠানো ওই বার্তা ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির একটি সারসংক্ষেপ বলা যায়। গত বছর নির্বাচনী প্রচারণার সময়ই ট্রাম্প কঠোর অভিবাসন নীতির কথা বলেছিলেন। এর প্রতিফলন দেখা যায় গত মার্চে। সে সময় ছয়টি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে একটি নির্বাহী আদেশ জারি করা হয়। অনেক চড়াই-উতরাই পেরিয়ে গত জুনে ওই নিষেধাজ্ঞা আংশিকভাবে কার্যকর হয়।
ট্রাম্প প্রশাসনের শুরু থেকেই মার্কিন ভিসা দেওয়ার ক্ষেত্রে নেওয়া হয় কঠোর যাচাই-বাছাইমূলক ব্যবস্থা। এরই অংশ হিসেবে সম্প্রতি এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কূটনীতিকদের কাছে পাঠানো এ বার্তায় পাসপোর্টের বাইরেও ভিসা আবেদনকারীদের কাছ থেকে বাড়তি তথ্য চাওয়ার কথা বলা হয়। এর মধ্যে রয়েছে বায়োমেট্রিক তথ্য। এমনকি জীবনবৃত্তান্তও চাইছে ওয়াশিংটন। পাশাপাশি বিভিন্ন দেশের কাছ থেকে সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত বা এমন কর্মকাণ্ডের জন্য সন্দেহভাজন ব্যক্তিদের তালিকাও চাইছে ওয়াশিংটন। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তির রাজনৈতিক ও ধর্মীয় বিশ্বাস সম্পর্কেও জানাতেও বলা হয়েছে বার্তাটিতে।
ওই বার্তায় বলা হয়েছে, আমেরিকায় যেকোনো দেশের নাগরিকদের ভ্রমণের ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের স্বার্থে এই প্রথমবারের মতো কিছু সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করেছে মার্কিন সরকার।
আমেরিকাকে সন্ত্রাসী হামলার হাত থেকে রক্ষার লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের নেওয়া বিভিন্ন পদক্ষেপের ধারাবাহকতায়ই কূটনীতিকদের কাছে এ বার্তা পাঠিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। এ বিষয়ে সাবেক কূটনীতিকদের বরাত দিয়ে রয়টার্স জানায়, এ বার্তার মাধ্যমে চাওয়া তথ্যের একটি বড় অংশ এমনিতেই বিভিন্ন দেশ নিজেদের
মধ্যে বিনিময় করে থাকে। বিদ্যমান পদ্ধতিতে নিরাপত্তাসংশ্লিষ্ট যেসব তথ্য বিনিময় করা হয় তা যথেষ্ট। তবে এর বাইরে অন্য তথ্য দেওয়ার ক্ষেত্রে অনেকেই আপত্তি তুলতে পারে।