আমেরিকাজুড়ে দাবদাহ, সতর্ক থাকার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৪ জুলাই ছিল আমেরিকার স্বাধীনতা দিবস। ছুটির দিন। এ উপলক্ষে নিউইয়র্কের আউলস হেড পার্কে খেলায় মেতে উঠেছে শিশুরা। ছবি: রয়টার্স
৪ জুলাই ছিল আমেরিকার স্বাধীনতা দিবস। ছুটির দিন। এ উপলক্ষে নিউইয়র্কের আউলস হেড পার্কে খেলায় মেতে উঠেছে শিশুরা। ছবি: রয়টার্স

জুলাই আসতে না আসতেই আমেরিকা বিভিন্ন অঞ্চলে শুরু হয়েছে দাবদাহ। ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবসের দিন বেশ কিছু অঞ্চলের তাপমাত্রা ১০০ ডিগ্রি ফারেনহাইট (প্রায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস) ছাড়িয়েছে। এই তাপদাহে ইলিনয়, উইসকনসিন, আইওয়া, কানসাস, আরাকানসাস, নিউইয়র্কসহ বিভিন্ন অঞ্চলের প্রায় ১১ কোটি ৩০ লাখ মানুষকে

সতর্কাবস্থায় থাকতে বলেছে আমেরিকার জাতীয় আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সময়ের সঙ্গে বিভিন্ন অঞ্চলের তাপমাত্রা আরও বাড়তে পারে। একই সঙ্গে আর্দ্রতাও থাকবে বেশি।
এ বিষয়ে অ্যাকুওয়েদারের জ্যেষ্ঠ ভূতত্ত্ববিদ ডেভ স্যামুয়েল এনবিসি নিউজকে বলেন, ফিলাডেলফিয়ায় আগামী সপ্তাহেও তাপমাত্রা ৯০ ডিগ্রি ফারেনহাইটের বেশি থাকবে। একই অবস্থা বিরাজ করবে নিউইয়র্কেও। ২০১৩ সালের পর এত লম্বা সময় ধরে নিউইয়র্কে উচ্চ তাপপ্রবাহ হয়নি। এ কারণে সংশ্লিষ্ট সব অঞ্চলের সবাইকে সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হচ্ছে।’
নিউইয়র্কে এক মাস ধরে প্রচণ্ড তাপ অনুভূত হচ্ছে। ইতিমধ্যে রেকর্ড পরিমাণ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এই নগরে। এ অবস্থায় আমাদের উচিত এই তাপদাহে সতর্ক থাকা। মাউন্ট সিনাই হেলথ সিস্টেমের শিশু বিশেষজ্ঞ এবং কমিউনিটি স্বাস্থ্য বিভাগে কর্মরত ডা. এলিজাবেথ গারলেন্ড সবাইকে চলতি দাবদাহের ক্ষতিকর দিক থেকে সাবধান থাকার পরামর্শ দিচ্ছেন।
প্রথমে দাবদাহ সম্পর্কে জেনে নেওয়া যাক। তিন বা চার দিন টানা অস্বস্তিকর গরম আবহাওয়ায় ৯০ ডিগ্রি ফারেনহাইটের সমপরিমাণ তাপ ক্রমাগত অনুভূত হলেই বুঝতে হবে দাবদাহ চলছে। এ সময়ে বাতাসে প্রচুর পরিমাণ ক্ষতিকারক নানা জিনিসের উপস্থিতি বাতাসকে দূষিত করে। বিশেষ করে নানা ধরনের জ্বালানি বর্জ্য নগরীতে চলাচলরত লক্ষাধিক কার, ট্রাকসহ অন্যান্য যানবাহন থেকে আসে। এ ছাড়া কিছু ক্ষতিকারক পটোক্যামিক্যাল অক্সিডেন্ট বাতাসে যোগ হয়ে পরিবেশকে আরও বেশি ভয়াবহ করে ফেলে। তার সঙ্গে প্রতিনিয়ত যোগ হচ্ছে গোদের ওপর বিষফোড়ার মতো নির্মাণকাজে ব্যবহৃত নানা সামগ্রীর নীরব উপস্থিতি।
এখন প্রশ্ন হলো, এসব ক্ষতিকর দূষণ থেকে নিজেকে কীভাবে রক্ষা করবেন। এর জন্য প্রথমে প্রয়োজন দাবদাহ চলাকালে ঘরের বাইরে সব ধরনের কর্মসূচি যথাসম্ভব কমিয়ে আনা। একান্ত জরুরি প্রয়োজন ছাড়া বাইরে কম যাওয়া। বিশেষ করে সকাল-বিকেলের ব্যস্ত সময়ে যখন দূষণমাত্রা বেশি থাকে, তখন নিরাপদ ও সুস্থ পরিবেশে অবস্থান করা। এ সময়ের ভালো খাবার ও পানীয় গ্রহণে সতর্ক থাকতে হবে। প্রচুর পরিমাণে পানি পানের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণে যেকোনো পানীয় সঙ্গে রাখতে হবে। এ সময়ে বাইরে শারীরিক চর্চা যথাসম্ভব সীমিত পর্যায়ে আনতে হবে।
দাবদাহ চলাকালে ওজোন স্তর অনেক নিচে নেমে আসে বলে সূর্যতাপ বায়ু দূষণের মাত্রাকে সবচেয়ে খারাপ পর্যায়ে নিয়ে যায়। চলতি তাপদাহে সবচেয়ে বেশি সাবধানতা অবলম্বন করতে শ্বাসকষ্টের রোগী ও ডায়বেটিস রোগে যারা ভুগছেন তাদের সাবধানে এবং অতিরিক্ত সতর্কতা নিয়ে চলাচল করতে বলা হচ্ছে। এ সময় বায়ুদূষণের মাত্রা বেড়ে যায় বলে ছোট ছোট শিশুদের মধ্যে নানা সংক্রমণ ব্যাধি ছড়াতে পারে। যেকোনো ছোটখাটো সমস্যাকে অবহেলা না করে দ্রুত নিকটস্থ চিকিৎসক বা হাসপাতালের শিশু বিভাগে যোগাযোগ করতে ডা. এলিজাবেথ গারল্যান্ড পরামর্শ দেন।
এই দাবদাহ শুধু যে নগরের শিশুদের জন্য অস্বস্তিকর তা নয়, এই মুহূর্তে নগরের চরম বায়ুদূষণ উচ্চ রক্তচাপের রোগী ও স্থুল স্বাস্থ্যের ব্যক্তিদের অতিরিক্ত সতর্ক হয়ে চলাচল করতে হবে।