আমেরিকান এয়ারলাইনসের চার অ্যাটেনডেন্ট গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার চার অ্যাটেনডেন্ট
গ্রেপ্তার চার অ্যাটেনডেন্ট

মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দরে আমেরিকান এয়ারলাইনসের চার অ্যাটেনডেন্টকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিপুল পরিমাণ নগদ অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে। ২৩ অক্টোবর সকাল সাড়ে ১০টায় তাঁদের গ্রেপ্তার করা হয়।

মায়ামি পুলিশের এক প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারের সময় ফ্লাইট অ্যাটেনডেন্টরা নিয়মিত চেকআপ করে কাস্টমস পার হচ্ছিলেন। চিলি থেকে আসা ফ্লাইটে কার্লোস আলবার্তো মুনোজ-মায়ানো নামের এক অ্যাটেনডেন্টকে তল্লাশি করছিলেন এক কাস্টমস এবং বর্ডার পেট্রল এজেন্ট। নিজের সঙ্গে মাত্র ১০০ ডলার বহন করছেন জানালেও ওই এজেন্ট তাঁর কাছে নগদ ৯ হাজার ডলার পান। এ পরিস্থিতিতে নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিরা অন্য এজেন্টদেরও সতর্ক করে দেয়। পরে তল্লাশি করে একই ফ্লাইটে আসা অন্য কেবিন ক্রুদের কাছ থেকেও বিপুল পরিমাণ নগদ অর্থ পাওয়া যায়।

গ্রেপ্তার চার অ্যাটেনডেন্টের কারও কাছেই নগদ অর্থ পরিবহনের কোনো লাইসেন্স ছিল না। হোমল্যান্ড সিকিউরিটি এজেন্টের জিজ্ঞাসাবাদে অবৈধভাবে অর্থ বহনের কথা স্বীকার করেন ফ্লাইট অ্যাটেনডেন্টরা। পরে তাঁদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আনা হয়।