নিউইয়র্কে নবম বার্ষিক বিজনেস সামিট
আমেরিকান ও বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থে সমঝোতা চুক্তি স্বাক্ষর

আমেরিকান ও বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) ও আমেরিকান-বাংলাদেশি বিজনেস অ্যাসোসিয়েশনের (এবিবিএ) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এবিবিএ আয়োজিত নবম বার্ষিক বিজনেস সামিটে এই সমঝোতা চুক্তি স্বাক্ষর হয়।
এফবিসিসিআই’র পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম এবং এবিবিএ’র পক্ষে স্বাক্ষর করেন সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ বেলাল চৌধুরী।
সিটির কুইন্সে লাগোয়ার্ডিয়া ম্যারিয়ট হোটেলের বলরুমে ২০ সেপ্টেম্বর রাতে অনুষ্ঠিত এ সামিটে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. একে আব্দুল মোমেন। এ ছাড়া বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদে বিরোধী দলীয় হুইপ সেলিম উদ্দিন এমপি, এফবিসিসিআই প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ও রূপালী ব্যাংকের সাবেক চেয়ারম্যান আহমেদ আল কবীর।
সামিটে আমন্ত্রিত অতিথি ছিলেন জাতিসংঘে বাংলাদেশ মিশনের ইকোনমিক মিনিস্টার এইচ পাটোয়ারি, এনআরবি সেন্টারের প্রেসিডেন্ট শেকিল চৌধুরী, ট্রুপ ইন্টারন্যাশনালের জেমস ও হারা, স্ট্যান্ডার্ড ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট যাসবিন্দর ধীলন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমজাদ হোসেন সেলিম। এসব অতিথি ছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন হোস্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আকতার হোসেন, ডা. মাসুদুল হাসান, মূলধারার রাজনীতিক আইনজীবী এন মজুমদার, বিশিষ্ট রিয়েল এস্টেট ব্যবসায়ী মইনুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আহসান হাবিব, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিক আব্দুল কাদের মিয়া, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শাহনেওয়াজ, সদস্যসচিব মোহাম্মদ বিলাল চৌধুরী, ফাহাদ সোলায়মান প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন কমিউনিটি নেতা মোহাম্মদ তৈয়বুর রহমান। অনুষ্ঠানে এবিবিএ’র অন্যতম প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী, কমিউনিটির পরিচিত মুখ সাঈদ রহমান মান্নানের আশু রোগ মুক্তি কামনা করা হয়। ব্যবসা ও কমিউনিটি সেবায় অবদান রাখার জন্য নর্দার্ণ লাইট মিডিয়ার কর্ণধার সাইফুল সিদ্দিকসহ কয়েকজন ব্যবসায়ীকে সম্মানিত করা হয়। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট উপস্থাপক আশরাফুল হাসান বুলবুল এবং নিউজ প্রেজেন্টার ও সংগীতশিল্পী সোনিয়া সুইটি।
উল্লেখ্য, জাতিসংঘের ৭২তম অধিবেশনে যোগদানরত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরসঙ্গী ব্যবসায়ীদের প্রায় সবাই এই সামিটে অংশ নেন এবং ব্যবসা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে কথা বলেন।
অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রদূত আব্দুল মোমেন বলেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি ব্যবসায়ীরা নিয়মিত বাংলাদেশ থেকে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীসহ বহু জিনিস আমদানি করছেন। এর মধ্য দিয়ে তাঁরা বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধিতে অবদান রেখে চলেছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে ধাবিত হচ্ছে। দেশের উন্নয়নের এই ধারাকে ত্বরান্বিত করতে প্রবাসী ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম বলে তিনি মন্তব্য করেন।
বিরোধীদলীয় হুইপ সেলিম উদ্দিন বলেন, বাংলাদেশ আপনার-আমার সবার। আমরা যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করতে পারি। তিনি আরও বলেন, দেশ ও প্রবাসের সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে বাংলাদেশের উন্নয়ন-অগ্রগতি কেউই ঠেকাতে পারবে না।
এফবিসিসিআই প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন এবিবিএ’র কর্মকাণ্ডের প্রশংসা করে বলেন, বাংলাদেশে বিনিয়োগের অপূর্ব সুযোগ বিরাজ করছে। দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। ভিনদেশিদের ন্যায় প্রবাসীরাও যদি বাংলাদেশে আরও অধিক হারে বিনিয়োগ করেন তাহলে মধ্যম আয়ের বাংলাদেশ রচনার পথ সুগম হবে এবং মানুষের জীবনমানের আরও উন্নয়ন ঘটবে। তিনি বলেন, দেশের সার্বিক উন্নয়নের জন্য রাজনৈতিক স্থিতি দরকার। গণতান্ত্রিক পরিবেশ দরকার। আর গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত থাকলে আগামী বছর বাংলাদেশ গার্মেন্টস রপ্তানিতে ১ নম্বর স্থান দখলে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে প্রবাসের জনপ্রিয় শিশু শিল্পী মাহি ও বাংলাদেশ থেকে আগত সংগীত শিল্পী মুক্তা সারোয়ার সংগীত পরিবেশন করেন।