আমেরিকান জীবন আমেরিকান ঈদ
ঈদ নিয়ে আমাদের বাঙালি মুসলিমদের মনে উচ্ছ্বাস, আনন্দ ও আবেগের কোনো কমতি নেই তা সে দেশের ঈদ হোক বা বিদেশের। কথায় বলে না, ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে’। আমাদের বাঙালিদের বাঙালিয়ানাও তাই। আমরা যেখানেই যাই না কেন, যেখানেই থাকি না কেন, বাঙালিয়ানা আছে আমাদের সঙ্গে সঙ্গেই।
ঈদ নিয়ে এযাবৎকাল অনেক কিছুই লেখা হয়েছে। শৈশবের ঈদ স্মৃতি, যৌবনের ঈদ, বিয়ের পর শ্বশুর বাড়ির ঈদ, নিঃসঙ্গ ঈদ, গ্রামের বাড়ির ঈদ, শহুরে ঈদ, প্রবাসের ঈদ, আর ঈদের একাল-সেকাল। আমি নিজেও ইতিমধ্যে আমার শৈশবের ঈদের স্মৃতি নিয়ে সাতকাহন লিখে ফেলেছি। তবুও ঈদ বলে কথা। না হয় আমাদের আমেরিকান ঈদ নিয়ে আরও কিছু চর্বিত চর্বণই করা যাক।
যদিও মনে হয় এই তো সেদিনের কথা, তবুও আমেরিকান জীবনের সতেরোটি বছর কেমন করে যেন পার হয়ে গেল। দুটি আন্ডারএজ ছেলের হাত ধরে, কয়েকটি স্যুটকেস হাতে, ব্যাগ বগলদাবা করে আমেরিকার নিউইয়র্কে এসে জীবন শুরু করেছিলাম। ব্যাংকার স্বামীটি তো ভয়েই সঙ্গে এল না, বিদেশ-বিভুঁইয়ে ‘অডজব’ করে জীবন চালাতে হবে ভেবে। তিনি বললেন, ‘তোমরা কিছুদিন থেকে দেখ, টিকে থাকতে পার কিনা। না পারলে চলে আসবে, দেশের দরজা তো খোলাই আছে।’
কিন্তু তিনি বুঝতে ভুল করেছিলেন। আমি সহজে রণে ভঙ্গ দেওয়ার মত মানুষই নই। কোমর বেঁধে নেমে পড়লাম আজনবি এ শহরে। জুটিয়ে ফেললাম দু-একটি কাজও। অবশ্যই তা তথাকথিত ‘অডজব’। কিন্তু নিউইয়র্ক আমাকে শেখাল কাজ মানে কাজ; সেখানে কোন অড নেই। আমি দিনরাত কাজ করি। ছেলেরা স্কুলে যায়; থাকি বেসমেন্টে। তাই কখন সূর্য ওঠে, কখন অস্ত যায় জানতেও পারি না। তবুও এই ‘সেভেন ডেইস উইক’ কাজ করেও আমি মুক্তির আনন্দ উপভোগ করি। উদার নিউইয়র্ক মানুষকে মনের শৃঙ্খল থেকে মুক্তি পেতে শেখায়। আমি কর্মজীবী নারীর আত্মমর্যাদা অনুভব করি। সকালে ম্যানহাটনে কাজে যাই, বিকেলে কুইন্সের বাসায় ফিরে আসি।
এর মাঝে রোজা এসেছে বহুবার, রোজার শেষে এসেছে ঈদ। আমেরিকার কোথাও তখন মুসলিমদের ধর্মীয় উৎসবে ছুটি চাওয়া বা পাওয়ার কথা কেউ ভাবতে পারেনি। অথচ হিন্দুদের বারো মাসে তেরো পার্বণের মতো জুইস হলিডের কোনো কমতি নেই এ দেশে। এর বড় কারণ ছিল মুসলিমদের মধ্যে সরকারি ছুটি চেয়ে আদায় করার মতো ঐক্যের অভাব। বিভিন্ন মসজিদের ধর্মীয় পণ্ডিতদের মধ্যে একতার অভাব। তাঁরা ‘ঈদ’ উদ্যাপনের জন্য কখনোই মাত্র একটি দিন নির্বাচন করতে পারতেন না। ঈদের উৎসব দুটো দিনে ভাগ হয়ে যেত। তার ওপর যেহেতু ঈদ উৎসবটি চাঁদ দেখার ওপর নির্ভরশীল, তাই এ দেশীয় ক্যালেন্ডারে নির্ধারিত একটি দিনকে ঈদ ছুটি হিসেবে তালিকাভুক্ত করাটাও জটিল ছিল।
তাই আমাদের জীবনে ঈদ হয়ে গেল পানসে। ঈদের দিন সকালে ছেলেরা স্কুলে চলে যেত, আমি যেতাম কাজে। তবুও ঈদ বলে কথা! আমি রাত জেগে কোর্মা, পোলাও, ঝাল মাংস, পায়েস, জর্দা রান্না করে যত্ন করে ফ্রিজে তুলে রাখতাম। বিকেলে সবাই বাসায় ফিরে ঈদ উৎসব করতাম। ছেলেরা তাদের দু-একজন বন্ধুকে ডিনারে ডাকত। সবাই মজা করে ঈদের খাবার খেতাম। তারপর কিনে আনা কলিংকার্ড ঘষে তার পিন নম্বর দিয়ে ঢাকায় ফোন করতাম। পিনের নির্ধারিত সময় শেষ হয়ে গেলে লাইন কেটে যেত। ওইটুকু মাপা সময়ের মধ্যেই দেশে ফেলে আসা স্বজনদের সঙ্গে কথা বলে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতাম। এমনি করেই কেটে গেছে আমাদের ফেলে আসা অনেক ঈদ উৎসব।
ছেলেরা ধীরে ধীরে বড় হয়ে উঠেছে। তাদের বন্ধুবান্ধবের সংখ্যাও বেড়েছে। তত দিনে ব্যাংকার স্বামীটি তাঁর হোয়াইটকলার জবে অবসর নিয়ে এ দেশে বসবাসের উদ্দেশ্যে চলে এসেছেন। আস্তে আস্তে আমাদের ঈদে ফিরে এসেছে আনন্দ আর বৈচিত্র্য। ছেলেদের ঐচ্ছিক ছুটি নেওয়ার মতো সুযোগ তৈরি হয়েছে। তারা এখন প্রতি ঈদের দিন ভোরে তাদের বাবার সঙ্গে পায়জামা পাঞ্জাবি পরে মসজিদে নামাজ পড়তে যায়। আমিও কাজে ছুটি নিয়ে সকালে উঠে গরম-গরম ঈদের রান্না শুরু করি। আমাদের ঘরে আবারও বাঙালিয়ানা ঈদ পর্বের চল ফিরে এসেছে।
গত দু বছর ধরে স্বেচ্ছায় কর্মবিরতি নিয়ে লেখালেখি শুরু করেছিলাম। নিজের লেখা দু-চারটে বইও প্রকাশিত হলো। আমি অবাক হয়ে জানলাম সেই ১৯৯২ সাল থেকে মুক্তধারার কর্ণধার বিশ্বজিত সাহা নামক একজন সাহিত্যানুরাগী তাঁর একক প্রচেষ্টায় প্রতি বছর অক্লান্তভাবে আয়োজন করে যাচ্ছেন নিউইয়র্কের বুকে বাংলা বইমেলা। আমি খোঁজখবর করে তাঁর সঙ্গে দেখা করলাম। সেখানে পরিচয় হলো আদনান সৈয়দের সঙ্গে। বইমেলায় অংশগ্রহণ করলাম। পরিচয় হলো এখানকার অনেক অনেক লেখক, কবি ও সাহিত্যিকের সঙ্গে। অনেকেই বন্ধু হয়ে গেলেন। পরিচিত হলাম সাংবাদিক দম্পতি মনির হায়দার-মনিজা রহমানের সঙ্গে। মনিজা রহমানের মাধ্যমে উত্তর আমেরিকা প্রথম আলোর লেখক হলাম। আহমাদ মাযহার, ইব্রাহীম চৌধুরীর মতো বড় মাপের মানুষদের সান্নিধ্যে আসার সুযোগ হলো। আমার জন্য উন্মুক্ত হলো আরেকটি ভুবন। আমার পরিচিত প্রিয় প্রাঙ্গণে পরিণত হলো জ্যাকসন হাইটস। গত পনেরো বছরে হয়তো এই জ্যাকসন হাইটসে আমি হাতে গোনা কিছুদিন যেতাম; এখন প্রতি সপ্তাহে বহুবার যাই। বাঙালি লোকজন অবাক হয়ে আমাকে প্রশ্ন করে, ‘আপনি এত দিন কোথায় ছিলেন? হঠাৎ কোথা থেকে উদয় হলেন?’ আমি সত্যিই লজ্জা পাই।
যেহেতু বহুদিন ধরে আমরা বাঙালিয়ানা জীবনের বাইরে ছিলাম, তাই কখনো জানতামও না হুজুগে বাঙালি এখানে কী অসম্ভবকে সম্ভব করেছে। গত বছর জ্যাকসন হাইটসের ‘চাঁনরাইত’ উৎসবে গেলাম বোনদের নিয়ে। ওখানে গিয়ে তো আমার চক্ষু চড়ক-গাছ। পুরো জ্যাকসন হাইটস যেন একখণ্ড বাংলাদেশে পরিণত হয়েছে। এদিকে আমার অবস্থা হয়েছে ‘না ঘরকা, না ঘাটকা’! মনে পড়ল সত্যজিৎ রায়কে লিখে দেওয়া রবিবাবুর সেই বিখ্যাত নস্টালজিক কবিতাখানা—
‘বহু ব্যয় করি বহু দেশ ঘুরে
দেখিতে গিয়েছি পর্বতমালা,
দেখিতে গিয়েছি সিন্ধু।
দেখা হয় নাই চক্ষু মেলিয়া
ঘর হতে শুধু দুই পা ফেলিয়া
একটি ধানের শিষের উপর
একটি শিশিরবিন্দু।’
আহা, সত্যিই তো। এমন অনেক শিশিরবিন্দু আমাদের অজান্তেই, অবহেলায় ঝরে যায়, শুকিয়ে যায়। বিনা অর্থব্যয়ে যে অমিত সৌন্দর্য অপেক্ষা করে আছে, নিজের অজ্ঞাতেই সেই শোভা থেকে আমরা বঞ্চিত হই।
ইতিমধ্যে অবশ্য আমাদের জীবন আরও অনেক বদলে গেছে। একটা মানুষের জীবনের বাঁকে বাঁকে কত যে পট পরিবর্তন হয়, তার ইয়ত্তা নেই। বড় ছেলে সুমিত এখন কাজ নিয়ে লস অ্যাঞ্জেলেসপ্রবাসী। ছোট ছেলে অমিত আইনজীবী হিসেবে কাজ শুরু করেছে। স্বামী ধর্মকর্মে, আর আমি লেখালেখিতে মনোনিবেশ করেছি। সবাই যার যার ক্ষেত্রে ব্যস্ত। তবুও আমাদের ভালোবাসা, পারিবারিক বন্ধন খুব অটুট। আমরা একজন আরেকজনকে চোখে হারাই। একজনের জন্য আরেকজনের প্রাণ কাঁদে। এখন আমরা সবাই উন্মুখ হয়ে অপেক্ষায় আছি, আমাদের প্রবাসী ছেলেটি এবার ঈদে ঘরে ফিরছে। ছেলেরা নতুন পাঞ্জাবি পরে মসজিদে যাবে তাদের বাবার সঙ্গে; আমি ঈদের মজাদার সব রান্না করব। ছেলেরা সালাম করলে আমরা বেকার বাবা-মা কর্মজীবী ছেলেদের হাতে যত্ন করে রাখা কয়েকটি চকচকে ডলার তুলে দেব। এই হলো আমাদের আমেরিকান জীবন; এই হলো আমাদের ঈদ উৎসব!