আমেরিকান প্রেসিডেন্টদের ক্রিকেটপ্রেম

২১ এপ্রিল, ২০০৯। পোর্ট আব স্পেন, ত্রিনিদাদ। প্রেসিডেন্ট বারাক ওবামা গিয়েছেন পঞ্চম আমেরিকা শীর্ষ সম্মেলনে যোগ দিতে। ত্রিনিদাদ হিলটনের লবিতে ঢোকার মুখে একজন এইড ছুটে এসে তাঁর চিফ অব স্টাফের কানে কানে কী যেন বললেন। রামা ইমানুয়েল ভুরু কুঁচকে একটু ভেবে এবার দু’পা পিছিয়ে প্রেসিডেন্ট ওবামাকে আবার মৃদু স্বরে কিছু বলতেই ঝকঝকে হাসিতে তাঁর মুখ উজ্জ্বল হয়ে উঠল, ‘অবশ্যই।’
প্রশস্ত লবির দুধারে সারি সারি মানুষ। বেশির ভাগই প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর সদস্য। ছড়িয়ে ছিটিয়ে অল্প কিছু ভাগ্যবান দর্শক আর কিছু স্থানীয় কর্মকর্তা। দলবলসহ লবিতে ঢুকতেই, সারি ভেঙে সুঠাম গঠনের একজন খুব সুদর্শন মানুষ বেরিয়ে এলেন। প্রেসিডেন্ট ওবামার মতোই তাঁর গায়ের রং ঘন কৃষ্ণ বর্ণ। ওবামা পরেছেন নেভি ব্লু রঙের স্যুট, সাদা সার্ট, লালের মাঝে নীল ডোরা কাটা টাই আর চকচকে কালো জুতো। হাঁটতে হাঁটতে যে মানুষটা তাঁর মুখোমুখি এসে দাঁড়িয়েছেন, তাঁর পরনেও ঘন নীল স্যুট, সাদা শার্ট, কালো জুতো। গলায় বাঁধা রুপালী টাইটা ছাড়া পোশাক, শারীরিক গঠন আর উচ্চতায় একটু দূর থেকেই দুজনকে আলাদা করা খুব একটা সহজ না। ত্রিনিদাদ ও টোবাগো সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা হন্তদন্ত হয়ে কাছে এসে দাঁড়ালেন। পরিচয় করিয়ে দিতে চাইলেন ওবামার মুখোমুখি দাঁড়ানো আগন্তুকের সঙ্গে। হাসিভরা মুখে ওবামা হাত তুলে তাঁকে থামিয়ে দিলেন। তারপর সেই হাতের লম্বা লম্বা আঙুলগুলো মেলে বাড়িয়ে দিলেন আগন্তুকের দিকে, ‘ক্রিকেটের এই মাইকেল জর্ডানের পরিচয় আমি জানি। ‘ব্রায়ান লারা, আপনি কেমন আছেন?’ ‘মিস্টার প্রেসিডেন্ট, আপনার সঙ্গে দেখা হওয়া আর এই কথা বলা আমার জন্য এক বিশাল সৌভাগ্যের ব্যাপার। আপনার জন্য আমার ছোট একটি উপহার, পাশ থেকে একজন ব্রায়ান লারাকে কাগজে মোড়ানো একটি ব্যাট ধরিয়ে দিলেন। দু’হাতে ধরে খুব সাবধানে প্রেসিডেন্টের হাতে তুলে দিলেন উপহার। ওবামাও হাত বাড়িয়ে তুলে নিলেন সেই উপহার, আর এক টানে খুলে ফেললেন কাগজের মোড়ক। ব্রায়ান লারা সিগনেচার সিরিজের একটি ব্যাট। লারার স্বাক্ষর করা এই ব্যাটটিতে তিনি ইংরেজিতে যা লিখেছেন তার সহজ বাংলা, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি, বারাক ওবামাকে টিঅ্যান্ডটিতে (ত্রিনিদাদ ও টোবাগো) পদার্পণের জন্য কৃতজ্ঞতা, শুভেচ্ছা।’

মৌখিক ধন্যবাদের পর লারা বিদায় নিতে যেতেই ওবামা বললেন, উঁহু, আপনাকে তো এত সহজে ছাড়া যাবে না। যে জিনিসটা ধরিয়ে দিলেন, তা কীভাবে ব্যবহার করতে হয়, না দেখিয়ে দিলে আমি খেলব কেমন করে? লারা এদিক-ওদিক তাকালেন, একটু ফাঁকা জায়গার জন্য। লবির বাইরে হোটেলের পেছনের দিকটায় টানা বিশাল বারান্দা। লারা ওবামাকে নিয়ে বেরিয়ে এলেন দরজা পেরিয়ে। ‘মিস্টার প্রেসিডেন্ট, আপনি ঠিক বেসবল ব্যাট ধরার মতো করে এই ব্যাটটি ধরুন।’ তারপর লারা দেখিয়ে দিলেন কী করে সুইপ আর হুক করতে হয়। ব্যাট হাতে ওবামাকেও বেশ স্বচ্ছন্দ দেখাচ্ছিল। ব্যাটিংয়ের সবগুলো কৌশল মকস হওয়ার পর ওবামা লারাকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলেন। হোটেল কর্তৃপক্ষ এই ঘটনাকে স্মরণীয় করে রাখতে ওদের এই টানা বারান্দার নাম দিলেন ‘ওবামা টেরেস’।
২০০৬ সালের মার্চ মাসের ৪ তারিখ। স্থান, যুক্তরাষ্ট্রের দূতাবাস প্রাঙ্গণ, ইসলামাবাদ, পাকিস্তান। পাকিস্তান সফররত মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে ক্রিকেট নামের খেলাটির সঙ্গে পরিচয় করিয়ে দিতে এসেছেন ইনজামাম-উল হক আর সালমান বাট। সঙ্গে একদল স্কুলের ছেলেমেয়ে। প্রেসিডেন্টকে পাকিস্তানি ক্রিকেটাররা বুঝিয়ে দিলেন খেলার মূল নিয়ম কানুন। তারপর ছেলেমেয়েরা দু’ দলে ভাগ হয়ে গেল। এক দলে বুশ সঙ্গে আরও ১০ জন ছেলেমেয়ে। অন্য দলে স্কুলের ১১ জন ছেলেমেয়ে। প্রথমে ব্যাটিংয়ে জর্জ বুশ একাদশ। ওপেনিং ব্যাটসম্যান বুশ নিজেই। প্রথম বল। বেস বল খেলার মতো করে ব্যাট চালালেন বুশ। পরিষ্কার বোল্ড আউট। জর্জ বুশ কিছুই বুঝতে পারেননি। বেস বলের নিয়মে ভেবেছেন, তিনবার আউট হলে তবেই না আউট (থ্রি স্ট্রাইক অ্যান্ড আউট)। শুরুতেই মার্কিন প্রেসিডেন্টের এমন ব্যাটিং বিপর্যয়ে ইনজামাম-উল হক কিছুটা বিব্রত হয়ে তাঁকে নতুন করে নিয়মকানুন বুঝিয়ে দিলেন। নিয়ম না বোঝার অজুহাতে বুশকে ফের দেওয়া হলো ব্যাটিংয়ের সুযোগ। পরের বল এল বাউন্সার। সোজা এসে আঘাত করল বুশের বাম কাঁধে। যদিও টেনিস বল, ইনজামাম-উল হক আর সালমান বাট ছুটে এলেন। ‘স্যার, কিছু হয়নিতো।’ বুশ তাঁর সিগনেচার হাসি (হে...হে...) দিয়ে বললেন, ‘না একটুও না।’ এবার সালমান বাট তাঁকে দেখিয়ে দিলেন, বাউন্সার এলে কীভাবে ‘ডাক’ করতে হয়। ইনজামাম-উল হক বোলারকে ইশারা করলেন আর বাউন্সার না দিতে। কিন্তু বুশ চাইলেন আবার বাউন্সার। বললেন, আমাকে একটু ‘ডাক’ প্র্যাকটিস করতে দিন। পরের বলে চাহিদা মতো আবার এল বাউন্সার, এবার বুশও প্রস্তুত। চমৎকার ভঙ্গিতে মাথা নিচু করে ঘাড় নুইয়ে বলটা পার করে দিলেন উইকেটের পেছনে। বুশের দলের প্রথম রান এল ‘ওয়াইড’ থেকে। হাসিখুশি বুশকে দেখে মনে হলো তিনি বেশ উপভোগ করছেন এই খেলা। সত্যি তা উপভোগ্য ছিল নাকি শুধু এটা তাঁর সামাজিক ভদ্রতার প্রকাশ ছিল, তা বলা মুশকিল। তবে ২০০৮ সালে যখন ইরাকে এক সাহসী সাংবাদিক তাঁকে জুতা ছুড়ে মেরেছিলেন, পাকিস্তানি ক্রিকেট দলের থেকে শেখা এই ‘ডাক’ মনে হয় সত্যিই কাজে লেগেছিল।
ক্রিকেটের সঙ্গে বিল ক্লিনটনের পরিচয় প্রেসিডেন্ট হওয়ার আগেই। তরুণ ক্লিনটন ইংল্যান্ডের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে অনেকবারই ব্যাট আর বল হাতে তুলে নিয়েছিলেন বলে জানা যায়। ব্যাট কিংবা বলে কতটুকু কারুকার্য দেখিয়েছিলেন সেটা অবশ্য জানা যায়নি। কলেজজীবনের সেই স্মৃতিটুকু উসকে দিতেই বোধকরি প্রেসিডেন্ট হিসেবে তাঁর যুক্তরাজ্য সফরের সময় প্রধানমন্ত্রী জন মেজর তাঁকে উপহার দিলেন ক্রিকেটারদের অটোগ্রাফ দেওয়া বই ‘মোর দেন এ গেম’। পরেরবার তিনি ক্লিনটনকে উপহার দিলেন ‘সারে কাউন্টি’র ক্যাপ ও তিনটি ছাতা। তবে জন মেজর অনেক চেষ্টা করেও সিনিয়র বুশকে ক্রিকেটে মোটেই উৎসাহিত করতে পারেননি। মেজরের ভাষায়, ‘জর্জ বুশ সিনিয়রকে আমি বহু কষ্ট করে ক্রিকেটের নিয়মকানুন বুঝিয়ে শেষমেশ যখন বললাম এই খেলা কখনো কখনো পাঁচ দিন ধরে চলে, তাঁর চোখে সঙ্গে সঙ্গে কেমন যেন একরকমের নির্মোহ ভাব নেমে এল।’
যুক্তরাষ্ট্রের সাম্প্রতিককালের এই প্রেসিডেন্টদের ক্রিকেট অভিজ্ঞতা হয়তো ক্রিকেটপ্রেমী দেশগুলোকে খুশি করার জন্য একধরনের সামাজিকতা বৈ অন্য কিছু না। সাজানো এই ক্রিকেট অনুরাগের বহু বহু যুগ আগে কিন্তু মার্কিন প্রেসিডেন্টরা সত্যি সত্যি ক্রিকেটকে ভালোবেসে গেছেন। আমার কথা নয়, তাঁদের এই ভালোবাসার কথা ইতিহাসের পাতাতেই লেখা রয়েছে। ওই দেশের ইতিহাস যাকে দিয়ে শুরু, সেই জর্জ ওয়াশিংটন ক্রিকেটের হাতেখড়ি নেন ১৭৫৩ সালে জেনারেল ব্র্যাডোকের কাছ থেকে। লিপিবদ্ধ ইতিহাস থেকে জানা যায়, জেনারেল ব্র্যাডোক ওই সময় যখন ফোর্ট ডুকুশনেতে (এখন আমরা যাকে পিটসবার্গ বলে জানি) ব্রিটিশ সৈন্যবাহিনী নিয়ে প্রবেশ করেন, ২৩ বছর বয়সী মেজর জর্জ ওয়াশিংটন তখন তাঁর এ ডি সি। ক্যাম্প স্থাপনের পরপরই জেনারেল তাঁকে ডেকে বললেন সেনাবাহিনীর সদস্যদের দিয়ে ক্যাম্পের পাশে জঙ্গল পরিষ্কার করে ক্রিকেটের পিচ তৈরি করতে। শোনা যায়, এই পিচ তৈরি করতে জেনারেল সাহেব তাঁর জাহাজে করে ভারী একটি রোলার নিয়ে এসেছিলেন। জানামতে সেটাই জর্জ ওয়াশিংটনের ক্রিকেটের সঙ্গে প্রথম পরিচয়। পরে যখন জর্জ ওয়াশিংটন আমেরিকার স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিয়ে ঔপনিবেশিক বাহিনীর সঙ্গে লড়ছিলেন, ব্রিটিশ এই খেলাটির প্রতি তাঁর অনুরাগ একটুও কমেনি। ১৭৭৮ সালে ভ্যালী ফর্জ এলাকার দুর্দান্ত শীতে কাবু হওয়া তাঁর সেনাবাহিনীর ভেঙে পড়া মনোবলকে চাঙা করতে তিনি তাঁদের নিয়ে নিয়মিত মেতে উঠতেন ক্রিকেট খেলায়। ১৭৭৮ সালের মে মাসের ৪ তারিখে এমনি এক খেলার বিবরণ পাওয়া যায় সেদিনের ফার্স্ট লেফটেন্যান্ট জর্জ ইউইংয়ের লেখা ডায়েরিতে-‘আজ এই দিনে, হিজ এক্সেলেন্সি (জর্জ ওয়াশিংটন) জেনারেল নক্সয়ের সঙ্গে নৈশভোজ সারলেন। নৈশভোজের পর তিনি আমাদের সঙ্গে উইকেটে খেলে আমাদের সম্মানিত করলেন।’ জর্জ ওয়াশিংটনের ক্রিকেট খেলা মার্কিনিরা ভুলে যায়নি। সেই স্মৃতি ধরে রাখতে এই ১৯৯৩ সালেও মার্কিন সেনাবাহিনী ‘ওয়েন্স উড’ মেমোরিয়াল আর্চের পাশে তাঁরই স্মরণে আয়োজন করেছিল একটি স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা।

সেই সময়ে ওয়াশিংটনের সমসাময়িক আর কোনো প্রেসিডেন্ট আর কোনো ‘ফাউন্ডিং ফাদার’ ক্রিকেট খেলেছেন বলে আমার জানা নেই। তবে ইতিহাস ঘেঁটে দেখা যায়, বেঞ্জামিন ফ্রাঙ্কলিন (আমেরিকার ষষ্ঠ প্রেসিডেন্ট) ১৭৫৪ সালে আমেরিকাতে ক্রিকেটের নিয়মকানুনকে সঠিক ব্যাকরণে ফিরিয়ে আনতে ১৭৪৪ সালে প্রকাশিত ক্রিকেট আইনের বই ‘লন্ডন মেথোড’ লন্ডন থেকে নিয়ে আসেন। অবিশ্বাস্য মনে হতে পারে, বেসবল পাগল এই মার্কিন মুলুকে, বেসবলের আনুষ্ঠানিক নিয়মকানুন ঠিক হওয়ার এক শ বছর আগে এই দেশে ক্রিকেটের আনুষ্ঠানিক নিয়ম প্রতিষ্ঠিত হয়েছিল। থমাস জেফারসন (আমেরিকার তৃতীয় প্রেসিডেন্ট) তাঁর সাবালক বয়সে কতটুকু ক্রিকেট চর্চা করেছেন তার বিষদ বিবরণ অনেক ঘাঁটাঘাঁটি করেও বের করতে পারিনি। তবে বালক বয়সে তিনি যে তাঁর পিতামহের (তাঁর নামও ছিল থমাস জেফারসন) সঙ্গে নিয়মিত ক্রিকেট খেলতেন সেটা অনেকেই লিখে গেছেন।
আমেরিকার এসব ‘প্রতিষ্ঠাতা পিতা’দের ক্রিকেট সংস্পর্শে তাঁদের মহাপ্রয়াণের সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়নি। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার অনেক বছর পর ১৮৫৯ সালে শিকাগো শহরের প্রান্তে, মিলওয়াকি আর শিকাগোর মধ্যে অনুষ্ঠিত ক্রিকেট খেলাগুলোতে দর্শকের সারির মাঝে উঁচু হ্যাট আর শ্মশ্রুমণ্ডিত যে মানুষটাকে নিয়মিত মাঠে দেখা যেত তাঁকে আমরা সবাই আব্রাহাম লিংকন নামে চিনি।
বেসবল, ফুটবল আর বাস্কেটবল নিয়ে মেতে থাকা আজকের সাধারণ মার্কিনিরা ক্রিকেট বোঝে না। অথচ অবিশ্বাস্য হলেও সত্যি যে ক্রিকেটের জন্মস্থান ইংল্যান্ডকে বাদ দিলে, অন্য সব দেশের আগে প্রাতিষ্ঠানিক ক্রিকেট খোদ মার্কিন মুলুকেই শুরু হয়েছিল। জাদুঘর আর আর্কাইভে সংরক্ষিত পত্রিকা ঘাঁটলে দেখা যায়, আঠারো শতকের মাঝামাঝি সময়ে খেলার পাতায় নিয়মিত ক্রিকেট খেলার খবর প্রকাশিত হতো। ১৭৩৯ সালে প্রকাশিত নিউইয়র্কের সংবাদপত্রে দেখা যেত বিভিন্ন দল ক্রিকেট খেলোয়াড় চেয়ে বিজ্ঞাপণ দিয়েছে। ১৭৫১ সালে নিউইয়র্কের ফুল্টন ফিস মার্কেটে অনুষ্ঠিত লন্ডন একাদশ আর নিউইয়র্ক একাদশের ক্রিকেট খেলার খবর সেই সময় ‘নিউইয়র্ক উইকলি গেজেট’ আর ‘পোস্ট বয়’ এর পাতায় বড় করে প্রথম পাতায় ছাপা হয়েছিল। উনিশ শতকের প্রথম দিকে নিউইয়র্কের ব্রডওয়ে আর থারটিয়েথ স্ট্রিটের কোনার মাঠে নিয়মিত ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হতো। এই সময় নিউইয়র্ক ক্রিকেট ক্লাব সারা বিশ্বের অন্যতম শক্তিশালী ক্রিকেট ক্লাব হিসেবে পরিচিত ছিল। ১৮৪৪ সালে এই ক্লাব নাম পাল্টে হয় সেন্ট জর্জে’স ক্লাব। আজকে যেখানে নিউইয়র্ক ইউনিভার্সিটির মেডিকেল সেন্টার, সেখানে ছিল তাদের নিজস্ব ক্রিকেট মাঠ, যা তখন ব্লুমিংডেল পার্ক নামে পরিচিত ছিল। কানাডা জাতীয় একাদশ আর যুক্তরাষ্ট্র জাতীয় একাদশের মধ্যে ১৮৪৪ সালের ৪ এবং ৫ মে এই মাঠে অনুষ্ঠিত হয় একটি আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা। ইতিহাসবিদেরা মনে করেন, আধুনিক বিশ্বে এটাই ছিল রাষ্ট্রীয় পর্যায়ে লড়া প্রথম আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতা।
এখানে উল্লেখ্য, এথেন্সে আধুনিক বিশ্বের প্রথম অলিম্পিক অনুষ্ঠিত হয়েছিল আরও ৫২ বছর পরে, ১৮৯৬ সালে। যুক্তরাষ্ট্রে উনিশ শতকের মাঝামাঝি ক্রিকেট কত জনপ্রিয় ছিল, তার প্রমাণ পাওয়া যায় ১৮৫৮ সালের ১১ নভেম্বরের নিউইয়র্ক টাইমসে প্রকাশিত এই খবরটি থেকে, ‘ম্যানহাটনের সেন্ট্রাল পার্কের নির্মাণকাজ সুন্দরভাবে এগিয়ে চলেছে। দক্ষিণ প্রান্তে ‘গ্র্যান্ড প্রমেনেইড’ বা ‘ক্যাথেড্রাল ওয়াক’ স্থান নির্দিষ্ট করা হয়েছে। ‘ক্যাথেড্রাল ওয়াক’ এর পশ্চিম প্রান্তে বেসবল ও ক্রিকেট মাঠ, যেহেতু জনগণের কাছে এর গুরুত্ব সবচেয়ে বেশি, এই কাজ প্রাধান্য দিয়ে সম্পন্ন করা হয়েছে। এই এলাকায় মাঠ সমতল করা হয়েছে এবং খুব শিগগির এখানে ঘাস লাগানো হবে। পার্কের এই অংশ, যা প্রায় ১৪ একরের সমপরিমাণ, তা আগামী বসন্তের মধ্যেই তৈরি হবে।’ এই ক্রিকেট মাঠটি ১৮৬৫ সালে সম্পূর্ণ হয় এবং সেইন্ট জর্জে’স ক্লাব সেখানে পুরো এক যুগ ধরে ক্রিকেট খেলে। দুর্ভাগ্যবশত, এরপর থেকেই ক্রিকেট ধীরে ধীরে বেসবলের কাছে হারাতে থাকে তার জনপ্রিয়তা। বিশ শতকের মাঝামাঝি সময়ে এই মাঠের মতোই ক্রিকেটও ‘প্রায়’ হারিয়ে যায় দেশটির ক্রীড়াঙ্গন থেকে।
‘প্রায়,’ কারণ যুক্তরাষ্ট্রে ক্রিকেট কখনোই একেবারে নিশ্চিহ্ন হয়নি। অভিবাসনের এই দেশে বারবার অভিবাসীরাই ফিরিয়ে এনেছে ক্রিকেট। ১৯৬৫ সালে যুক্তরাষ্ট্র আইসিসি’র সহযোগী সদস্য হিসেবে অন্তর্ভুক্তি পেয়েছিল। কানাডা কিন্তু আরও ৩ বছর পর এই সম্মান পায়। ইউএস ক্রিকেট অ্যাসোসিয়েশনের হিসাব মতে আজ এই দেশে এক লাখের চেয়ে বেশি লোক নিয়মিত ক্রিকেট খেলে। নিউ জার্সি, নিউইয়র্কের বিভিন্ন শহরে লীগ পদ্ধতিতে ক্রিকেট খেলা হয়। নিউইয়র্কে পাবলিক স্কুল অ্যাথলেটিক লীগে রীতিমতো একজন ক্রিকেট কমিশনার রয়েছেন। ২০০৯ সালে তাঁর হিসাব মতো শুধু নিউইয়র্ক শহরের স্কুলগুলোতেই ২৪টি ক্রিকেট দল আছে। এমন দিন হয়তো শিগগিরই আসবে যখন টাইগারদের জন্য শুধু নয়, টেলিভিশনের সেট ঘিরে আমরা আমেরিকা প্রবাসীরা ইগলদের জন্যও গলা ফাটিয়ে চিৎকার করব।
পটোম্যাক ফলস-ভার্জিনিয়া