আমেরিকান শিক্ষাব্যবস্থা সম্পর্কে সঠিক তথ্য জানতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সম্মেলনে নিজের অভিজ্ঞতার কথা বলছেন এক বক্তা
শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সম্মেলনে নিজের অভিজ্ঞতার কথা বলছেন এক বক্তা

নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে ১২ আগস্ট স্ট্যান্ড আউট মেন্টোরিং অ্যান্ড টিউটোরিংয়ের উদ্যোগে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক সম্মেলন আয়োজন করা হয়েছে। এতে বিপুলসংখ্যক বাংলাদেশি শিক্ষার্থী ও অভিভাবকের পাশাপাশি ভারতীয়, স্প্যানিশ, নেপালি, ভুটানি শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল বেশির ভাগ অভিবাসী অভিভাবকেরা আমেরিকান শিক্ষাপ্রতিষ্ঠান সম্পর্কে কি ধারণা পোষণ করেন, সে সম্পর্কে জানা।
বাস্তবে আমেরিকার স্কুল কলেজগুলো কীভাবে পরিচালিত হয়, সে বিষয়ে আলোকপাত করা হয়। মূলধারার চাকরির জন্য করপোরেট কোম্পানিগুলো আসলে কী চায়—তা জানানো। সম্মেলনে মূল বক্তাদের সবাই ছিলেন আমেরিকার স্কুল, কলেজে পড়াশোনা করা বাংলাদেশি, স্প্যানিশ, ভারতীয় ও শ্বেতাঙ্গ আমেরিকান। সম্ভবত এই প্রথম প্রবাসী অভিভাবকেরা শুনলেন নতুনেরা কী বলতে চায়। নতুনেরা তাদের অভিজ্ঞতার কথা বলেন যেন অন্যান্য অভিভাবক তাদের সন্তানদের পড়ালেখার বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন।
অনুষ্ঠান পরিচালনা করেন আলিফ আলম। তিনি চার বছর আগে বোস্টনে স্ট্যান্ড আউট ম্যানন্টোরিং অ্যান্ড টিউটোরিং শুরু করেন। তিনি নিউইয়র্কের স্টাইভেসেন্ট স্কুল থেকে গ্র্যাজুয়েশন করেন। বোস্টন বিশ্ববিদ্যালয় থেকে অঙ্ক ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি নেন। তিনি বলেন, এখন পর্যন্ত তাঁর জীবনে সবচেয়ে বড় ভুল স্টাইভেসেন্ট স্কুলে যাওয়া। তিনি ব্যাখ্যা করেন, স্টাইভেসেন্ট স্কুলে যেতে যে পরিবেশ বা পরিস্থিতি প্রয়োজন ওই সময় সেটা তাঁর অনুকূলে ছিল না। তিনি সন্তানদের স্কুলে পাঠানোর সময় পারিপার্শ্বিক পরিস্থিতি বিবেচনা করতে অভিভাবকদের অনুরোধ করেন। না হলে সেটা শিক্ষার্থীদের পরবর্তী জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
আলিফ আরও বলেন, অভিভাবকেরা নিজেদের মধ্যে গর্ব করতে গিয়ে প্রায়শই সন্তানদের ক্ষতি করেন। সন্তানদের কথা ভাবেন না। ভাবেন অন্য অভিভাবকেরা কী বলবেন। অথচ ওই অভিভাবকও অভিবাসী, যিনি আমেরিকার শিক্ষাব্যবস্থা সম্পর্কে জানেন না বললেই চলে। আর যাঁরা জানেন, তাদের সংখ্যা খুবই কম। তাই হুজুগে না চলে, সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অভিভাবকদের উচিত আমেরিকান শিক্ষাব্যবস্থা সম্পর্কে সঠিক তথ্য জানা।
বাংলাদেশের প্রবাসী নতুন প্রজন্মের বক্তা দেওয়ান আহমেদ বলেন, তিনি বিশেষায়িত স্কুলে সুযোগ পেলেও সেখানে না গিয়ে বাড়ির কাছের স্কুলে যান। আর তাই কর্নেল ইউনিভার্সিটিতে বিনা খরচে পড়াশোনা শেষ করেন। বর্তমানে তিনি ওরাকল কোম্পানিতে কাজ করছেন। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনার সন্তানকে সাহায্য করতে সঠিক তথ্যাদি জানুন।
নতুন প্রজন্মের শ্বেতাঙ্গ আমেরিকান জর্ডানা চার্চিল। পেশায় শিক্ষিকা এই তরুণী বলেন, ‘অভিবাসী শিক্ষার্থীরা খুবই মেধাবী। কিন্তু সঠিক তথ্যের অভাবে অনেক অভিভাবক সন্তানদের শিক্ষার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেন। এর জন্য শিক্ষার্থীকে চরম মূল্য দিতে হয়। তিনি আরও বলেন, অভিভাবকেরা অন্য দেশ থেকে এ দেশে এসেও সন্তানদের আমেরিকান করতে চান না, চান তাদের দেশের মতো করে গড়ে তুলতে। তাঁরা ভুলে যান, সন্তানটি তাদের হলেও ওরা আমেরিকান।
স্প্যানিশ তরুণী ডেনিস হার্নানডেজ আইভিলীগ ইউনিভার্সিটিতে এখন আইন বিষয়ে পড়ছেন। তিনি বলেন, শিক্ষার্থীদের বুঝতে হবে মূলধারায় কীভাবে চলতে হয়। শুধু ভালো ফল করলেই চলবে না, সামাজিকভাবেও মূল ধারায় চলাফেরা করতে জানতে হবে। তা না হলে যোগ্যতা থাকা সত্ত্বেও তারা ভালো করতে পারবে না।
ভারতীয় বংশোদ্ভূত আরতি প্যাটেল ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটসে পড়াশোনা করেছেন। তিনি বলেন, ‘আমাদের অভিভাবকদের একটি বড় সমস্যা সন্তানকে অন্যের সঙ্গে তুলনা করা। অন্যের সন্তানের সঙ্গে তুলনা করতে গিয়ে নিজের সন্তানের ভালো মন্দের বিচার করেন না। সন্তানের জন্য কোনটা ভালো বুঝতে হবে, অন্যের কাছে গর্ব করা নয়।’
অনুষ্ঠানের শেষ দিকে বক্তব্য বক্তৃতা করেন সৈয়দ মহম্মদ উল্লাহ, মিনজাহ আহমেদ ও দেওয়ান আলম। মহম্মদ উল্লাহ বলেন, ‘আমাদের মূল ধারায় ভালো করতে হলে নতুন প্রজন্মের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে। ওদেরকে মূল ধারায় যেতে হলে অভিভাবকদের মূল ধারা সম্পর্কে সঠিকভাবে জানতে হবে।’
মিনহাজ আহমেদ বলেন, তিনি যেহেতু এ দেশের শিক্ষা ব্যবস্থায় কাজ করেন, তাই তিনি মনে করেন, সন্তান কোন স্কুলে যাচ্ছে তার চেয়ে সন্তান কীভাবে পড়াশোনা করছে, সেটা বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশি কমিউনিটিতে নতুন ধারার টিউটোরিং ব্যবস্থার মূল উদ্যোক্তা দেওয়ান আলম বলেন, তিনি তাঁর নিজের সন্তানদের বড় করতে বাবা হিসেবে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, সেটাই অন্যান্য অভিভাবককে জানাতে চান।