আমেরিকানদের কাছে তিনি কমেডিয়ান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুহসিন খান
মুহসিন খান

গোপালগঞ্জের মুকসুদপুরে তাঁর বাড়ি। সেখানে তাঁকে সবাই চেনেন মহসিন আলী খান নামে। নিউইয়র্কে এসে বনে গেছেন মুহসিন খান। উচ্চশিক্ষার জন্য ১৯৯৬ সালে ভর্তি হয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তখনই সুযোগ আসে আমেরিকায় আসার। এখানে এসে তিনি কম্পিউটার সায়েন্সে নিউইয়র্ক সিটি কলেজ থেকে বিএস ডিগ্রি নেন। এরপর ঢোকেন কর্মজীবনে। আছেন নিউইয়র্ক সিটির বোর্ড অব এডুকেশন বিভাগে। একজন মানুষের জীবনে এটুকু অর্জন একেবারে কম নয়। তবে মুহসিন খানের আরও পরিচয় আছে। অবশ্য এখনো নিউইয়র্কের বাঙালি কমিউনিটির কাছে নামটি তেমন পরিচিত নয়। কারণ, তিনি এমন এক ব্যতিক্রমী ক্ষেত্রের মানুষ, যাঁর সম্পর্কে বাংলাদেশি কমিউনিটি সামান্যই জানে।
যা হোক, চেষ্টা করা যাক মুহসিন খানের পরিচয় তুলে ধরার। তিনি নিউইয়র্কভিত্তিক টেলিভিশন মঞ্চ ও চলচ্চিত্রজগতে কর্মরত একজন স্ট্যান্ডআপ কমেডিয়ান। স্ট্যান্ডআপ কমেডির আনুষ্ঠানিক ও ধারাবাহিক চর্চার একটি ধারা যে দীর্ঘকাল ধরে এখানে চালু আছে, এ কথাই-বা বাংলাভাষী কমিউনিটির কয়জন জানেন! সম্প্রতি কলকাতাভিত্তিক একটি বাংলা টিভি চ্যানেলে প্রচারিত ‘মীরাক্কেল’-এর দর্শকেরা স্ট্যান্ডআপ কমেডিকে নামে না চিনলেও মাধ্যমটিকে চিনবেন। ওই অনুষ্ঠানে যেভাবে কৌতুক পরিবেশন করা হয়, তার সঙ্গে স্ট্যান্ডআপ কমেডিয়ানের কৌতুক পরিবেশনের মিল রয়েছে।
স্ট্যান্ডআপ কমেডিয়ানরা সাধারণত নির্দিষ্ট সময়ের মধ্যে তাঁদের বাহাদুরি সারেন। কিছুটা তাঁদের কথা বলার স্টাইলের প্রয়োগে, কিছুটা কৌতুককর ঘটনার সৃজনশীল উপস্থাপনা এবং কিছুটা উপস্থিত দর্শকদের ওপর প্রভাব বিস্তারের ক্ষমতার ওপর তাঁদের নির্ভর করতে হয়। বাংলাদেশেও এ ধরনের পরিবেশনা দেখা যায়, বিশেষ করে স্কুল-কলেজে বা পাড়ার সাংস্কৃতিক অনুষ্ঠানে কিংবা টেলিভিশনের ম্যাগাজিন অনুষ্ঠান এমনটি হয়ে থাকে। তবে বাংলাদেশের পরিবেশনা-আঙ্গিকের সঙ্গে এখানকার স্ট্যান্ডআপ কমেডির সূক্ষ্ম পার্থক্য রয়েছে। বাংলাদেশের কৌতুকাভিনেতারা অপ্রস্তুত দর্শককে চমক দিয়ে জানা গল্পকেও হাসির উৎস করে তোলেন। কারণ, তাঁদের সম্বল কেবল স্বতঃস্ফূর্ত পরিবেশন প্রতিভা। আর মার্কিন স্ট্যান্ডআপ কমেডিয়ানরা কৌতুক শুনতে প্রস্তুত দর্শকদের সামনে নিয়মকানুন মেনে তাঁদের কৌতুক হাজির করেন। ফলে অপ্রস্তুত সাধারণ দর্শকেরা হয়তো কমেডিয়ান পরিবেশিত অনেক সূক্ষ্ম অলংকারকে ধরতেই পারবেন না।
স্ট্যান্ডআপ কমেডি নিয়ে একাডেমিক আলোচনা নয়, আমরা এখানে চিনতে চাইছি নিউইয়র্কের স্ট্যান্ডআপ কমেডিয়ান মুহসিন খানকে। জনাব খান তাঁর বন্ধুমহলে প্রাথমিকভাবে পরিচিত ছিলেন হাস্যরসবোধসম্পন্ন মানুষ হিসেবে। পরে তিনি ভাবলেন, এ নিয়ে একটু এগিয়ে যাবেন। ভর্তি হলেন ম্যানহাটন কমেডি স্কুলে। প্রথমে সেখানে তিনি আট সপ্তাহের প্রস্তুতি নিলেন লেভেল ওয়ান ও লেভেল টুর। এই স্তর পার হওয়ার পর নিলেন ইমপ্র লেভেল ওয়ান প্রশিক্ষণ। এই স্কুল নিয়মিতভাবে পেশাদারি কোর্স পরিচালনা করে। হলিউড তথা আন্তর্জাতিক চলচ্চিত্রজগতের তারকারা সেখানে প্রশিক্ষণ দেন। কমেডি পরিবেশনের পেশাদারি শিখলেন সেখানে। শিখলেন নির্দিষ্ট সময় পরিসরের মধ্যে কীভাবে আসরটাকে জমিয়ে তুলতে হবে। কখন উপস্থাপন করতে হবে কমেডির সবচেয়ে মোক্ষম অংশ। রেড লাইট সংকেত বুঝে কখন শেষ করতে হবে—এগুলো শেখানো হয়েছিল কমেডি স্কুলে। মুহসিন খান জোর দিলেন এখানকার পেশাদারির ওপর। সৎ ও পেশাদারি দৃষ্টিভঙ্গি অর্জন না করলে এখানে মূলধারায় কিছুতেই যাওয়া সম্ভব নয়। এরপর তিনি যুক্ত হন গথাম কমেডি ক্লাবে। গথাম কমেডি ক্লাব নিয়মিত কমেডি প্রদর্শনীর আয়োজন করে। ২০১৪ সালে সেখানে তিনি প্রথম অবতীর্ণ হন পেশাদার একজন কমেডিয়ান হিসেবে। কথায় কথায় বললেন, দুই ধরনের কমেডিরই চর্চা হয় এখানে। একটি ‘ফিলদি’ আরেকটি ‘ক্লিয়ার’। তিনি মূলত ‘ক্লিয়ার’ কমেডিরই চর্চা করেন। ‘ফিলদি’ কমেডির ভাষ্যে একটু-আধটু যৌনতার গন্ধ থাকে।
নিজেকে যথার্থ কমেডিয়ান অভিনেতা হিসেবে গড়ে তুলতে মুহসিন খান অ্যাকটিং স্কুল অব ফিল্ম অ্যান্ড টেলিভিশন থেকে অভিনয়ও শিখেছেন। গত কয়েক বছরে তিনি কমেডিয়ান হিসেবে মঞ্চে, টেলিভিশনে ও সিনেমায় অভিনয় করেছেন। গথাম কমেডি ক্লাব, আটলান্টিক সিটির তাজমহল ক্যাসিনো, নিউইয়র্কের ব্রডওয়ে কমেডি ক্লাব, গ্রিনউইচ ভিলেজ কমেডি, অ্যাপোলো থিয়েটার, দি মেট্রোপলিটন রুম, দি স্ট্যান্ড এনওয়াইসি, কমেডি ডাঙ্গেওন প্রভৃতি বিশিষ্ট কমেডি মঞ্চে কৌতুক পরিবেশন করে নিজের যোগ্যতা প্রমাণ করেছেন।
২০১৪ সাল থেকে এ পর্যন্ত ১৯টি চলচ্চিত্রে তিনি কমেডি চরিত্রে অভিনয় করেছেন। এর মধ্যে নিজের প্রযোজিত এবং পরিচালিত চলচ্চিত্রও রয়েছে। ইটস ফ্রি চলচ্চিত্রে টেকনো ফ্যামিলি ম্যান চরিত্রে, দি ইনভিজিবল ওয়ার্ম চলচ্চিত্রের সিঙ্গার চরিত্রে, গ্রুকেড অ্যান্ড ন্যারো সিনেমায় ক্যাসিনো ক্যাশিয়ার চরিত্রে, দি সেটআপ ছবির মি. খান চরিত্রে তিনি অভিনয় করেছেন। সাম্প্রতিকতম কাজের মধ্যে রয়েছে টিকিট কপ ছবির ইন্ডিয়ান ম্যান চরিত্র, ব্ল্যাক লিস্ট রিডেম্পশন ছবির সিরিয়ান শরণার্থীর চরিত্র, দি ফিভার ছবির উইটনেস ওয়ান চরিত্র, এইচবিও ডিভোর্স ছবির গলফার চরিত্র এবং দি অনিয়ন ছবির কার্লি চরিত্র।
২০১৪ ও ২০১৫ সালে চারটি টিভি সিরিয়ালে তিনি অভিনয় করেন। তাঁর অভিনীত মঞ্চ টিভি ও সিনেমার তালিকা বেশ লম্বা। আপাতত আমরা কথা বলি তাঁর কাজের অভিজ্ঞতা নিয়ে। আমাদের সঙ্গে কথা বলার সময় তাঁর কথায় আমেরিকান প্রমিত ইংরেজি উচ্চারণ এসে যাচ্ছিল বারবার। আসলে তাঁর সব কর্মকাণ্ডই চলে মূলধারার আমেরিকানদের সঙ্গে। ফলে ভাষায় এই মার্কিন টান। জিজ্ঞেস করলাম, আপনি শোতে ইংরেজি বলতে বলতে কখনো আমাদের দেশের কথা বলেও কমেডি করেন? তিনি বললেন, আমেরিকা এমন একটা দেশ, যেখানে পৃথিবীর প্রতিটি দেশ থেকে মানুষ এসেছে। আমাকে সবার উদ্দেশে অভিনয় করতে হয় বলে ইংরেজি ভাষাই ব্যবহার করতে হয়। তবে শোর মধ্যে বাংলা ভাষার সৌন্দর্যও আমি দু-একবার তুলে ধরি। মুহসিন খান জানালেন, মীরাক্কেলের আবু হেনা রনির সঙ্গে তাঁর ভালো বন্ধুত্ব আছে।
বাঙালি কমিউনিটিতে আপনি একেবারেই পরিচিত নন কেন এমন প্রশ্নের জবাবে তিনি বললেন, ‘আসলে আমি যেসব জায়গায় শো করি, সেখানে বাঙালিদের প্রায় দেখাই যায় না। নিউইয়র্কভিত্তিক যেসব সিনেমায় আমি অভিনয় করি, সেগুলোর দর্শকও বাঙালিরা খুব কমই! ফলে আমাকে বাংলা কমিউনিটির কেউ চেনেই না। বললেন, ‘আমি যে কমেডিয়ান হব, আগে কখনোই ভাবিনি। যখন ভেবেছি তখন যেভাবে যা করতে হয় তা করলাম। কোনো প্রতিকূলতার মধ্যে পড়তে হয়নি। কিন্তু বাঙালি কমিউনিটির মানুষ মূলত নিজেদের মধ্যেই ঘোরাফেরা করে বলে তাদের সুযোগও সীমিত। নিজেদের বৃত্ত থেকে একটু বের হতে পারলেই উন্নতি করা সম্ভব।’
চলচ্চিত্র কাস্টিং পান কী করে—এমন প্রশ্নের জবাবে মুহসিন খান বললেন, ‘পেশাদারি কমেডিয়ান হতে যা যা করতে হয়, তা আমি করেছি। কাস্টিং প্রযোজকেরা আমাদের সম্পর্কিত তথ্য জানেন। পরিচালকদের বা কোম্পানির চাহিদার সঙ্গে মিলিয়ে আমাদের ডাক পড়ে। একবার সঠিক ট্র্যাকে পড়ে গেলে ধীরে ধীরে সুযোগ আসতে থাকে। আমি শিক্ষা বিভাগে চাকরি করি। এখন আমার দ্বিতীয় পেশা হয়ে উঠেছে কমেডিয়ান হিসেবে। অনেকে তো কেবল এই পেশাতেই আছে এবং খুব ভালো আছে। আর তারকা হয়ে গেলে তো কথাই নেই!’
সহকর্মী মুরাদের আমন্ত্রণে মুহসিন খান এসেছিলেন প্রথম আলোর উত্তর আমেরিকা কার্যালয়ে। অনেক কথা হলো, ফটোও তোলা হলো তাঁর সঙ্গে। মার্কিন দেশের মুহসিন খানের সঙ্গে কথাবার্তায় আমরা কিন্তু একজন হৃদয়বান ও বিনয়ী ব্যক্তি মানুষকেই পেলাম। কথায় কথায় কী করে যে এক ঘণ্টা পেরিয়ে গেল বুঝতেই পারলাম না।