আমেরিকানরা নিজ দেশে আর বাইরে এক নয়
>এম এম আকাশ বাংলাদেশের বৌদ্ধিক পরিমণ্ডলে পরিচিত একটি নাম। তাঁর ব্যক্তিত্বের আরেকটি দিক হচ্ছে তিনি একজন রাজনীতিবিদ। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা, কেন্দ্রীয় কমিটির সদস্য। কিন্তু বাংলাদেশে রাজনীতিবিদদের যে গড়পড়তা চেহারা তার সঙ্গে তাঁর মিল নেই। বুদ্ধিজীবী হিসেবে তাঁকে যতটা স্মরণ করা হয় সেই তুলনায় রাজনীতিক হিসেবে তিনি ততটা পরিচিত হতে পারেননি। তুলনায় বুদ্ধিজীবিতায় ও সামাজিকতায় তাঁর ভূমিকা অনেক বেশি দৃশ্যমান। কারণ পাণ্ডিত্যপূর্ণ বিষয়কে প্রাঞ্জলভাবে উপস্থাপনের জন্য তিনি সমাদর পান। বিশেষ করে বৌদ্ধিক মহলে তাঁর বাগ্মিতার খ্যাতি আছে। সম্প্রতি নিউইয়র্কে এসেছেন এই গুণী ব্যক্তিত্ব। তাঁর নিউইয়র্কে আসার উদ্দেশ্য অক্টোবর বিপ্লবের শতবর্ষ উদ্যাপন অনুষ্ঠানে যোগ দেওয়া। রুশ বিপ্লবের শতবর্ষ ও বাংলাদেশের রাজনীতির পরিপ্রেক্ষিত নিয়ে তিনি বক্তৃতা করেন। সেই সূত্র ধরেই তাঁর সঙ্গে কথা বলে প্রথম আলো। সাক্ষাৎকার নিয়েছেন আহমাদ মাযহার

প্রথম আলো: আপনি তো কয়েকবার আমেরিকায় এসেছেন। কিছুকাল থেকেও গেছেন। আর নিউইয়র্কেও তো এসেছেন?
এম এম আকাশ: আমি অল্প দিন থেকেছি আমেরিকায়। তাও নিউইয়র্কে নয়, নিউ অর্লিন্সে। আমি ইউনিভার্সিটি অব নিউ অর্লিন্সে এডজাংট হিসেবে অর্থনীতির একটা কোর্স পড়িয়েছি। নিউইয়র্কে আমি বেশি থাকিনি। নিউইয়র্কের সমাজের সঙ্গে কোনো বোঝাপড়া হয়নি।
প্রথম আলো: একটি পুঁজিবাদী দেশ হিসেবে বাংলাদেশে-আমেরিকা সম্পর্কে আমাদের যে নেতিবাচক মনোভাব বিরাজ করে—আপনার কাছে কি আমেরিকাকে সে রকম নেতিবাচক লাগল? এখানে কয়েকবারের আসা যাওয়ার অভিজ্ঞতার আলোকে বলুন।
এম এম আকাশ: আমেরিকায় এসে সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদ সম্পর্কে যে ধারণা ছিল, তা ভেঙে নতুন একটা সিনথিসিস হয়েছে। তবে এর একটা ব্যাখ্যাও আমি খুঁজে পেয়েছি। সেটা হলো প্রথম আমি আমেরিকাতে দেখলাম—কাজ সেটা শারীরিক হোক বা মানসিক হোক, সব কাজ আর সব কর্মীর সামাজিক মর্যাদা এক! সামন্তবাদী সমাজের মতো এখানে শ্রেণি বিভেদ নেই। এটা প্রথম আমার কাছে খুব আশ্চর্য লাগল। এটা তো খুব হেলদি এবং পজেটিভ একটা ক্যারেক্টার...।
প্রথম আলো: আপনি বলতে চাচ্ছেন, সমাজতন্ত্র যেটা বলে এখানে অনেকটা তাই দেখছেন
এম এম আকাশ: সমাজতন্ত্র তো অন্য জিনিস, সেটা আপনাকে হোল সোসাইটির ম্যাক্রো লেভেলে গিয়ে দেখতে হবে। আমেরিকানরা আমেরিকায় যে রকম, বাইরে তো সেরকম না। আবার আমেরিকার এক ভাগ যে রকম ৯৯ ভাগ তো সে রকম না, সেটা হলো ম্যাক্রো। কিন্তু মাইক্রো লেভেলে কালচার ও ইনস্টিটিউশন এবং প্র্যাকটিস সেখানে সামন্তবাদী শ্রেণি বিভেদ অনুপস্থিত! এটা দেখে আমি বিস্মিত হয়েছিলাম। একটা উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। যেমন আমি যে বিভাগে মাইক্রো ইকোনমিকস পড়িয়েছি সে বিভাগের চেয়ারম্যান ছিলেন ওয়াল্টার লেন। আমি চিন্তা করি, চেয়ারম্যানের চলাফেরা, হাঁটা এবং তাঁর অধীনস্থ শিক্ষক ও কর্মীদের সম্পর্কটা কেমন। ওখানে দেখলাম, দুপুর একটার বিরতির সময় ওয়াল্টার লেন এবং তাঁর অধীন সবচেয়ে নিচু স্তরের কর্মচারী আর তাঁর অধীনে থাকছেন না। ওই কেরানি টেবিলের ওপর পা উঠিয়ে বসে আছে। ওয়াল্টার লেন ঢুকছেন, কিন্তু তিনি পা নামাচ্ছেন না! এই উদাহরণই যথেষ্ট!
প্রথম আলো: আমার অনুভূতিও অনেকটা এ রকমই ছিল। মালিক-শ্রমিক সম্পর্ক চাকরির সীমানাতেই শেষ। এর বাইরে সে সমান। চাকরিদাতা বা ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁকে নির্দিষ্ট শ্রমের বিনিময়ে কেবল কাজটুকুর সময় কিনেছে। সম্পর্কও শুধু ওই কাজের সঙ্গে, এর বেশি নয়!
এম এম আকাশ: এটা খুব গুরুত্বপূর্ণ! এর কারণও বা রহস্য কি, সেটাও আমি চিন্তা করেছি। এর উত্তরও পেয়েছি। সেটা হলো, আমেরিকা এমন একটা সোসাইটি যে কোনো দিন সামন্তবাদের মধ্য দিয়ে পাস করেনি। দাসত্ব থেকে সরাসরি পুঁজিবাদে চলে গেছে এবং দাসত্বের বিরুদ্ধে গৃহযুদ্ধ করে গেছে। একটা বিপ্লব করে সে পুঁজিবাদে গেছে। সামন্তবাদের তার কোনো ঐতিহ্য নেই। ওই যে শ্রদ্ধা ভক্তি... এই... সেই...কিচ্ছু নাই!
প্রথম আলো: আপনি তো অনেক দেশে গিয়েছেন। ইউরোপ ভ্রমণ করেছেন...।
এম এম আকাশ: রাশিয়ায় গিয়েছি, পূর্ব ইউরোপের দেশগুলোতে গেছি। জিডিআর মানে সমাজতান্ত্রিক ইউরোপ আমি দেখেছি...
প্রথম আলো: এসব ভ্রমণ তো সমাজতান্ত্রিক যুগে?
এম এম আকাশ: সমাজতান্ত্রিক যুগেও গেছি আবার এবারও গিয়েছি এবারও দেখলাম...।
প্রথম আলো: এসব দেশে যে ঘুরলেন সেখানে কি মেয়েদের যে অবস্থান দেখলেন তার সঙ্গে আমেরিকার মেয়েদের কোনো পার্থক্য চোখে পড়ে?
এম এম আকাশ: হাঁ, অবশ্যই! ওখানকার মেয়েরা তো মোর মাদারলি। ওখানকার মেয়েদের মধ্যে প্রাচ্যের যে ক্যারেক্টারটা যেটা আমি রাশিয়াতেও দেখেছি...আমাদের দেশে তো আছেই...। ওখানকার মেয়েরা স্বাভাবিকভাবে নিজেরাই তাদের ভূমিকাকে একটু যেন ছোট করে রাখে। এখানে মেয়েরা মনে হয় সেটা মনে করে না। রোমানিয়া থেকে, হাঙ্গেরি থেকে এসে, ওরা আমার বউয়ের বন্ধু ছিল, তাদের দেখলাম তারা খুশি! অবশ্য এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করব, এখানে মেয়ে পুরুষের সম্পর্কটা নট প্লেটোনিক লাভ বেজ্ড, মোর কমোডটি বেজ্ড।
প্রথম আলো: আমাদের মতো দেশ থেকে আমরা সবচেয়ে শক্তিশালী পুঁজিবাদী দেশ মনে করি আমেরিকাকে। বাংলাদেশে থেকে সেই আমেরিকার প্রতি পুঁজিবাদী দেশ হিসেবে যে বিদ্বেষ ভাব পোষণ করতাম, সেই অনুভূতি আমেরিকায় এসে কী রকম দাঁড়ায়, কোনো কমপ্লেক্স হয়?
এম এম আকাশ: রবীন্দ্রনাথের কথা দিয়ে এটা বোঝানোর চেষ্টা করি। তিনি একবার ইংরেজদের সম্পর্কে বলতে গিয়ে বলেছিলেন, ইংরেজ দুই রকম। বড় ইংরেজ আর ছোট ইংরেজ। ছোট ইংরেজ হচ্ছে ভারতবর্ষে, মানে আমাদের দেশে যারা আসে তারা। আর বড় ইংরেজ হচ্ছে যারা ব্রিটেনে থাকে। সে রকম আমেরিকানদের দুটো ফেস। একটা হচ্ছে বিগ পাওয়ার, ওয়ার্ল্ড পাওয়ার এবং তাদের আগ্রাসন, ভিয়েতনামে তারা টনকে টন বোমা ফেলতে পারে এবং এতে তাদের অসুবিধা নাই! আবার এখানে যে গড়পড়তা আমেরিকান তারা কিন্তু হয়তো এটার সঙ্গে জড়িতই না।
প্রথম আলো: অর্থাৎ আমেরিকার পররাষ্ট্রমন্ত্রীর পলিসির সঙ্গে এ দেশের মানুষের মনস্তত্ত্বের কোনো সম্পর্ক নেই!
এম এম আকাশ: ওটা হচ্ছে শাসক শ্রেণি! আর এখানে নিপীড়িত শাসিত শ্রেণি আছে…তাদের সঙ্গে ওই আমেরিকানদের ভাবনার জগৎ আলাদা।
প্রথম আলো: এবার একটু অন্য প্রসঙ্গে আসি। রুশ বিপ্লবের শতবর্ষের অনুষ্ঠানের বক্তৃতায় বর্তমান আওয়ামী লীগ সরকার আর বিএনপি-জামায়াতের ক্ষমতায় যাওয়ার প্রক্রিয়া নিয়ে আপনি কিছু কথা বললেন। দলের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবে সেখানে সিপিবির অবস্থান কী সেটা বললেন। এটা তো আপনার দলীয় অবস্থানের দিক থেকে বলা। আবার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, সামাজিক বিভিন্ন সংগঠনের বৌদ্ধিক পরিমণ্ডলের মানুষ হিসেবে আপনি যখন বক্তৃতা দিতে যান তখন সব জায়গায় তো আপনি সিপিবিকে প্রতিনিধিত্ব করছেন না, আপনার নিজের যেটা উপলব্ধি যেটা বুদ্ধিজীবী হিসেবে আপনার স্বাধীন মত সেটা বলেন। অনেক সময় আপনি বলেন এটা আমার মত, দলের নয়। এই যে একই মানুষের দুইটা সত্তাকে আলাদাভাবে দেখা—এটা দেখার জন্য কি আমাদের সমাজ এখন প্রস্তুত? কীভাবে নিজের এই দ্বৈত নীতিকে সামলান?
এম এম আকাশ: হাঁ, সব জায়গায় আমি একই বক্তৃতা দিই না। অনেক ক্ষেত্রে আমি আমার নিজস্ব মতও প্রকাশ করি। সেদিনের বক্তৃতাতেও বলেছি। আমি মনে করি, যিনি বলছেন তাঁর সততা-সরলতা সম্পর্কে উভয় পক্ষ যদি নিঃসন্দেহ হয় তাহলে এটা হ্যান্ডেল করা কঠিন হয় না।
প্রথম আলো: আপনাকে ধন্যবাদ
এম এম আকাশ: আপনাকেও