আমেরিকার একাধিক নগরে শরিয়া আইনের বিরুদ্ধে প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাষ্ট্রে শরিয়াবিরোধী বিক্ষোভ
যুক্তরাষ্ট্রে শরিয়াবিরোধী বিক্ষোভ

আমেরিকার বড় বড় নগরে অ্যাক্ট ফর আমেরিকা নামের একটি সংগঠন মুসলিম শরিয়া আইনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছে। গতকাল শনিবার নিউইয়র্ক, আটলান্টা, ডালাসসহ অন্তত ২০টি নগরে মুসলমানদের বিরুদ্ধে এ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কোথাও কোথাও পাল্টা বিক্ষোভও হয়েছে। দু পক্ষের সংঘর্ষ এবং নাগরিক আইন অমান্যের কারণে বিক্ষোভ সমাবেশ থেকে ব্যাপক ধর পাকড় করেছে পুলিশ। কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটলেও আমেরিকায় একটি ধর্ম গোষ্ঠীকে লক্ষ্য করে এমন বড় ধরনের প্রতিবাদ এবারই প্রথম হয়েছে।
আমেরিকার নিরাপত্তার জন্য স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাক্ট ফর আমেরিকা তাদের সাংগঠনিক ইতিহাসে এবারই এমন বড় সমাবেশ করতে পেরেছে বলে দাবি করেছে। সংগঠনটি আমেরিকায় মুসলমানদের জন্য শরিয়া আইন এবং অন্যান্য ধর্মীয় আইন প্রণয়নের বিরুদ্ধে। তাদের অন্তত পাঁচ লাখের বেশি সদস্য আছে দাবি করা হয়।
মার্চ অ্যাগেইনস্ট শরিয়া বা শরিয়া আইনের বিরুদ্ধে পদযাত্রার ডাক দিয়েছিল অ্যাক্ট ফর আমেরিকা। আমেরিকার বড় বড় নগরগুলোতে তাদের ডাকে সাড়া দিয়ে সকাল থেকে লোকজনের জড়ো হতে দেখা যায়। তাদের ডাকা পদযাত্রার বিপক্ষে উদারনৈতিক নাগরিক আন্দোলনের কর্মী-সংগঠকদেরও মাঠে নামতে দেখা গেছে। মিনেসটা নগরে সাতজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে রাজ্য পুলিশ। সিয়াটল নগরে সমাবেশকারীদের হঠাতে পুলিশ পিপার স্প্রে ব্যবহার করে। অক্সিডেন্টাল পার্কে সমবেত অ্যাক্ট ফর আমেরিকার সমর্থকদের অন্য পক্ষ ধাওয়া করলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পুলিশ এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে। সিয়াটল পার্কের কাছে অ্যাক্ট ফর আমেরিকার সমর্থকেরা সমাবেশ করে বলেন, ‘আমরা মুসলমানদের বিপক্ষে নয়। উগ্রবাদী মুসলমানদের বিরুদ্ধেই আমাদের প্রতিবাদ বিক্ষোভ।’ এ সময় তাদের বিরুদ্ধে কয়েক শ লোক পাল্টা সমাবেশ করলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টা সমাবেশ থেকে বলা হয়, ‘আমরা আমাদের মুসলমান প্রতিবেশীদের পক্ষে দাঁড়াতে এসেছি। মুসলমানদের এ নগরে স্বাগত জানাতে এসেছি।’
নিউইয়র্কের ম্যানহাটনের অ্যাক্ট ফর আমেরিকার সমাবেশ থেকে দ্বিগুণ মানুষের উপস্থিতি ছিল পাল্টা সমাবেশে। নিউইয়র্কের সমাবেশে দেওয়া বক্তব্যে অ্যাক্ট ফর আমেরিকার বক্তারা বলেন, শরিয়া আইন পশ্চিমা গণতন্ত্র এবং মূল্যবোধের সঙ্গে মানায় না। নিউইয়র্কের সমাবেশে অ্যাক্ট ফর আমেরিকার সমাবেশের সময় পাশেই পাল্টা সমাবেশকারীরা ভেঁপু বাজিয়ে, চিৎকার দিয়ে সমাবেশ পণ্ড করে দেওয়ার চেষ্টা করেন। এ সময় নিউইয়র্ক পুলিশের শক্ত উপস্থিতিতে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সম্প্রতি ওরেগন রাজ্যের পোর্টল্যান্ডে হিজাব পরা মুসলমান নারীর ওপর হামলা ঠেকাতে দুজন নিহত হওয়ার পর নগরে অ্যাক্ট ফর আমেরিকাকে এখানে সমাবেশ করার অনুমতি প্রদান করা হয়নি। এরপরই সংগঠনটি সমগ্র আমেরিকায় সমাবেশের আহ্বান জানায়।
অ্যাক্ট ফর আমেরিকা এবং তাদের সমর্থকেরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোর সমর্থক বলে মনে করা হয়। নিজেদের নাগরিক সংগঠন দাবি করলেও সাউদার্ন পভার্টি ল সেন্টার নামক সংগঠন অ্যাক্ট ফর আমেরিকাকে একটি বিদ্বেষমূলক সংগঠন বলে মনে করে। ইন্টেলিজেন্স প্রজেক্টের পরিচালক হেইডি বেইরিচ বলেন, অ্যাক্ট ফর আমেরিকা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে সব মুসলমানকে জঙ্গিবাদের সঙ্গী বলতে চায়। তিনি বলেন, মুসলমান ধর্ম সম্পর্কে অপপ্রচার এবং ভুল ব্যাখ্যা ছড়িয়ে ভীতি ছড়ানোর কাজ করেছে অ্যাক্ট ফর আমেরিকা।
২০০৭ সালে প্রতিষ্ঠিত হয় অ্যাক্ট ফর আমেরিকা। এর প্রতিষ্ঠার পেছনে একজন লেবানিজ অভিবাসীর অবদান আছে বলে মনে করা হয়। ব্রিজিট গ্যাব্রিয়েল নামের ওই ব্যক্তি সরাসরি বলেছেন, ইসলামের নিয়ম নীতি আমেরিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক। মার্কিন নিরাপত্তা কলেজে দেওয়া বক্তব্যে ২০০৭ সালে ব্রিজিট গ্যাব্রিয়েল বলেছিলেন, একজন ধর্ম পালনকারী মুসলমান, যে কোরআনের কথা বিশ্বাস করে, যে মসজিদে যায়-সে কখনই আমেরিকার অনুগত নাগরিক হতে পারে না।
অ্যাক্ট ফর আমেরিকা সর্বত্র সক্রিয় রয়েছে। তারা মূলত মুসলমানদের জন্য শরিয়া আইনসহ অন্যান্য ধর্মীয় আইন প্রণয়নের বিরুদ্ধে প্রচার চালিয়ে আসছে। তাদের প্রচারের কারণেই অন্তত ১৩টি রাজ্যে শরিয়া আইনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। আমেরিকার কোথাও শরিয়া আইন বলে কিছু নেই। তারপরও এ নিয়ে রাজনীতি থেমে নেই। মুসলমানদের শরিয়া আইন চালু হলে নারীরা কতটা পীড়নের শিকার হবে, কতটা রক্ষণশীলতার সমাজ চলে যাবে-এ নিয়ে প্রচার এবং উসকানি প্রায়ই দেখা যায় এসব কিছু সংগঠনের পক্ষ থেকে।
আমেরিকার সংবিধানে এমনিতেই ধর্ম থেকে রাষ্ট্রকে পৃথক রাখা হয়েছে। এর মধ্যে এসব প্রচার বিভ্রান্তিকর বলে উদারনৈতিক ব্যক্তিরা মনে করেন। যদিও গত নির্বাচনে অ্যাক্ট ফর আমেরিকার সদস্যরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ব্যাপক প্রচারণায় যোগ দিতে দেখা গেছে। তাদের সঙ্গে প্রেসিডেন্টের রাজনৈতিক সম্পর্ক গভীর বলে মার্কিন মিডিয়ায় বলা হচ্ছে।