আমেরিকার দক্ষিণাঞ্চলে সরে যাচ্ছেন কৃষ্ণাঙ্গরা
আফ্রিকা অঞ্চলের নারীরা ব্যবহার করেন এমন বিরাটাকারের কানের দুল পরে গত শীতে ম্যানহাটনের মেডিসন অ্যাভিনিউয়ে বন্ধুদের অপেক্ষায় ঘোরাফেরা করছিলেন কৃষ্ণাঙ্গ রিনিক্যুয়া অ্যালেন। তিনি অনুভব করলেন, তাঁকে কিছু অচেনা মানুষ অনুসরণ করছে। অগত্যা তিনি একটা কফি শপে ঢুকে পড়েন।
কফিশপে ঢুকেই অ্যালেন এসপ্রেসোর অর্ডার দিলেন। কিন্তু কফিশপকর্মী এসপ্রেসো কি না, তা নিয়ে বারবার প্রশ্ন করতে থাকেন। অ্যালেন অনুভব করলেন, তাঁকে হেয় প্রতিপন্ন করার জন্যই বারবার একই প্রশ্ন করা হচ্ছে। কৃষ্ণাঙ্গ না হলে হয়তো তাঁকে এমন প্রশ্নবাণে জর্জরিত করা হতো না। এসপ্রেসো সাধারণ কফির চেয়ে কিছুটা দামি বলেই কফিশপের কর্মচারী ভাবছিলেন, কৃষ্ণাঙ্গ আবার এসপ্রেসো পান করবে নাকি?
অ্যালেন টুইটারে তাঁর মনের ক্ষোভ ঝাড়লেন। তিনি অনুভব করলেন, যেমনটি বলা হয়ে থাকে নিউইয়র্ক এখন আর তেমন উদার ও প্রগতিশীল (প্রগ্রেসিভ) নয়। তাঁর মতে, তরুণী ও কৃষ্ণাঙ্গদের জন্য নিউইয়র্ক এখন এক নির্জন জনপদ।
বস্তুত এত নির্জন যে ১৫ বছর ধরে কৃষ্ণাঙ্গ তরুণেরা নিউইয়র্ক থেকে সরে যাচ্ছেন। তাঁরা দক্ষিণের আটলান্টা, মিয়ামি, ডালাস এলাকায় বসবাসকে বেশি পছন্দ করছেন।
২০১৪ সালে কৃষ্ণাঙ্গরা টেক্সাস, জর্জিয়া, ফ্লোরিডা, নর্থ ক্যারোলিনা প্রভৃতি অঙ্গরাজ্যে চলে যান। ২০১৪ সালে নিউইয়র্ক সিটির কম্পট্রোলার কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০০০ থেকে ২০১৪ সালের মধ্যে নিউইয়র্ক সিটিতে আগমনকারীর মধ্যে ৬১ ভাগ শ্বেতাঙ্গ তরুণ। তাঁদের বয়স ১৮ থেকে ২৯ বছর।
প্রবীণ বিশ্লেষক আর্টেন গুলিস সেন্সাস তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দেখিয়েছেন, জাতীয় পর্যায়ে পুরো আমেরিকায় ২০১৪ সালে প্রায় ৮২ হাজার কৃষ্ণাঙ্গ তরুণকে দক্ষিণের রাজ্যগুলোতে চলে যেতে দেখা গেছে। তাঁদের মধ্যে ৪০ ভাগ আমেরিকার উত্তর-পূর্বাঞ্চলে, ৩৭ ভাগ মধ্য-পশ্চিমাঞ্চল এবং ২৩ ভাগ পশ্চিমাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে বসবাসে স্বাচ্ছন্দ্যবোধ করছেন।
বছরের পর বছর ধরে কৃষ্ণাঙ্গ তরুণেরা দক্ষিণে সরে যাচ্ছেন। এ প্রবণতা কেবল যুবসমাজের মধ্যেই সীমিত নয়। অ্যালেন মনে করেন, কৃষ্ণাঙ্গ সংস্কৃতি, তাদের আশা-আকাঙ্ক্ষা এখন আমেরিকার দক্ষিণাঞ্চলে প্রোথিত।
এক বছর ধরে কৃষ্ণাঙ্গ তরুণ সমাজের ওপর গবেষণা চালাতে গিয়ে অ্যালেন বহু কৃষ্ণাঙ্গের সাক্ষাৎকার নেন। তাঁদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। তাঁদের মধ্যে আইনজীবী, লেখক, নরসুন্দর, সেক্রেটারি রয়েছেন। যাঁরা দক্ষিণে সরে গেছেন, তাঁদের মতে কৃষ্ণাঙ্গদের জীবন এখন দক্ষিণে। সর্বত্র বর্ণবাদ রয়েছে। কমপক্ষে আটলান্টা নিউইয়র্কের চেয়ে অধিকতর বসবাসযোগ্য বলে তাঁরা মনে করছেন।
অ্যালেন নিজেকে প্রশ্ন করেন, ‘তাহলে আমিও কি দক্ষিণে সরে যাব?’