আমেরিকার দ্বিতীয় প্রশংসিত ব্যক্তি ট্রাম্প

ফেক নিউজ বা ভুয়া সংবাদ নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পই আমেরিকার দ্বিতীয় প্রশংসিত (অ্যাডমায়ার্ড) ব্যক্তি। স্বনামধন্য প্রতিষ্ঠান গ্যালাপ পরিচালিত জরিপে এ তথ্য উঠে এসেছে।
ডোনাল্ড ট্রাম্প বর্তমান মার্কিন প্রেসিডেন্ট হলেও আমেরিকায় সবচেয়ে প্রশংসিত ব্যক্তির তালিকায় তাঁর পূর্বসূরি প্রেসিডেন্ট বারাক ওবামা, নাকি ২০১৬ সালের নির্বাচনে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটন; এ নিয়ে বৈঠকি তর্ক চলতে পারে। কিন্তু গ্যালাপের জরিপ বলছে, ২০১৭ সাল ট্রাম্পের জন্য যতটা বাজে মনে করা হয়েছিল ততটা নয়। সর্বাধিক প্রশংসিত ব্যক্তির তালিকার শীর্ষ অবস্থান থেকে বারাক ওবামাকে সারতে না পারলেও অল্প ব্যবধানে দ্বিতীয় অবস্থানটি ঠিকই তিনি নিশ্চিত করেছেন।
জরিপের তথ্যমতে, ২০১৭ সালের সবচেয়ে প্রশংসিত ব্যক্তি হিসেবে বারাক ওবামার নামটিই উঠে এসেছে। ২০০৮ সাল থেকে এটিই যেন রেওয়াজে পরিণত হয়েছে। এ বছর জরিপে অংশগ্রহণকারীদের ১৭ শতাংশ বলেছেন তারা সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকেই অ্যাডমায়ার করেন। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রতি একই মত জানিয়েছেন ১৪ শতাংশ অংশগ্রহণকারী। জরিপে অংশ নেওয়া রিপাবলিকানদের ৩৫ শতাংশ এবং ডেমোক্র্যাটদের ৩৯ শতাংশ ওবামাকে সর্বাধিক প্রশংসিত ব্যক্তি বলে মনে করেন। জরিপে আমেরিকার সবচেয়ে প্রশংসিত নারী হিসেবে হিলারি ক্লিনটনের নাম উঠে এসেছে। গত ষোলো বছর ধরেই তিনি এ অবস্থানে রয়েছেন।
গ্যালাপের জেফরি জোন্স লিখেছেন, ট্রাম্পের অজনপ্রিয়তাই তাকে সর্বাধিক প্রশংসিত ব্যক্তি হিসেবে জয়ী হওয়ার পথে বাধার সৃষ্টি করেছে। সাধারণত ক্ষমতাসীন প্রেসিডেন্ট জনপ্রিয়তা হারালে, ক্ষমতার বাইরের কোনো বিখ্যাত ব্যক্তি তার বিকল্প হিসেবে চিহ্নিত হন।
গ্যালাপ পরিচালিত এ জরিপে ২০১৭ সালের সবচেয়ে প্রশংসিত ব্যক্তির তালিকায় আরও রয়েছেন পোপ ফ্রান্সিস, বিলে গ্রাহাম, জন ম্যাককেইন, ইলন ম্যাক্স, জেফ্ বেজোস ও দালাই লামা। হিলারি ক্লিনটনকে এই জরিপের ইতিহাসের সবচেয়ে প্রশংসিত নারী হিসেবে আখ্যা দেওয়া হয়েছে সংশ্লিষ্ট প্রতিবেদনে। তবে গত ১৫ বছরের মধ্যে এ বছরই তাঁর প্রাপ্ত সূচক সবচেয়ে কম। অবনমন হয়েছে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার অবস্থানেরও। আগের বছর তাঁর পক্ষে ৯ শতাংশ ভোট পড়লেও এ বছর পড়েছে ৭ শতাংশ। জরিপে প্রশংসিত ব্যক্তি হিসেবে তালিকায় উঠে আসা অন্য নারীদের মধ্যে রয়েছেন ওপরাহ্ উইনফ্রে, এলিজাবেথ ওয়ারেন, অ্যাঙ্গেলা মের্কেল, ব্রিটেনের রানি এলিজাবেথ ও আমেরিকার বর্তমান ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
জরিপে আমেরিকার সর্বাধিক খ্যাতিমান রাজনৈতিক পরিবার হিসেবে সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটনের পরিবারের নাম উঠে এসেছে। তিনি তার সময়ে ১৯৯৩ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে ছিলেন। তবে এরপর তিনি সেরা দশজন থেকে বাদ পড়েন। কিন্তু পরিবার হিসেবে এখনো আমেরিকার রাজনীতিতে বেশ দৃঢ় অবস্থানেই রয়েছে ক্লিনটন পরিবার।