আমেরিকার বেষ্ট সেলার বই 'আমেরিকান ডার্ট'

বালকটি তখন গোসলখানায়। প্রথম বুলেটটি সাঁই করে জানালা গলে বেরিয়ে গেল। মা লিডিয়া আট বছর বয়সী ছেলে লুকাকে আড়াল করে রাখলেন। তারা বাড়ির পেছনের উঠোনে গুলির শব্দ শুনতে পেল। সেখানে বাড়ির সবাই একটি মেয়ের ১৫ বছরের জন্মদিনের উৎসবে মেতেছিল। ১৬ জন মারা গেল।
ঘটনাটি ঘটেছিল মেক্সিকোর একটি ছোট্ট শহরে। লিডিয়া সেই শহরে একটি বইয়ের দোকান চালাত। সেখানেই পরিচয় হয় এক মাদক সম্রাটের সঙ্গে। বই নিয়ে হৃদ্যতা গড়ে উঠে লিডিয়ার সঙ্গে। কিন্তু লিডিয়ার সাংবাদিক স্বামী সেবাস্টিন মাদক সম্রাটের কুকর্মের সংবাদ প্রকাশ করে দেয়। মাদক সম্রাট সেবাস্টিনের পুরো পরিবারকে হত্যা করতে কুণ্ঠা বোধ করে না। বাড়ির উঠোনে যাদের হত্যা করা হলো তাদের একজন লিডিয়ার স্বামী সাংবাদিক সেবাস্টিন। এখানেই মা লিডিয়া আর পুত্র লুকার সংগ্রামের জীবন শুরু।
তারা মেক্সিকো থেকে পালিয়ে আমেরিকার সীমান্তের দিকে আসতে চায়। সে এক অবর্ণনীয় যাত্রা। ১৮ দিনে ১৬০০ মাইল। নিদ্রাহীন, শোকার্ত, ভ্রম বাতুলগ্রস্ত। চারদিকে মাদক সম্রাটের চর, পুলিশ তাদের, হোটেলে তাদের লোক, বিমান টিকিটের এজেন্ট তাদের লোক। মা আর ছেলে পালিয়ে এসে একটি মালবাহী গাড়িতে আরোহণ করে। ভয়ংকর সেই যাত্রা, কারণ এই ট্রেনটিতেও আছে মাদক সম্রাটদের থাবা। তারা অর্থের বিনিময়ে মানুষকে এই মালবাহী গাড়িতে আমেরিকার সীমান্ত পর্যন্ত আসতে সাহায্য করে। যারা তাদের সন্তুষ্ট করতে পারে না তারা নির্বিচারে তাদের ট্রেন থেকে ছুড়ে ফেলে দেয়। গল্পের মা এবং ছেলে শেষ পর্যন্ত আমেরিকার সীমান্ত অতিক্রম করে কিন্তু আমেরিকার সরকারি কর্তৃপক্ষের কাছে তারা অপাঙেক্তয়—আমেরিকার আবর্জনা। যদিও তারাও মানুষ।
আমেরিকানরা কোনো ভীতি ছাড়াই তা পাঠ করতে পারে। কিন্তু এই বইয়ের পরতে পরতে বর্ণনা করা আছে মাদক ব্যবসায়ী নিয়ন্ত্রিত শহরে বিভীষিকাময় মানুষের জীবনের বর্ণনা।
বইটি প্রকাশ হয়েছে ২১ জানুয়ারি। এখন পর্যন্ত আমেরিকার বেষ্ট সেলার তালিকার শীর্ষে অবস্থান করছে বইটি। তবে বইটি নিয়ে ব্যাপক আলোচনা সমালোচনার ঝড় উঠেছে। কারণ লেখিকা জেনি কোমিনস, মেক্সিকান নন বরং পর্তুরিকান—এখানেই বিতর্কের সূত্রপাত। লেখিকা মেক্সিকোর সংস্কৃতি ফুটিয়ে তুলতে পারেনি। অনেক ক্ষেত্রেই অতিরঞ্জিত করেছেন বলে অভিযোগ আছে।
একজন মেক্সিকান সমালোচক লিখেছেন, তিনি যেন একটি শ্বাস রুদ্ধকর টিভি নাটক লিখেছেন যার সঙ্গে বাস্তবের মিল খুবই কম।
আরেকজন আমেরিকান-মেক্সিকান ইমিগ্রান্ট লিখেছেন, শুধু সীমান্তই মেক্সিকান অভিবাসীদের জন্য বাধা নয়, আছে আরও প্রতিবন্ধকতা যেমন আমেরিকার সংস্কৃতি, শিক্ষা, অর্থনৈতিক-সামাজিক ব্যবস্থা।
অনেকেই বলছেন, আমেরিকার সেলিব্রেটি অপরাহ উইনফ্রে তাঁর বুকক্লাবের জন্য এটি মনোনীত করায় সহজেই বইটি সবার দৃষ্টি আকর্ষণ করতে পেরেছে। নানা সমালোচনার মুখে লেখক বইটিকে ঘিরে বেশ কিছু কর্মসূচি বাতিল করেছেন। অবশ্য বইটির পক্ষেও অনেক লেখা বের হয়েছে এবং এই আলোচনা আরও বেশ কিছুদিন চলবে।