আমেরিকার ভূস্বর্গ অরিগন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাউন্ট হুড বা ট্রিলিয়াম লেক
মাউন্ট হুড বা ট্রিলিয়াম লেক

অনেক দিন ধরে অরিগনে বেড়াতে যাব ভাবছিলাম। বন্ধুবান্ধব ও আত্মীয়স্বজনের কাছ থেকে দেখা ছবি আর এর বিশাল প্রাকৃতিক ভান্ডারের গল্প আগেই জানা ছিল। সেই সঙ্গে ছিল পৃথিবীর সুন্দর জায়গাগুলো ঘুরে দেখার শখ। হাইকিং ও কায়াকিং দুটিই এখন পছন্দের তালিকায় প্রথম দিকে থাকে। ছুটি কাটানোর কথা ভাবলে আগেই জেনে নিই, সেখানে এসবের ব্যবস্থা আছে কি না।
স্থান নির্বাচনের পাশাপাশি ছুটি উপভোগ্য করাটাও বেশ গুরুত্বপূর্ণ। বিশেষ করে জায়গাটা যদি হয় নৈসর্গিক, তবে পরিকল্পনাটাও হতে হয় একটু ব্যতিক্রম। শুধু প্রকৃতির সৌন্দর্য দৃষ্টিগত করে ভ্রমণ শেষ করা নয়, বরং প্রকৃতির প্রকৃত স্বাদ আস্বাদন করা, যাকে আমরা ‘অভিজ্ঞতা অর্জন’ বলতে পারি, সেটাই প্রাধান্য পায় বেশি। আগেই বলেছিলাম আগ্রহের কথা। যেমন ট্র্যাকিং করে পাহাড়ে ওঠা, নদী বা হ্রদে নৌকা চালানো, গহিন বনে ক্যাম্পিং করা ইত্যাদি। তাই অরিগনে যাওয়ার উত্তেজনাটাও অনেক বেশি ছিল।
দক্ষিণ-পূর্ব প্রশান্ত মহাসাগরের পারে অবস্থিত অরিগন আমেরিকার সবচেয়ে সুন্দর নয়নাভিরাম স্থানগুলোর মধ্যে একটি। গুচ্ছ গুচ্ছ পর্বতরাশী যেন নেমে এসেছে পোর্টল্যান্ড শহরকে ঘিরে; সেই সঙ্গে বয়ে চলেছে শহুরে নদী, গ্রাম্য নদী, পাহাড়ি নদী। আর কান পাতলে শোনা যায় নির্ঝরের ঝিরঝির শব্দ। এখানে-সেখানে বয়ে চলা ছোট নদী, গ্রীষ্ম ও শীতকালীন নানা গাছগাছালি দিয়ে ঘেরা ঘন সবুজ বনানি, হ্রদ, সাগর যেন তাদের সর্বস্ব দিয়ে পূর্ণ করেছে চারপাশ। বন দেবতার অকৃপণ দান অরিগনের এই অতি প্রামাণিক পাহাড়ি নিসর্গে মুগ্ধ না হয়ে উপায় নেই। কনুইং, কায়াকিং, রাফটিং, ক্যাম্পিং, মাইলের পর মাইল পাহাড়ি পথ দিয়ে হেঁটে চলা; প্রকৃতিকে প্রকৃতির মতন করে আলিঙ্গন করার আয়োজনের অভাব নেই সেখানে। যাঁরা নিসর্গ ভালোবাসেন, তাঁদের জন্য নিঃসন্দেহে এটা ভ্রমণের উপযুক্ত স্থান। হাঁপিয়ে ওঠা প্রচণ্ড ব্যস্ত জীবন থেকে হারিয়ে যাওয়ার জন্য এর চেয়ে যোগ্য জায়গা আর কী হতে পারে?
অরিগনের ব্যস্ততম শহর পোর্টল্যান্ডকে কেন্দ্র করে ভ্রমণের আয়োজন করা যেতে পারে। ইন্টেল করপোরেশনের বড় একটি শাখা সেখানে। তাই অনেক বাংলাদেশির বসবাস।

মাল্টনোমাহ জলপ্রপাত
মাল্টনোমাহ জলপ্রপাত


মাল্টনোমাহ জলপ্রপাত
শহর থেকে পশ্চিম দিকে ১-৮৫ মহাসড়ক ধরে এগিয়ে গেলে কলাম্বিয়া নদীর ভিউ পয়েন্ট। পৌঁছানোর পথটা পাহাড়ের ধার ঘেঁষে; দুই ধারে সারিবদ্ধ সবুজ পাহাড়, মাঝ দিয়ে বয়ে চলেছে নদী। এখানে দেখা আর ছবি তোলা ছাড়া আর কিছু করার নেই। অরণ্যঘেরা পাহাড়ি পথ ধরে আরেকটু এগিয়ে গেলেই অরিগনের বিখ্যাত জলপ্রপাত মাল্টনোমাহ। গাড়ি থেকে নামলেই ঝরনার অবিরাম ঝরে পড়ার শব্দ, সঙ্গে গাছে গাছে দোল খাওয়া বাতাসের শব্দ আর অরণ্যের নিস্তব্ধতা—সব মিলিয়ে কেমন যেন এক মায়াবী আবহ তৈরি হয়। ঝরনা থেকে যখন জলের ছটা গায়ে এসে লাগে, তখন এক অচেনা শিহরণ জাগে। ৬১১ ফুট উঁচু এই জলপ্রপাত উচ্চতায় আমেরিকায় দ্বিতীয় এবং এটি দুটি স্তরে বিভক্ত। নেটিভ আমেরিকানদের ভাষ্য, কোনো এক রাজকন্যার মন জয় করতে তার ইচ্ছায় স্নানের জন্য এক লুক্কায়িত ঝরনাধারা তৈরি করা হয়েছিল। পরে সেই ঝরনাধারা মাল্টনোমাহ জলপ্রপাত নামে প্রতিবছর প্রায় ২০ লাখ পর্যটকের আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে। হাইকিংপ্রেমীরা পাহাড়ের ধার কেটে তৈরি করা ট্রেইল ধরে হেঁটে গিয়ে ঝরনার উপরিভাগ দেখে আসতে পারেন।
মাউন্ট হুড বা ট্রিলিয়াম লেক
কলাম্বিয়া ভিউ পয়েন্ট থেকে মাল্টনোমাহ জলপ্রপাতে যাওয়ার পথে আরও বেশ কয়েকটা জলপ্রপাত চোখে পড়বে। সময় হাতে থাকলে সেখানেও কিছুটা সময় থামতে পারেন। সব জায়গাতেই পাহাড়ি ট্রেইল আছে হাইকিং আগ্রহীদের জন্য।
জলপ্রপাত থেকে আরও পশ্চিমে গেলে মাউন্ট হুড ন্যাশনাল ফরেস্ট। ১১ হাজার ২৪৯ ফুট উঁচু মাউন্ট হুড ছাড়াও এই বনে আছে ট্রিলিয়াম লেক, মিরর লেকসহ অসংখ্য পেভ ট্রেইল। এ দুই হ্রদের প্রধান আকর্ষণ যত না তাদের নিজস্ব সৌন্দর্য, তার চেয়ে বেশি হ্রদের পানিতে বরফে ঢাকা মাউন্ট হুডের চূড়ার প্রতিচ্ছবি এবং এই প্রতিচ্ছবি দেখার জন্য লেক পর্যন্ত পৌঁছাতে কিছুটা পথ ট্রেইল ধরে হেঁটে যেতে হবে বৈকি। তবে এই কষ্টের পুরো দাম ফিরে পাবেন যখন আপনার ক্যামেরায় এই অপূর্ব সুন্দর দৃশ্যটির ছবি তুলে নিয়ে আসবেন।
মাউন্ট হুডের চূড়ার কাছাকাছি যাওয়া যায় কেব্‌ল কারে করে অথবা ট্রেইল ধরে হেঁটে। কেব্‌ল কারে যাওয়ার আনন্দটা অনেকের জন্য স্বস্তির। আবার পায়ে হেঁটে, পরিশ্রম করে, উঁচু-নিচু পাথুরে ও ধুলামাখা আবার খানিকটা বরফাচ্ছাদিত পথ মাড়িয়ে যাওয়াটা অন্য রকম আনন্দের। আমরা হেঁটেই গিয়েছিলাম। পাহাড়ের গায়ে গায়ে অসংখ্য অজানা ফুল, বিভিন্ন আকৃতির পাথর, তাদের বিন্যাস, পাহাড়ি লতাপাতা খুব কাছ থেকে দেখার সুযোগ ছাড়া প্রায় অসম্ভব ছিল। শীতের সময় পার্কজুড়ে আছে স্কি করার ব্যবস্থা।
এই পর্বত আরোহণে মানুষের যেমন আছে আগ্রহ, তেমনি এর নামকরণ নিয়েও আছে নানান কল্পকাহিনি। সাহেল নামক এক ব্যক্তির দুই সন্তান অয়ায়েস্ত ও পিয়াতু লুইত নামের এক অপ্সরির প্রেমান্ধ হয়ে তাকে পাওয়ার ইচ্ছাপূরণে যুদ্ধে অবতীর্ণ হয়। সেই যুদ্ধে গ্রামের পর গ্রাম, বন-জঙ্গল পুড়ে ভস্ম হয়। বাবা সাহেল দুই ছেলের আচরণে এতই মনঃক্ষুণ্ণ হয় যে প্রেমিকাসহ দুই ছেলেকে হত্যা করে তাদের মৃতদেহের ওপরে পরবর্তী সময়ে নির্মাণ করে তিনটি পর্বতশৃঙ্গ, যার একটি মাউন্ট হুড। সত্যি এমন লোমহর্ষক কল্পকাহিনি ভ্রমণকে আরও চিত্তাকর্ষক করে তোলে।
এ তো গেল এক পর্বতের গল্প। অরিগনজুড়ে আছে এ রকম আরও অনেক পর্বত। যেমন মাউন্ট রেইনিয়ার, মাউন্ট হেলেনস। নিজ নিজ অবস্থানে স্বকীয়, মহিমান্বিত, অপরূপ রূপের আধার এসব পর্বত।

ক্রেটার হ্রদ
ক্রেটার হ্রদ


ক্রেটার হ্রদ
যে জায়গার জন্য জীবনে একবার হলেও অরিগনে যাওয়া যায়, সেই গাড় নীল সুন্দরের নাম ক্রেটার লেক। তার রাজসিক রূপ নিঃসন্দেহে অরিগনের মাথার মুকুট হয়ে আছে। পোর্টল্যান্ড থেকে গাড়িতে পাঁচ ঘণ্টা দূরত্বে ক্রেটার হ্রদ। ন্যাশনাল পার্কে অবস্থিত ক্রেটার হ্রদটি সৃষ্টি হয়েছিল প্রায় ৭ হাজার ৭০০ বছর আগে আগ্নেয়গিরির প্রচণ্ড বিস্ফোরণের মাধ্যমে। অগ্ন্যুৎপাতে পর্বতের চূড়া ধসে সৃষ্ট বিশাল গহ্বরে দীর্ঘদিনের বৃষ্টির পানি আর বরফ গলা পানি জমে তৈরি হয় আমেরিকার গভীরতম নীল লেকটির। নজরকাড়া মোহনীয় সুন্দর এই লেকের বিশালত্ব, মনমাতানো নীল রং, খাড়া তীক্ষ্ণ ধারবিশিষ্ট বরফে ঢাকা শিলাময় পাহাড়ি বেষ্টনী আর জ্বালাময়ী অতীত শিল্প যেকোনো পর্যটকের দৃষ্টি কেড়ে নেবে।
ক্রেটার হ্রদে যেতে হলে হাতে সময় নিয়ে বের হতে হবে। আমাদের গাড়ি যখন শহর ছেড়ে বনের ভেতরে ঢুকে পড়ছিল, তখনো লেক পর্যন্ত যেতে ঘণ্টা তিনেক বাকি, হঠাৎ খেয়াল হলো গাড়িতে যথেষ্ট জ্বালানি নেই। এদিকে বনের মধ্যে নেটওয়ার্ক নেই, গ্যাস স্টেশন নেই। অগত্যা গাড়ি ঘুরিয়ে লোকালয়ে আসতে হলো গ্যাসের জন্য। পিচঢালা মসৃণ রাস্তা, এক পাশে খাড়া পাহাড়, সারি সারি গাছ, অন্য ধারে ঝিরঝির করে বয়ে চলছে পাহাড়ের ঝরনা থেকে নেমে আসা ছোট নদী। ফোনের গায়ে নো সার্ভিস লেখা দেখে হঠাৎ কেমন যেন একটু ভয়, একটু অস্বস্তি হচ্ছিল; কিছু যদি হয়, কী হবে, কেমন করে যোগাযোগ করব? এসব ভাবতে ভাবতে মনে হলো, না থাক নেটওয়ার্ক, তো কী হয়েছে। এক শ বছর আগে কিছুই ছিল না, তখন কি মানুষ বাঁচেনি? বরং এই ভালো, নিত্যদিনের অভ্যস্ত জীবনের টানাপোড়েন নাই, অহেতুক কোলাহল নাই, মোবাইল বাজবে না, সোশ্যাল নেটওয়ার্কের বাড়তি চাপ নাই। জীবন এখানে অনেক আদি, অকৃত্রিম, ভারমুক্ত।
ঘুরে দেখার মতন আরও অনেক জায়গা আছে অরিগনে। সময়ের অভাবে সব জায়গায় যাওয়া সম্ভব হয়নি। আবার হয়তো যাব। এমন জায়গায় বারবার যাওয়া যায়। অরিগনে গেলে অবশ্যই সামারে যেতে হবে। আবহাওয়ার কারণে সব জায়গায় সব সময় যাওয়ার অনুমতি থাকে না। সব কষ্ট উপেক্ষা করে একবার অরণ্য ভ্রমণের স্বাদ নিতে পারলে নিঃসন্দেহে তাতে নেশা ধরে যাবেই।