আমেরিকার ভ্রমণ নিষেধাজ্ঞায় যোগ হলো উ. কোরিয়া ও ভেনেজুয়েলা
আমেরিকা ভ্রমণে নিষেধাজ্ঞার পরিসর বাড়ানো হয়েছে। সম্প্রসারিত নতুন ভ্রমণ নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা ও চাদকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্ন দেশের সরকারের সঙ্গে তথ্য বিনিময়ের বিষয়টি পর্যালোচনা করে নতুন এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হয়েছে বলে ২৪ সেপ্টেম্বর জানিয়েছে হোয়াইট হাউস। নতুন এ নিষেধাজ্ঞা আগামী ১৮ অক্টোবর থেকে কার্যকর হবে। তবে এসব দেশের যেসব নাগরিকের মার্কিন বৈধ ভিসা রয়েছে, তারা এর আওতায় পড়বে না।
উত্তর কোরিয়া, ভেনেজুয়েলা ও চাদকে অন্তর্ভুক্ত করে নতুন এ নিষেধাজ্ঞার আদেশ ২৪ সেপ্টেম্বর জারি করেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে এক বিবৃতিতে তিনি বলেন, ‘আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করাই আমার সর্বোচ্চ অগ্রাধিকার। যেসব ব্যক্তির তথ্য আমরা নিরাপদে যাচাই করতে পারব না, তাদের আমরা নিজ দেশে গ্রহণ করতে পারি না।’
এর আগে ইরান, লিবিয়া, সিরিয়া, ইয়েমেন, সোমালিয়া ও সুদানের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছিল আমেরিকা। সম্প্রসারিত ভ্রমণ নিষেধাজ্ঞায় নতুন তিন দেশ অন্তর্ভুক্ত করা হলেও বাদ দেওয়া হয়েছে সুদানকে। ট্রাম্পের নির্বাহী আদেশে ছয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে শুরু থেকেই ব্যাপক সমালোচনা হচ্ছিল। মার্কিন সংবিধানের সঙ্গে ‘সাংঘর্ষিক’ আখ্যা দিয়ে বেশ কয়েকটি আইনি লড়াইয়েরও সম্মুখীন হয় এ আদেশ। আমেরিকা ও আমেরিকার বাইরে এ নিয়ে হয়েছে ব্যাপক বিক্ষোভও। বিষয়টি আমেরিকার সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ায়। বর্তমানে সুপ্রিম কোর্টের দেওয়া আদেশে সীমিত পরিসরে নিষেধাজ্ঞাটি কার্যকর রয়েছে। এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে আগামী মাসে।
সম্প্রসারিত নতুন নিষেধাজ্ঞায় উত্তর কোরিয়া ও ভেনেজুয়েলার অন্তর্ভুক্তির মধ্য দিয়ে এ নিষেধাজ্ঞার মুসলিম বিরোধী চরিত্র কিছুটা ঢাকা পড়বে বলে মনে করছেন অনেকে। তবে বিষয়টি মানতে রাজি নয় আমেরিকান সিভিল লিবার্টিজ রাইটস গ্রুপ। সংস্থাটির পক্ষ থেকে বিবিসিকে জানানো হয়, ‘প্রশাসনিক এ আদেশটি এখনো মুসলিমদের বিরুদ্ধেই। নতুন তিনটি দেশকে অন্তর্ভুক্ত করে এ সত্য থেকে কোনোভাবেই চোখ ফেরানো যাবে না।’
হোয়াইট হাউসকে উদ্ধৃত করে বিবিসি জানায়, উত্তর কোরিয়া আমেরিকার সরকারের সঙ্গে কোনো ক্ষেত্রেই সহযোগিতা করছে না। ফলে দেশটি আমেরিকার সঙ্গে সম্পর্ক রক্ষার সব ধরনের যোগ্যতা হারিয়েছে। এ জন্য উত্তর কোরিয়ার সব নাগরিকের জন্য আমেরিকায় প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চাদ আমেরিকার সন্ত্রাসবিরোধী কার্যক্রমের এক গুরুত্বপূর্ণ অংশীদার। কিন্তু সন্ত্রাসবাদ সম্পর্কিত তথ্য বিনিময়ে দেশটি যথেষ্ট সহযোগিতা করছে না। এ জন্য দেশটির নাগরিকদের জন্য আমেরিকার ব্যবসা ও পর্যটন ভিসা বন্ধ থাকবে। আর ভেনেজুয়েলার ক্ষেত্রে দেশটির সরকারের কিছু সরকারি কর্মকর্তা ও তাদের পরিবারের সদস্যদের জন্য আমেরিকার দরজা বন্ধ থাকবে।
নতুন ঘোষিত নিষেধাজ্ঞার সবগুলোই ব্যবসা ও পর্যটন ভিসা সংশ্লিষ্ট। এ ছাড়া আগের বারের মতো এবার কোনো সময়সীমা নির্ধারণ করা হয়নি। নতুন নিষেধাজ্ঞা থেকে ইরাকের বাদ পড়ার বিষয়ে হোয়াইট হাউস জানায়, বেশ কিছু ক্ষেত্রে ইরাকও যোগ্যতা অর্জনে ব্যর্থ। কিন্তু দেশটি সন্ত্রাসবাদ বিরোধী কর্মকাণ্ডে আমেরিকার সঙ্গে যৌথভাবে কাজ করছে। ফলে দেশটিকে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে।