আমেরিকার স্থানীয় সরকার যেমন দেখেন শাহিন খালিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহিন খালিক
শাহিন খালিক

নিউজার্সির প্যাটারসন শহরের ১৯৫ শেরউড অ্যাভিনিউয়ের দোতলা বাড়িটির নিচতলায় সন্ধ্যার পর থেকেই মূলত আড্ডা শুরু হয়। আড্ডায় যোগ দেন পাড়ার আওয়ামীপন্থী বড় ভাই, বিএনপির দেশান্তরী নেতা, অন্য মহল্লার বড় চাচা, চাচাতো ভাই এমনকি একেবারে সাধারণ কোনো প্রতিবেশী। রাত বাড়ার সঙ্গে সঙ্গে চলে পান-তামাক আপ্যায়ন, আর সঙ্গে দেশ-প্রবাস নিয়ে নানান কথাবার্তা। ঠিক যেন বাংলাদেশের আর দশটি গ্রাম অথবা শহরের রাজনৈতিক নেতার বৈঠকখানার আড্ডা। এই আড্ডায় মানুষের কথা শোনেন শাহিন খালিক।
বলছিলাম নিউজার্সির প্যাটারসন সিটি কাউন্সিলের নির্বাচিত কাউন্সিলর শাহিন খালিকের কথা। প্রায় দুই বছর হতে চলল, শাহিন খালিক এক ঝঞ্ঝাপূর্ণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী আরেক বাংলাদেশি মোহাম্মদ আখতারুজ্জামানকে হারিয়ে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। এখন তাঁর সমমনা যাঁরা অন্য জায়গায় লড়ছেন, তাঁদের পক্ষে প্রচারণা চালাচ্ছেন। দুর্নীতির দায়ে বরখাস্ত হওয়া ও সাজাপ্রাপ্ত প্যাটারসন সিটি মেয়রের শূন্য আসনে নির্বাচনে প্রার্থিতা ঘোষণাকারী একজন প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। একজন বাংলাদেশি হিসেবে নিউইয়র্কের পার্শ্ববর্তী কোনো বড় শহরের নগর পরিচালনায় অংশ নেওয়া শাহিন খালিকের আমেরিকার মূলধারায় রাজনীতি করার অভিজ্ঞতা নিয়ে কথা হচ্ছিল প্রথম আলো উত্তর আমেরিকার সঙ্গে।

কেমন মনে হচ্ছে এখানকার রাজনীতির অভিজ্ঞতা—এমন প্রশ্নে শাহিন খালিকের জবাব, ‘বেশ ভালো। আমি উপভোগ করি অনেক কিছুই। প্যাটারসন শহর হলো নিউজার্সির তৃতীয় বৃহৎ শহর। সেই শহরের নগর পরিচালনা পর্ষদের একজন সদস্য মাত্র আমি। নগর পরিচালনার দায়িত্ব অবশ্যই মেয়রের। আমরা কেবল মেয়রের কার্যক্রমে সহযোগিতা করি এবং তাঁর কাজের ভুলত্রুটি ধরিয়ে দিই। খুব বেশি কিছু করার নেই, তবে একজন বাংলাদেশি হিসেবে আমি এই কাজের একজন হয়ে দায়িত্ব পালন করতে পারছি, সেটা ভালো লাগে। এর মাধ্যমে আমি আমার দেশের সংস্কৃতিকেও অনেকখানি তুলে ধরতে পারছি, সেটাও কম কীসে?
কথার সূত্র ধরে প্রশ্ন করলাম, কীভাবে বাংলার সংস্কৃতিকে তুলে ধরতে পারছেন? শাহিন খালিক বলেন, ‘গত বছরের বিজয় দিবস পালন করেছি অনেকটা জাতীয়ভাবে। পুরো সিটি কাউন্সিলকে লাল-সবুজ রঙে সাজিয়েছি। সব সিটি কাউন্সিলর লাল-সবুজ পতাকা গায়ে জড়িয়েছিল। সেদিন প্যাটারসন সিটি হলের সামনের পতাকা স্ট্যান্ডে পতপত করে উড়েছে বাংলাদেশের পতাকা। নগরের অন্যান্য মানুষ আর বাংলাদেশিদের নিয়ে আমরা একটা অনন্য দিন কাটিয়েছি। আপনি নিশ্চয়ই জানেন, আমেরিকার মধ্যে একমাত্র প্যাটারসনেই আছে সরকারি কোষাগার থেকে বরাদ্দকৃত টাকা আর সরকারি বরাদ্দপ্রাপ্ত জায়গায় একটি বিশাল শহীদ মিনার। সেই শহীদ মিনারে এবার একুশে ফেব্রুয়ারি পালন করেছি। সিটি কাউন্সিল থেকে একটি প্রস্তাব বের করা হয়েছে, বাংলাদেশি কমিউনিটির সবাই এই শহীদ মিনারের মালিক। সুতরাং কমিউনিটির সবাইকে নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস পালন করার চেষ্টা করেছি। অবশ্য শহীদ মিনার ঘিরে বাংলাদেশি কমিউনিটির মধ্যে দ্বন্দ্ব রয়েছে।’
বিরোধ মেটাতে কী উদ্যোগ নিয়েছেন এমন প্রশ্নে বাংলাদেশি এই কাউন্সিলর বলেন, ‘সত্যি বলতে কী, শহীদ মিনার ঘিরে নোংরা রাজনীতি হয়েছে। নির্বাচনে জয়-পরাজয় থাকে, থাকবেই। কিন্তু এটিকে আদালতে চ্যালেঞ্জ করায় আমাদের কমিউনিটির অনেক সুনাম নষ্ট হয়েছে। আমি আগে এমন নোংরামি হবে জানলে নির্বাচনেই আসতাম না। অনেকেই আমাকে পরামর্শ দিয়েছিলেন, আমি যেন প্রতিপক্ষের বিরুদ্ধে মানহানি ও ক্ষতিপূরণের মামলা করি। কিন্তু আমি এই বিভেদকে আর জিইয়ে রাখতে চাই না বলে সে পথ মাড়াইনি। কেননা, এতে করে বাংলাদেশি ভোটারদের আবারও আইনের কাঠগড়ায় নিতে হত। তাতে ভোটাররা বিরক্ত হতেন। এখন আমি সামনের দিনগুলো নিয়ে ভাবছি।
বাংলাদেশি ভোটারদের প্রত্যাশা সম্পর্কে শাহিন মালিক বলেন, তাঁর কাছে ভোটারদের খুব বেশি চাওয়ার আছে বলে মনে হয় না। কারণ একজন কাউন্সিলর হিসেবে একজন জনপ্রতিনিধির খুব বেশি কিছু দেওয়ার নেই। ছোট ছোট বিষয়ে তারা আমার সাহায্য চান। এই যেমন ভালো স্কুলে ভর্তির জন্য আমাকে অনুরোধ করেন। আমার যেহেতু স্কুল পরিবহন ব্যবসার খাতিরে বোর্ড অফ এডুকেশনের সঙ্গে একটু ভালো সম্পর্ক আছে, তাই এই আবদার আমি অনেক খানিই পূরণ করতে পারি। আবার আমাদের বাসিন্দাদের কিছু অদ্ভুত আবদার থাকে। যেমন, বাসার সামনে তারা কোনো গাছ লাগাতে বা রাখতে চান না। আবার বাড়ির সামনে ময়লা রাখা না রাখা নিয়ে সরকারি জরিমানার টিকিট পেলে কেউ কেউ আসেন, সেটা মিটমাট করতে। তবে আইন লঙ্ঘন করে আসলে কিছু করা সম্ভব নয়। এতে নগর পরিচালনা পর্ষদে আমার ও আমাদের সুনাম নষ্ট হতে পারে।
ভবিষ্যতে মেয়র পদে লড়তে চান কিনা এমন প্রশ্নে শাহিন বলেন, ‘না না। এখনো এই শহরের মেয়র পদে লড়ার মতো আমাদের ভোটার সংখ্যাগরিষ্ঠতা তৈরি হয়নি। আমি অন্য সব কমিউনিটির সঙ্গে মিলেমিশে কাজ করার চেষ্টা করলেও মেয়র পদে নির্বাচন বড় পদক্ষেপ। কমিউনিটির জন্য আরও কাজ করতে চান উল্লেখ করে বলেন, ‘কমিউনিটির জন্য কাজ করতে আমার নিজের পকেটের অর্থ দিয়ে নিউজার্সি হেল্প সেন্টার নামে একটি বেসরকারি উদ্যোগ চালু করেছি। বেশ কিছু তরুণ সেখানে নিয়মিত শ্রম দেয়। আইনি সেবা, চিকিৎসার হেল্প লাইন সেবা, আয়কর দাখিলের পরামর্শসহ কিছু বিষয় নিয়ে কাজ করে সংগঠনটি। এটির কার্যক্রমকে আরও বিস্তৃত করতে চাই। নগর পরিচালনা পর্ষদে না থাকলেও করতে চাই।’