আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে জর্জিয়ায় বাঙালিদের বারবিকিউ পার্টি

আমেরিকার স্বাধীনতা দিবস উপলক্ষে জর্জিয়ায় প্রবাসী বাঙালিদের বারবিকিউ পার্টি অনুষ্ঠিত হয়েছে।
৭ জুলাই জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদারুল আলম গাজীর একক উদ্যোগে স্থানীয় লাকি সোলস পার্কে এই বারবিকিউ পার্টির আয়োজন করা হয়।
বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এই বারবিকিউ পার্টিতে প্রবাসী বাংলাদেশিরা ছাড়াও স্থানীয় অধিবাসীর অনেকেই অংশগ্রহণ করেন।
স্থানীয় বাঙালি কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে জর্জিয়া ডিস্ট্রিক্ট ৫-এর সাবেক সিনেটের কার্ট থমসন, কংগ্রেসম্যান পদপ্রার্থী ড. রশিদ মালিক, জর্জিয়া বাংলাদেশ সমিতির বর্তমান এবং সাবেক সভাপতি যথাক্রমে মোস্তফা মাহমুদ, এ এইচ রাসেল, মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, আহমেদুর রহমান পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন। ওই দিন আহমেদুর রহমান পারভেজের জন্মদিন ছিল। তাই তাঁর উপস্থিতিতে সবাই কেক কেটে জন্মদিন উদ্যাপন করেন। অনুষ্ঠানে বিশেষ উপভোগ্য চিকেন বারবিকিউ ছাড়াও ছিল আম, কাঁঠাল, কেন্টলপ, বাঙ্গি, তরমুজসহ বিভিন্ন মৌসুমি ফল। অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত দিদারুল আলম গাজীকে বিশেষ সহযোগিতা করেন ড. আওয়াল ডি খান ও হীরা মিয়া।
দিদারুল আলম গাজী বলেন, ‘প্রবাসীরা বাংলাদেশের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, একুশে ফেব্রুয়ারি এমনকি বাংলা বর্ষবরণেরও প্রতিটি উৎসবের আয়োজন করে থাকে। আমরা যেহেতু আমেরিকায় বাস করছি তাই আমাদের বাঙালি সংস্কৃতির পাশাপাশি আমেরিকার বিভিন্ন অনুষ্ঠানও পালন করা উচিৎ বলে আমি মনে করি। তাই নিজ উদ্যোগে আমি দীর্ঘদিন ধরে জুলাইয়ের প্রথম সপ্তাহে এ উৎসবের আয়োজন করে থাকি।’