আমেরিকার স্বাধীনতা দিবস পালনে চলছে প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার স্বাধীনতা দিবস আগামী ৪ জুলাই। ১৭৭৬ সালের এদিনে আমেরিকার স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়েছিল। একটি সার্বভৌম যুক্তরাষ্ট্র বা ইউনাইটেড স্টেটস অব আমেরিকার জন্ম হয়েছিল এদিনে। দিনটি আমেরিকানদের জাতীয় জীবনে একটি গুরুত্বপূর্ণ দিন। দিনটি আমেরিকার নাগরিকেরা মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদ্‌যাপন করে থাকেন।
ইতিহাসে দেখা যায়, যুক্তরাষ্ট্রের স্বাধীনতা যুদ্ধ বা মার্কিন বিপ্লবী যুদ্ধ চলে ১৭৭৫ থেকে ১৭৮৩ পর্যন্ত। সে সময় আমেরিকার কর্তৃত্ব থাকা ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই ছিল এই বিপ্লবী যুদ্ধের প্রেক্ষাপট। আমেরিকার মাটিতে ব্রিটিশ পার্লামেন্ট কর আরোপের কারণে মূলত এই যুদ্ধ শুরু হয়। এই করকে ইউরোপীয় অভিবাসী যুক্তরাষ্ট্রীয় বণিকেরা বেআইনি হিসেবে দেখতেন। ১৭৭৪ সালে সাফোক রিসলভস ম্যাসাচুসেটস বে প্রদেশের রাজকীয় সরকার অধিকার করলে বিদ্রোহ শুরু হয়। এর ফলে প্যাট্রিয়ট বা দেশপ্রেমিক মিলিশিয়া ও ব্রিটিশ নিয়মিত বাহিনীর মধ্যে ১৭৭৫ সালে লেক্সিংটন এবং কর্নকর্ডে যুদ্ধ হয়। ১৭৭৬ সালের বসন্ত নাগাদ প্যাট্রিয়টরা ১৩টি উপনিবেশে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং ১৭৭৬ সালের ৪ জুন কন্টিনেন্টাল স্বাধীনতা লাভ করে। ধীরে ধীরে আমেরিকার শক্তিমত্তা আর অর্থনৈতিক জোয়ার ছাড়িয়ে যায় ১৩ রাজ্যের বাইরে আরও বিস্তীর্ণ এলাকায়।
এই দিনটিকে বিশেষভাবে উদ্‌যাপনের জন্য মার্কিন নাগরিকেরা বাড়িতে বা হোটেলে বড় পার্টি দেয়। বার-বি-কিউ করে। রাতে দলবল নিয়ে ফায়ারওয়ার্ক দেখে। সাপ্তাহিক বড় ছুটির সঙ্গে আরও দু/চার দিন বাড়তি ছুটি নিয়ে কেউ কেউ চলে যায় দূরে দর্শনীয় কোনো এলাকায়। দর্শনীয় ও পর্যটন এলাকা লোকে লোকারণ্য থাকে এই ছুটিতে।
নায়াগ্রা জলপ্রপাত, ডিজনি, ইয়েলোস্টোন ন্যাশনাল পার্ক, সান্তিয়াগো জু, সাউথ ডাকোটার মাউন্ট রাশমোর, হাওয়াই দ্বীপ, আলাসকা ইত্যাদি দেখতে বের হয়ে পড়ে অনেক পরিবার। অনেকে স্থানীয়ভাবে সিক্স ফ্ল্যাগ, সি ওয়ার্ল্ড, জাদুঘর দেখতে যান। বিভিন্ন বিপণিবিতান ও গাড়ির শো রুমগুলো এরই মধ্যে ৪ জুলাই বিশেষ ছাড়ে বিকিকিনির কাজ শুরু করেছে।
অতীতের মতো এবারও অভিবাসী বাংলাদেশি পরিবারগুলোতে ৪ জুলাই পালনের প্রস্তুতি চলছে। কেউ কেউ অন্যান্য দেশ যেমন কানাডা, মেক্সিকো, ইউরোপ ইত্যাদি ভ্রমণে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অনেকে দক্ষিণ আমেরিকার আর্জেন্টিনা, চিলি, পেরু, ব্রাজিলও যান। আফ্রিকাতেও বেড়াতে যান অনেকে। বাচ্চাদের স্কুলের ছুটি থাকায় এ সময় অনেকে অভিবাসী সপরিবারে নিজেদের আদি দেশেও বেড়াতে যান।
অনেকে অনেক দিন ধরে সরিয়ে রাখা নিজেদের বাড়ির বিভিন্ন অংশের মেরামত আর রঙের কাজ করে বাড়িকে করে তোলেন আকর্ষণীয়। মোটামুটি সারা বছরের সবচেয়ে কাম্য ছুটির দিনগুলোর মধ্যে ৪ জুলাইয়ের স্বাধীনতা দিবস উপলক্ষের ছুটির মৌসুমটি সবাই আনন্দচিত্তে কাটান।