আমেরিকার স্বাধীনতা দিবস: ৪ নাকি ২ জুলাই?
আর সব আমেরিকানের মতো আমরা, মানে এই নতুন আমেরিকানরাও প্রতি বছর ৪ জুলাই আমেরিকার স্বাধীনতা দিবস পালন করি। বাড়িতে বা হোটেলে বড় পার্টি দিই। বার-বি-কিউ করি। রাতে দলবল নিয়ে ফায়ারওয়ার্ক দেখি। শীতকালের চার মাস হাইবারনেশানের পর হাঁপ ছাড়তে সদ্য আরম্ভ হওয়া এই গ্রীষ্মের সিজনটা উপভোগ করার জন্য উদ্গ্রীব হয়ে থাকি। এই লং উইকএন্ডের সঙ্গে আরও এক সপ্তাহ থেকে এক মাস ছুটির ব্যবস্থা করে পুরো ফ্যামিলি নিয়ে ট্রেন, প্লেন বা অটোমোবাইল নিয়ে দূর দুরান্তের অন্যান্য স্টেটের দর্শনীয় বস্তুগুলো, যেমন নায়াগ্রা জলপ্রপাত, ডিজনি, ইয়োলস্টোন ন্যাশনাল পার্ক, স্যান্ডিয়েগো জু, সাউথ ডাকোটার মাউন্ট রাশমোর, হাওয়াই দ্বীপ, আলাস্কা ইত্যাদি দেখতে বের হই। কেউ কেউ অন্যান্য দেশও—কানাডা, মেক্সিকো, ইউরোপ ইত্যাদি ভ্রমণ করি। অনেকে সাউথ আমেরিকার আর্জেন্টিনা, চিলি, পেরু, ব্রাজিলও যায়। অতি উৎসাহীরা আফ্রিকাতেও ঢুঁ মেরে আসে। বাচ্চাদের ইশকুলের ছুটি থাকায় এ সময় অনেকে সপরিবারে তাদের নিজেদের আদি দেশেও ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিসর, ফিলিপাইন ইত্যাদি বেড়িয়ে আসে।
অনেকে লোকাল এরিয়াতে সিক্স ফ্ল্যাগ, সি ওয়ার্ল্ড, লোকাল জু, মিউজিয়াম দেখতে যান। অনেকে অনেক দিন ধরে সরিয়ে রাখা নিজেদের বাড়ির বিভিন্ন অংশের বকেয়া মেরামত, পেইন্টিং, ডেক, রুম এডিশন, বেসমেন্ট ফিনিশিং ইত্যাদি প্রোজেক্টের কাজগুলো সম্পন্ন করে। মোটমাট, সারা বছরের সবচেয়ে কাম্য ছুটির দিনগুলোর মধ্যে ৪ জুলাইয়ের স্বাধীনতা দিবস উপলক্ষের ছুটির মরশুমটি বলতে গেলে সবচেয়ে কাম্য ও কর্মবহুল।
কিন্তু, আমরা যে মনে করি ১৭৭৬ সালের ৪ জুলাইতে আমেরিকার স্বাধীনতা ঘোষণা দেওয়া হয়েছিল (ডিক্লারেশন অব ইনডেপেন্ডেস) এবং এক সার্বভৌম আমেরিকান যুক্তরাষ্ট্রের (ইউনাইটেড স্টেটস অব আমেরিকা) জন্ম হয়েছিল, সেটা কি ঠিক? তা পুরোপুরি ঠিক নয় কিন্তু। কন্টিনেন্টাল কংগ্রেস আসলে স্বাধীনতা ঘোষণার সিদ্ধান্ত নেয় ৪ জুলাই নয়, বরং এর দু’দিন আগে, ২ জুলাইতে। এই দিনটাতে আমেরিকার গণ অভ্যুত্থানও (আমেরিকান রেভল্যুশন) শুরু হয়নি। সেটা আরম্ভ হয়েছিল আরও এক বছর ও কয়েক মাস আগে, ১৭৭৫ সালের এপ্রিলে। টমাস জেফারসন স্বাধীনতা ঘোষণার জন্য (ডিক্লারেশন অব ইনডিপেনডেন্টস) তাঁর প্রথম খসড়াও (ফার্স্ট ড্র্যাফট) এই দিনে লেখেননি। তিনি সেটা সেরে ফেলেছিলেন কিছুদিন আগে, ১৭৭৬ সালের জুন মাসে। এই ৪ জুলাই দিনটি স্বাধীনতার ঘোষণাপত্রে সই করার অনুষ্ঠানের দিনও ছিল না, সেটা হয়েছিল ওই বছরের (১৭৭৬ সালের) ২ আগস্টে। এমনকি সই করা সেই স্বাধীনতার ঘোষণা পত্রটি গ্রেট ব্রিটেনের কাছে জমাও (ডেলিভার) দেওয়া হয়নি ওই দিন। সেটা সম্পন্ন হয়েছিল আরও পরে, ১৭৭৬ সালের নভেম্বর মাসে।
বাপরে, স্বাধীনতা দিবস নিয়ে এত ভজকট? তাহলে ৪ জুলাই নিয়ে এত দবদবা, মাতামাতি কেন? কি হয়েছিল ৪ জুলাইতে?
আছে, আছে। ২ জুলাইয়ে লেখা সেই স্বাধীনতার ঘোষণাপত্রের প্রথম খসড়া লেখনীটির প্রতিটি অক্ষর, শব্দ ও বাক্য পুঙ্খানুপুঙ্খভাবে পরবর্তী দু’দিন ধরে নানা রকম মাজাঘষার (এডিটিং) পর, ৪ জুলাই কন্টিনেন্টাল কংগ্রেস খসড়ার প্রতিটি শব্দকে চূড়ান্তভাবে অনুমোদন করে (অ্যাপ্রুভ্ড দি ফাইনাল ওয়ার্ডিং অব দি ডিক্লারেশন অব ইন্ডিপেনডেন্স)। সংশোধন ও পরিমার্জন করা এই খসড়াটি সঠিক ও চূড়ান্ত (কারেক্ট অ্যান্ড ফাইনাল) বলে গৃহীত হয় ৪ জুলাই। এবং এভাবে এই দিনটিকেই ‘ডিক্লারেশন অব ইনডিপেনডেন্স’ এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়। পরে ১৭৭৬ সালের আগস্ট মাসে, এই ঘোষণাপত্রটির খুব সুন্দর করে হাতে লেখা একটি কপিতে এ ব্যাপারে সংশ্লিষ্ট ও দায়িত্বশীল ব্যক্তিরা সই করেন। এই দলিলটি এখন ওয়াশিংটন ডিসির জাতীয় সংরক্ষণশালায় প্রদর্শনের জন্য রক্ষিত আছে। এই ৪ জুলাইতে ফিলাডেলফিয়ার জন ডানল্যাপ সাহেব ‘ডিক্লেয়ার অব ইনডিপেনডেন্স’ ঘোষণাপত্রটি প্রথমবারের মতো তাঁর ‘ডানল্যাপ ব্রডসাইড’-এ ছাপান। ব্রডসাইড হলো খবরে কাগজের মতো চওড়া একটা কাগজ, যা এক পৃষ্ঠায় ছাপা হয়। অন্য পৃষ্ঠা খালি থাকে, যাতে এটাকে দেয়াল, বেড়া বা অন্য কোনো জায়গায় সটকানো বা জোড়া লাগানো (পেস্ট) করা যায়। এই অরিজিনাল প্রিন্টেড কপির এক একটা তখনকার দিনের সব তেরোটি স্টেটেই (অল থার্টিন স্টেট্স) পাঠানো হয়, যাতে তারা সবাই ঘোষণাপত্রের পুরো কথাগুলো সরাসরি জানতে পারে। এই সব কারণে মানুষ যখন ‘ডিক্লারেশন অব ইন্ডিপেন্ডেন্স’ এর কথা ভাবে, তখন ১৭৭৬ সালের ৪ জুলাই এর কথা তাদের স্মরণে ভেসে আসে।
দিনটি নিয়ে আবার উল্টো তর্কও আছে। যেমন আমরা প্রতি বছর ১৭ সেপ্টেম্বর সংবিধান বার্ষিকী দিবস পালন করি। আসলে এই দিনটিতে সংবিধান পত্র সই করা হয়েছিল (সাইন্ড), সংবিধান অনুমোদিত হয়েছিল অন্যদিনে। তার মানে হলো যদি অনুমোদন বার্ষিকী উদ্যাপন করা হতো, তাহলে দিনটি ১৭ সেপ্টেম্বরে পড়ত না। এদিক থেকে তুলনা করলে ‘ডিক্লারেশন অব ইনডিপেনডেন্স’-এর তারিখ গিয়ে পড়ে ২ আগস্ট, যেদিন এটাতে সবাই সই করেছিল, যেদিন এটা অনুমোদিত হয়েছিল, সেদিনটা নয়।
তাহলে শেষ পর্যন্ত ৪ঠ জুলাই জাতীয় ছুটির দিন ঘোষিত হলো কীভাবে? সে অনেক কথা। ডিক্লারেশন লেখার পরবর্তী ১৫ থেকে ২০ বছর পর্যন্ত শুধু স্বাধীনতা দিবস কেন, বছরের কোনো একটা দিনও বিশেষ কোন দিন হিসেবে উদ্যাপিত হয়নি। কারণ শিশু এই রাষ্ট্রের জন্য তখন প্রায় সবকিছুই নতুন এবং অজানা অচেনা ঘটনা বা উপসর্গ একটার পর একটা লেগেই থাকছিল। এর ওপর ১৭৯০ সালের দিকে শুরু হয় দেশের মানুষদের মধ্যে ভীষণ দলাদলি। এমনকি স্বাধীনতা ঘোষণা আদৌ ঠিক ছিল কিনা তা নিয়ে আসে নানা প্রশ্ন।
একদিকে হলো ডেমোক্রেটিক-রিপাবলিকান গ্রুপ, যারা ডিক্লারেশন অব ইনডিপেনডেন্স ও তা লেখার জন্য টমাস জেফারসনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করত। আর অন্যদিকে সংযুক্ত রাষ্ট্রীয় পার্টি বা ফেডারেলিস্ট গ্রুপ ছিল যারা ভাবত ওই ডিক্লারেশনটি খুবই একতরফা, ব্রিটিশ-বিরোধী, ফ্রেঞ্চ-ঘেঁষা একটা ডকুমেন্ট, যেটা দেশের সমসাময়িক কূটনীতিগত শাসন প্রণালি বা পলিসির বিপরীত। এমনকি ১৮১৭ সালে জন অ্যাডাম্স তাঁর লেখা এক চিঠির মাধ্যমে অনুযোগ করে বসেন যে, আমেরিকানরা মনে হয় তাদের অতীত সম্বন্ধে জানার সব কৌতূহল ভুলতে বসেছে।
অবশ্য সুখের বিষয়, এই পরিস্থিতিটা বেশি দিন স্থায়ী হয়নি। ১৮১২ সালের যুদ্ধের পর ফেডারেলিস্ট পার্টিটা আস্তে আস্তে ভেঙে পড়ে। ১৮২০ থেকে ১৮৩০ সালের দিকে যেসব নতুন নতুন পার্টি গঠিত হয়, তারা নিজেদের টমাস জেফারসনের উত্তরসূরি মনে করা শুরু করেন এবং নিজেদের ডেমোক্র্যাট-রিপাবলিকান পার্টির সঙ্গে সম্পৃক্ত বলে মনে করতে থাকেন। আবার নতুন উদ্যোগে ডিক্লারেশন ছাপা এবং ব্যাপকভাবে সর্বত্র বিলি করা শুরু হয়। প্রতিটি ছাপা কাগজের হেড লাইন ৪ জুলাই, ১৭৭৬ তারিখটা স্বাধীনতা দিবস বলে উল্লেখ করে। এ ছাড়া টমাস জেফারসন ও জন অ্যাডামস একই দিনে, ১৮২৬ সালের ৪ জুলাই তারিখে মারা যান। এই সব মিলিয়ে ৪ জুলাই তারিখটা সবার কাছে স্মরণীয়, গ্রহণযোগ্য একটা বিশিষ্ট দিন হিসেবে প্রতিষ্ঠিত হতে পেরেছে এবং উদ্যাপিত হচ্ছে।
ডিক্লারেশন লেখার পর প্রায় এক শ বছর ধরে এভাবে বেসরকারি ভাবে ৪ জুলাই উদ্যাপন চলতে থাকে। তারপর ১৮৭০ সালে কংগ্রেস ৪ জুলাইকে জাতীয় ছুটির দিন (ন্যাশনাল হলিডে) ঘোষণা করে একটি বিল পাস করেন। এই বিলে দেশের অন্যান্য ছুটির দিনেরও ঘোষণা দেওয়া হয়, যার মধ্যে খ্রীস্টমাস দিবসও আছে। এর অনেক পরে, ১৯৩৯ এবং ১৯৪১ সালে, আইনসভায় বা পার্লামেন্টে জাতীয় ছুটির দিনগুলো চিহ্নিত করে বিল পাশ করা হয়। সংক্ষেপে এই হলো আমেরিকার স্বাধীনতা দিনের ইতিহাস।