আমেরিকায় আর মন বসছে না হোসেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ হোসেন
মোহাম্মদ হোসেন

হারমোনিয়াম বাজছে। সঙ্গে তবলা। আরও কাছাকাছি এলে কানে বাজে নূপুরের শব্দ। বড় একটি বিলের মাঝখান দিয়ে চলে গেছে রাস্তা। রাস্তার ধারেই একটি মাটির ঘর। ভেতরে চলছে নাচ। সবাই প্রস্তুত। বাইরে থেকে উঁকি দিয়ে ভেতরটা দেখার চেষ্টা। কুপি জ্বলছে। সেই আলোতেই নূপুরের নিক্কণে বুঁদ হয়ে আছে চার–চারটা পশু। ত্রিপুরার হরিণা ক্যাম্প থেকে নানা ঘটনা-দুর্ঘটনাকে সঙ্গে নিয়ে ফিরছিলেন ৮ মুক্তিযোদ্ধা। ইতিমধ্যে পথে তাদের হাতে খতম হয়েছে জনা চল্লিশেক পাকিস্তানি সেনা। নিজেদের দলেরও ১২ জনের মৃত্যু হয়েছে শত্রুর বুলেটে। রামগড়ের প্রত্যন্ত এই এলাকায় এসে এখন আরও চারটা শত্রু খতমের সুযোগ। অস্ত্র তাক করা আছে। হাতে গ্রেনেড। ছাড়া হবে ঘরের ওপরের ফাঁকা অংশ দিয়ে। ঘরের দরজা দিয়ে ঢুকেই বাংলায় মেয়ে দুটিকে মাটিতে শুয়ে পড়ার আহ্বান, এরপর গুলি। সঙ্গে গ্রেনেডও। চারটাই শেষ। বেঁচে গেল মেয়ে দুটি।

মেয়ে দুটিকে ধরে নেওয়া হয়েছিল সীতাকুণ্ড থেকে। দুজনই কলেজছাত্রী। দিনরাত নির্যাতিত হয়েছেন তারা সেখানে। অবশেষে উদ্ধার পেলেন নরক থেকে। সে সময় বাড়ি ফিরে যাননি। যোগ দিয়েছিলেন মুক্তিযুদ্ধে।

এমন অনেক আবেগময় ঘটনার সঙ্গে জড়িয়ে আছে মোহাম্মদ হোসেনের নাম। একজন মুক্তিযোদ্ধা। চট্টগ্রামের ফটিকছড়ির সমিতির হাট ইউনিয়নের সন্তান। মুক্তিযুদ্ধে ছিলেন ১৪/১৫ বছরের এক উদ্দাম কিশোর। এখন জীবনযুদ্ধে ক্লান্ত। থাকেন নিউইয়র্কের ব্রুকলিন। স্বপ্ন আর সম্ভাবনার দেশে চলছে জীবন-জীবিকার সংগ্রাম, সেই ১৯৯৬ সাল থেকে।

জাহাজে চড়ে সাগর–মহাসাগর পাড়ি দিয়ে আমেরিকার মাটিতে পা রাখেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হোসেন। প্রথম নামেন হিউস্টনের নিউ অরলিন্স সমুদ্র বন্দরে। বাঙালির বিজয়ের মাসে। দীর্ঘ ৭ বছর পর ২০০৩ সালে প্রথমবারের মতো দেশে যান, প্যারোলে। সিএসএস/লুলাক ক্যাটাগরিতে গ্রিনকার্ডের জন্য আবেদন করে সেবার বিশেষ আবেদনের ভিত্তিতে বাংলাদেশে পরিবারের সান্নিধ্য পেয়েছিলেন তিনি। দেশে গিয়েছিলেন ২০০৪ ও ২০০৫ সালেও। এরপর থেকে আর সে সুযোগ মেলেনি তাঁর। গ্রিনকার্ড আবেদনের আর ফয়সালা হয়নি। মামলার সবশেষ জানা নেই তাঁর।

ছাত্রাবস্থায় যুদ্ধে গিয়েছিলেন মোহাম্মদ হোসেন। যুদ্ধ শেষে আবার ফিরে গিয়েছিলেন পড়ালেখায়। পড়ালেখা শেষ না হতেই যোগ দেন নৌবাহিনীতে। এরপর নৌবাহিনী ছেড়ে কমিশন্ড হন সেনাবাহিনীতে। ২ মাস ১৭ দিনের প্রশিক্ষণ শেষে আর চাকরিতে যোগ দেননি তিনি। বললেন, ‘একেবারেই তরুণ বয়স। সেনাবাহিনীর বাঁধাধরা জীবন ভালো লাগেনি। চলে গেলাম জাহাজের চাকরিতে। সমুদ্রগামী জাহাজে ঘোরা শুরু হলো পৃথিবীর নানা দেশ। একসময় জাহাজের চাকরিতে অনিশ্চয়তা শুরু হলো। ৬ মাস চাকরি করে এক বছর বেকার। আরও নানা জটিলতা। সিদ্ধান্ত নিলাম, সুযোগ পেলে আমেরিকায় নেমে যাব’— বললেন হোসেন।

আমেরিকায় এসে ভিন্ন এক জগতের মুখোমুখি হলেন মোহাম্মদ হোসেন। সব প্রতিকূলতাকে জয় করতে গিয়ে জীবনের সোনালি সময় হারিয়েছেন তিনি। সমৃদ্ধির স্বপ্নে বিভোর হয়ে আমেরিকার মাটিতে কাটিয়ে দিয়েছেন ২৩টি বছর। এর মধ্যে, ১৪ বছর ধরে স্ত্রী, সন্তান আর আত্মীয়স্বজন থেকে দূরে। বললেন, ‘প্রবাস হয়তো অনেকের জীবনের গতি পাল্টে দেয়। অভাব দূর করে। কিন্তু সম্পর্কে যে টানাপোড়েন তৈরি করে, সেটি কখনো পূরণ হওয়ার নয়।’

মোহাম্মদ হোসেন দীর্ঘশ্বাস ফেলে বললেন, ‘যারা পরিবার–পরিজন নিয়ে অভিবাসী হয়েছেন, তাদের বেশির ভাগেরই একজন প্রবাসীর কষ্ট বোঝার ক্ষমতা নেই।’ তিনি জানালেন, তাঁর ২ ছেলে আর ২ মেয়ে বড় হয়েছেন বাবার শরীরী উপস্থিতি ছাড়া। এক ছেলে ও এক মেয়ের বিয়ে হয়েছে তাকে ছাড়া। গত ১৪ বছরে অনেককে হারিয়েছেন তিনি। বাবা–মা, শ্বশুর, ছোট ভাই, বড় ভাই—সবার মৃত্যুর খবরে তিনি দূরে প্রবাসে বসে শুধু চোখের জল ফেলেছেন।

সমৃদ্ধির সোনার হরিণের খোঁজে এসে আমেরিকাকে সমৃদ্ধ করা বাংলাদেশিদের সংখ্যা একেবারে হাতে গোনা নয়। এদের অনেকের মতো মোহাম্মদ হোসেনও বছরের পর বছর এই দেশকে সমৃদ্ধ করে চলেছেন নিজের কর্মনিষ্ঠা আর আন্তরিকতা দিয়ে। কিন্তু বিনিময়ে এখানে বৈধভাবে থাকার অধিকার থেকে বঞ্চিত হয়ে আছেন। জানালেন, বর্তমানে নির্মাণ ব্যবসার সঙ্গে জড়িত আছেন। তবে, মন আর বসছে না। নিজের পরিবার–পরিজনকে দেখার জন্য ব্যাকুল হয়ে আছেন তিনি। দেশে ফিরতে চান। জানালেন, ‘সৌভাগ্যের খোঁজে এ দেশে এসেছিলাম। সেই ভাগ্য খোঁজা হয়ে গেছে। এখন ক্লান্ত। দেশে ফিরে যাব। এত দিন পরিবারের সান্নিধ্যের বাইরে থেকে ভুল করেছি।’

বাংলাদেশের রাজনীতি আর সামাজিক অবস্থা নিয়ে বেশ ওয়াকিবহাল মোহাম্মদ হোসেনের কাছে তাঁর মুক্তিযোদ্ধা পরিচয় বেশ গর্বের। বললেন, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ তার জীবনের সবচেয়ে বড় অর্জন। বাঙালি জাতিসত্তার বিকাশে এ অর্জনের কোনো বিকল্প ছিল না। পঁচাত্তরে বঙ্গবন্ধুকে সপরিবারে খুন করার পর দেশে মুক্তিযোদ্ধাদের জন্য খারাপ সময় গেছে বলেও মন্তব্য করেন তিনি। বলেন, তুলনা করলে জিয়াউর রহমানের চেয়ে এরশাদের শাসনামলে মুক্তিযোদ্ধারা ভালো ছিলেন।

বাংলাদেশের বর্তমান আর্থসামাজিক পরিস্থিতি নিয়ে নিজের উদ্বেগের কথা জানান মোহাম্মদ হোসেন। তাঁর মতে, দেশে নানা পর্যায়ে উন্নয়ন হচ্ছে ঠিকই, কিন্তু মানুষের নৈতিকতার অধঃপতন হচ্ছে। এ পরিস্থিতির জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাবকে দায়ী করেন তিনি।