আমেরিকায় আশাতীতভাবে বাড়ছে কর্মসংস্থান
আমেরিকায় কর্মসংস্থান বৃদ্ধির গতি প্রত্যাশার চেয়েও বেশি। গত মাসে (জুন) দেশটিতে কর্মসংস্থান বেড়েছে আশাতীত গতিতে। তবে মজুরি বৃদ্ধির হার এখনো অনেকটা ধীর। যুক্তরাষ্ট্রের শ্রম দপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। খবর বিবিসির।
ইউএস শ্রম দপ্তরের তথ্যমতে, জুনে দেশটির অর্থনীতিতে ২ লাখ ২২ হাজার নতুন কর্মসংস্থান হয়েছে। তবে মজুরি বৃদ্ধির হার এখনো অনেক কম। গত বছরের একই সময়ের তুলনায় এ বছর মজুরি বেড়েছে মাত্র আড়াই শতাংশ।
এ বিষয়ে সুদহার পর্যালোচনাকারী প্রতিষ্ঠান ব্যাংকরেট ডটকমের সিনিয়র অর্থনৈতিক বিশ্লেষক মার্ক হ্যানরিক বলেন, ‘মজুরি বৃদ্ধির ক্ষেত্রে এখনো ঘাটতি রয়েছে। এর অর্থ হচ্ছে আমরা কর্মক্ষম পুরো শক্তিকে এখনো কাজে লাগাতে পারিনি। অর্থাৎ চাকরির বাজারের উন্নয়নে আমাদের এখনো অনেক কিছু করার আছে।’
মার্কিন শ্রম দপ্তরের তথ্যমতে, চলতি বছর এখন পর্যন্ত প্রতি মাসে গড়ে দেশটিতে ১ লাখ ৮০ হাজার করে নতুন কর্মসংস্থান হয়েছে। এর মধ্যে গত এপ্রিলেই দেশটিতে ২ লাখ ৭ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়, যা মে মাসে কমে দাঁড়ায় ১ লাখ ৫২ হাজারে। কিন্তু জুনে এ ক্ষেত্রে ব্যাপক উল্লম্ফন ঘটে। এর প্রভাব আবার পড়েছে বেকারত্বের হারেও। কর্মসংস্থানের ঊর্ধ্বমুখিতায় বহু মানুষ নতুন চাকরির খোঁজে নেমেছে। ফলে বেকারত্বের হার ৪ দশমিক ৩ থেকে কিছুটা বেড়ে ৪ দশমিক ৪ শতাংশে দাঁড়িয়েছে।
জুনে সবচেয়ে বেশি কর্মসংস্থান হওয়া খাতগুলোর মধ্যে স্বাস্থ্য সুরক্ষা, সমাজসেবা, আর্থিক ও খনি উল্লেখযোগ্য। এ সময়ে সরকারি বিভিন্ন খাতেও কর্মসংস্থানের পরিমাণ বেড়েছে। তবে যুক্তরাষ্ট্রে এখনো ৫০ লাখের বেশি মানুষ খণ্ডকালীন চাকরিতে নিযুক্ত রয়েছে বলে শ্রম দপ্তরের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।