আগামী ২৫ জুন রবিবার আমেরিকায় পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। ওয়াশিংটনের সবচেয়ে বড় ধর্মীয় প্রতিষ্ঠান অ্যাডাম সেন্টার তাদের ওয়েব সাইটে এই ঘোষণা দিয়েছে। গত ২৭ মে পবিত্র রমজান মাসের প্রথম দিবস শুরু হয়েছে এবং শেষ হবে ২৪ জুন শনিবার। ২৫ জুন রোববার পবিত্র শাওয়াল মাসের প্রথম দিন এবং ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী শাওয়াল মাসের প্রথম দিবসেই পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হয়।
বিশ্বের অন্যান্য দেশের মতো আমেরিকায়ও ঈদুল ফিতরই হলো মুসলিম সম্প্রদায়ের বৃহত্তম উৎসব। এ উপলক্ষে পুরো রমজান মাস ধরে কেনাকাটা চলছে।
ফিতরা: ঈদুল ফিতর উপলক্ষে ফিতরা আদায় করা ওয়াজিব। এ বছর আমেরিকায় জন প্রতি সর্বনিম্ন ফিতরার হার নির্ধারণ করা হয়েছে ১০ ডলার এবং সর্বোচ্চ ১৫ ডলার। যে কেউ ইচ্ছা করলে সর্বনিম্ন এই হার থেকে সর্বোচ্চ হারে ফিতরা আদায় করতে পারবেন। এটি এক ধরনের সাদকা বা দান, যা রোজার ভুলত্রুটি দূর করার জন্য আদায় করা হয়। ঈদের নামাজের আগেই ফিতরা আদায় করার বিধান রয়েছে।