আমেরিকায় এ বছর বন্দুক হামলায় নিহত ১৩ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফার্স্ট ব্যাপটিস্ট গির্জায় গুলিতে নিহতদের স্মরণে প্রার্থনা।
ফার্স্ট ব্যাপটিস্ট গির্জায় গুলিতে নিহতদের স্মরণে প্রার্থনা।

আমেরিকায় আবারও বন্দুক হামলার ঘটনা ঘটেছে। দক্ষিণ টেক্সাসের একটি গির্জায় চালানো সর্বশেষ এ হামলায় নিহত হয়েছেন ২৬ জন। এতে আহত হয়েছেন আরও ২০ জন। এ নিয়ে চলতি বছরে আমেরিকায় বিভিন্ন অঞ্চলে বন্দুক হামলায় নিহতের সংখ্যা দাঁড়াল ১৩ হাজার ১৪৯ জনে। সর্বশেষ এ হামলার বিপরীতে এশিয়া সফররত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। নিজের টুইটার পোস্টে দেওয়া প্রতিক্রিয়ায় এ ঘটনাকে ‘শয়তানের কাজ’ বলে মন্তব্য করেছেন তিনি।
কিন্তু বন্দুক হামলায় নিহতের এমন ঘটনার বিপরীতে ডোনাল্ড ট্রাম্প তাঁর টুইটার পোস্টে যত ক্ষুব্ধ ও তীব্র প্রতিক্রিয়াই জানান না কেন, তা আমেরিকায় বন্দুক হামলার ভয়াবহতাকে ঢেকে দেবে না। একজন আমেরিকানের সন্ত্রাসী হামলার চেয়ে বন্দুক হামলায় মারা পড়ার ঝুঁকি ২ হাজার গুন বেশি।
চলতি বছরে বন্দুক হামলার পরিসংখ্যান যে কাউকে বিবশ করে দেওয়ার মতো। গান ভায়োলেন্স আর্কাইভের পরিসংখ্যান বলছে, এ বছর এখন পর্যন্ত পুরো আমেরিকায় মোট ৫২ হাজার ৩৮৫টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৪৯ জন। এসব হামলার মধ্যে ৩০৭টি ছিল গণ বন্দুক হামলা, যেখানে হামলাকারী ব্যতীত চার বা তার চেয়ে বেশি সংখ্যক মানুষের ওপর গুলি চালানো হয়েছে।

হামলাকারী  ডেভিন প্যাট্রিক ক্যালি
হামলাকারী ডেভিন প্যাট্রিক ক্যালি

১৯৪৯ সালের পর সবচেয়ে ভয়াবহ দুটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে মাত্র ৩৫ দিন ব্যবধানে। অন্যভাবে বলতে গেলে ডোনাল্ড ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর বড় দুটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে আমেরিকায়। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ হামলাটি হয়েছে লাস ভেগাসে কান্ট্রি মিউজিক উৎসবে, যেখানে নিহত হয়েছিলেন ৫৮ জন। ১ অক্টোবরের ওই হামলা আক্ষরিক অর্থেই সব আমেরিকানকে স্তব্ধ করে দিয়েছিল। আর মাস পেরোতে না পেরোতেই টেক্সাসের গির্জা দেখল আরেকটি ভয়াবহ বন্দুক হামলা। ডেভিন কেলি নামের ওই হামলাকারীর গুলিতে এবারে নিহত হলেন ২৬ জন। কোনো সংবাদমাধ্যমে মৃতের সংখ্যা ২৮ উল্লেখ করা হচ্ছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর টুইন টাওয়ার হামলার পর এখন পর্যন্ত আমেরিকায় সন্ত্রাসী হামলায় ১০৩ জন নিহত হয়েছেন। ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত প্রতি বছর বন্দুক হামলায় দেশটিতে যে পরিমাণ মৃত্যু হয়, তার ১ শতাংশও নয় এটি। কিন্তু তারপরও আমেরিকার প্রশাসন বন্দুক রাখা ও বিক্রি নিয়ন্ত্রণে তেমন কোনো উদ্যোগ নেয়নি।
লাস ভেগাসের বন্দুক হামলাটি করেছিলেন স্টিফেন প্যাডক। কনসার্টে হামলার আগের ১২ মাসে তিনি ৩৩টি বন্দুক কেনেন। বুঝতে বাকি থাকে না যে, হামলার পরিকল্পনা থেকেই তিনি এ বন্দুকগুলো কিনেছিলেন। তাঁর কেনা অধিকাংশ বন্দুকই ছিল রাইফেল। একই ব্যক্তি স্বল্প ব্যবধানে একাধিক রাইফেল কেনার পরও সংশ্লিষ্ট বন্দুক বিক্রয়কেন্দ্রটি এ বিষয়ে অ্যালকোহল, টোব্যাকো, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরোকে জানানোর কোনো প্রয়োজনই বোধ করেনি।
স্টিফেন প্যাডকের বন্দুকগুলোর মধ্যে এক ডজনের সঙ্গে জুড়ে দেওয়া ছিল ‘বাম্প স্টকস’, যা সেমি-অটোমেটিক অস্ত্রকে সম্পূর্ণ অটোমেটিক অস্ত্রে রূপান্তরে কাজ করে। আর এ বাম্প স্টকস নামের এ বিশেষ ডিভাইসটির বিক্রয় আমেরিকায় সম্পূর্ণ বৈধ। অর্থাৎ প্রশাসন বলতে চায় যে, আমেরিকান সমাজ ও জনজীবনের ওপর পূর্ণাঙ্গ অটোমেটিক অস্ত্র রাখা ও তা বিক্রয়ের তেমন কোনো প্রভাব নেই। যদিও প্রতি বছর এসব বন্দুকের গুলিতে ঝাঁজরা হয়ে যাচ্ছে, অগণিত মানুষের বুক।
সর্বশেষ ঘটনাস্থল টেক্সাস। এ অঞ্চলে এ-১৫ রাইফেলের মতো আগ্নেয়াস্ত্র বহনের অনুমোদন রয়েছে। যদিও বিভিন্ন বন্দুক হামলায় হামলাকারীদের এ বন্দুককেই ব্যবহার করতে দেখা গেছে। হামলাকারীদের পছন্দের তালিকায় এ বিশেষ রাইফেলটি ওপরের দিকেই থাকে।
বরাবরের মতোই টেক্সাস হামলা নানান আলোচনা-সমালোচনাকে উসকে দিয়েছে। বন্দুক বিক্রয় ও বহন আইনকে আরও কঠোর করার দাবি উঠেছে অনুমিতভাবেই। কিন্তু একই সঙ্গে সেই পুরোনো বিতর্কের লেজ ধরে হাজির হয়েছে আত্মরক্ষার্থে বন্দুক বহনের যৌক্তিকতার বিষয়টি। আমেরিকান সংবিধানের দ্বিতীয় সংশোধনীতে বন্দুক বহনের অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়েছে। ১৭৭৬ সালে স্বাধীনতা লাভের মাত্র ১৫ বছরের মাথায় গৃহীত ওই সংশোধনীতে বলা হয়েছে, ‘একটি মুক্ত অঙ্গরাজ্যের নিরাপত্তার স্বার্থে দক্ষ ও সুনিয়ন্ত্রিত মিলিশিয়া এবং এর অধিবাসীদের বন্দুকের মালিকানা ও তা বহনের অধিকারকে খর্ব করা যাবে না।’
এই সংশোধনী থেকে এটা স্পষ্ট যে, সে সময়ের নেতারা সদ্য স্বাধীন অঞ্চলগুলোয় আবারও ব্রিটিশ ঔপনিবেশিক শক্তি কিংবা একই রকম কোনো শক্তির দিক থেকে হামলার ভয় করছিলেন। আর এ জন্যই প্রতিটি অঙ্গরাজ্যের জন্য প্রতিরক্ষার স্বার্থেই এ সংশোধনী আনা হয়েছিল সে সময়। কিন্তু বর্তমানে তেমন বাস্তবতা না থাকলেও ক্ষমতাবান ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের (এনআরএ) চাপে এ সংশোধনীতে কোনো পরিবর্তন আনা সম্ভব হচ্ছে না। মানুষের আগ্নেয়াস্ত্র বহনের অধিকার সম্পর্কিত আইনে কোনো ধরনের পরিবর্তন আনার ক্ষেত্রে বারবার বাধা হয়ে দাঁড়িয়েছে এনআরএ। এর সঙ্গে রয়েছে বন্দুক নিয়ন্ত্রণ আইন নিয়ে ডেমোক্র্যাট ও রিপাবলিকান রাজনীতির দ্বন্দ্ব। বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পসহ অধিকাংশ রিপাবলিকানই সব সময় ক্ষমতাবান এ প্রতিষ্ঠান সম্পর্কে একরকম উদাসীন থেকেছে। বন্দুক আইন কঠোর করার বিষয়ে বিভিন্ন সময়ে প্রস্তাব উঠলেও তা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি। বরং আত্মরক্ষার অজুহাত তুলে আইনটি শিথিল করার মতো বিপরীত প্রস্তাব উত্থাপন করে রাজনৈতিক খেলা হয়েছে অবলীলায়। টেক্সাস হামলার পর শুরু হওয়া আলোচনা-সমালোচনার যে ঝড় বইছে তা তাই অপরিচিত নয়। এর ধারা বর্ণনা অনেকটা চোখ বোজেই দেওয়া সম্ভব। কিন্তু এ তো জানা কথাই যে, যত দিন পর্যন্ত কোনো ধরনের দৃষ্টিগ্রাহ্য পদক্ষেপ না নিয়ে ট্রাম্পের মতো নেতারা এক টুইটার পোস্টে এ হামলার ঘটনাকে ‘শয়তানের কাজ’ বলে দায় সারবেন, তত দিন পর্যন্ত এ সংকটের কোনো সমাধান আমেরিকানরা দেখবেন না।