আমেরিকায় কঠিন হচ্ছে রাজনৈতিক আশ্রয়
রাজনৈতিক আশ্রয়ের নামে আমেরিকার অভিবাসন কঠিন হয়ে পড়েছে। যদিও আইনের দৃশ্যত কোনো পরিবর্তন হয়নি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর থেকে অভিবাসনবিরোধী মনোভাব প্রশাসনের সর্বোচ্চ স্তর থেকে মাঠ পর্যন্ত বিস্তৃত হয়েছে।
তাই রাজনৈতিক আবেদনের নামে ফুলিয়ে-ফাঁপিয়ে দেওয়া নানা তথ্য এখন সহজে বিশ্বাস করছেন না অভিবাসন কর্মকর্তারা। ফলে সবকিছু যাচাই করতে সময় লাগছে। এ কারণে হাজার হাজার রাজনৈতিক আশ্রয়প্রার্থী রয়েছেন আতঙ্ক ও উদ্বেগের মধ্যে।
কিছুদিন আগেও রাজনৈতিক আশ্রয়প্রার্থীরা ওয়ার্ক অথোরাইজেশন (ওয়ার্ক পারমিট) এক মাসের মধ্যে পেয়ে যেতেন। গেল এক-দুই মাস থেকে ওয়ার্ক অথোরাইজেশন পেতে আবারও বিলম্ব হচ্ছে।
হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তা (অ্যাসাইলাম অফিসার) কর্তৃক নির্ধারণ করা সাক্ষাৎকারের দিনক্ষণ পাওয়ার বিষয়টিও আছে আগের মতোই। আবেদন করার পর সাক্ষাৎকারের জন্য ডাক পেতে সময় লাগছে আড়াই থেকে তিন বছর। আবার কারও কারও এর চেয়ে বেশি সময়। সুপ্রিম কোর্টের অ্যাটর্নি মঈন চৌধুরী প্রথম আলোকে বলেন, আমেরিকার পরিবর্তিত পরিস্থিতি বা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন আদেশে সৃষ্ট বাস্তবতায় রাজনৈতিক আশ্রয়ের আবেদন বাড়ছে।
তিনি বলেন, অনেকেই আগের মামলাও চালু করছেন। রাজনৈতিক আশ্রয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে যেহেতু এখন দুই বছরের জন্য ওয়ার্ক অথোরাইজেশন পাওয়া যায়, সেহেতু লোকজন সে সুযোগ গ্রহণ করছেন। কারণ, তাঁদের কাছে বৈধভাবে আমেরিকায় বসবাসের আপাতত এটা ছাড়া কোনো পথ থাকছে না।
নিউইয়র্কের ব্যারিস্টার আফতাব আহমেদ প্রথম আলোকে বলেন, আমেরিকায় রাজনৈতিক আশ্রয় আগেও কঠিন ছিল। তবে এখন আরও বেশি কঠিন হয়েছে। বিপুল পরিমাণ আবেদন জমা থাকার কারণে সাক্ষাৎকার পেতে বিলম্ব হচ্ছে। তিনি বলেন, খোঁজ নিয়ে দেখা যায়, রাজনৈতিক আশ্রয়ের জন্য করা আবেদনের ৮০ ভাগই ‘না’ হয়ে যাচ্ছে। যাঁরা সঠিক তথ্য এবং প্রকৃতপক্ষে নিজ নিজ দেশে ঝুঁকির মধ্যে আছেন এবং তা প্রমাণ করতে পারছেন তাঁদের আবেদন মঞ্জুর হচ্ছে। পরবর্তী সময়ে তাঁরা গ্রিন কার্ড (স্থায়ীভাবে বসবাসের অনুমিত) পাচ্ছেন।
অতি সম্প্রতি বাংলাদেশের গণমাধ্যমে কর্মরত একজন সাংবাদিকের রাজনৈতিক আশ্রয় না হয়ে গেছে। তিনি বাংলাদেশে নিজের ও পরিবারের ঝুঁকি দেখিয়ে আশ্রয়ের আবেদন করেছিলেন। হোমল্যান্ড সিকিউরিটি কর্মকর্তারা কয়েক ঘণ্টার বক্তব্য শোনার পর তাঁর আবেদন এক্সিকিউটিভ অফিস অব ইমিগ্রেশন রিভিউ বা ইমিগ্রেশন কোর্টে পাঠিয়ে দিয়েছেন। অ্যাটর্নিরা বলছেন, এভাবে প্রায় প্রতিদিনই আবেদন নাকচ হচ্ছে। অ্যাসাইলাম কর্মকর্তারা আবেদনকারীর বক্তব্যে সন্তুষ্ট না হওয়ার কারণে আবেদনগুলো নাকচ করছেন।
আইনজ্ঞরা বলছেন, প্রতিবছর অন্তত এক লাখ অভিবাসী আমেরিকায় আশ্রয়ের আবেদন করে থাকেন। পাঁচটি বিষয়ে অ্যাসাইলাম বা আশ্রয়ের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। গত কয়েক বছর বিশ্ব রাজনৈতিক পরিস্থিতির বাস্তবতায় বিভিন্ন দেশের মতো আমেরিকায় বেড়েছে অ্যাসাইলাম প্রার্থীর সংখ্যা। এর মধ্যে রাজনৈতিক আশ্রয়ের আবেদন থাকে উল্লেখ করার মতো। কয়েক বছরে প্রায় ১০ হাজার বাংলাদেশি রাজনৈতিক আশ্রয়ের জন্য আবেদন করেছেন। এর মধ্যে যাঁরা বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিয়েছেন, তাঁদের আবেদন নাকচ হওয়ার ঘটনা ঘটেছে বেশি। আইনজ্ঞরা বলছেন, আমেরিকার বিভিন্ন আদালতে বিএনপিকে ‘সন্ত্রাসী দল’ হিসেবে আখ্যা দেওয়ায় অ্যাসাইলাম কর্মকর্তারা বিএনপি পরিচয় দিলেই আবেদন নাকচ করছেন।
অ্যাটর্নি মঈন চৌধুরী বলেন, রাজনৈতিক আশ্রয়ের সময় কোনোভাবে মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। প্রকৃতপক্ষেই যদি নিজ দেশে কেউ ঝুঁকির মধ্যে থাকেন, সে বিশ্বাসযোগ্য প্রমাণসহ রাজনৈতিক আশ্রয়ের আবেদন করা যেতে পারে, অন্যথায় নয়।
ব্যারিস্টার আফতাব আহমেদ বলেন, রাজনৈতিক আশ্রয়ের আবেদন শুধু তাঁদের করাই উচিত, যাঁরা ঝুঁকিপূর্ণ থাকার প্রমাণ অ্যাসাইলাম অফিসার বা আদালতের সামনে সঠিকভাবে উপস্থাপন করতে পারবেন।
গত নভেম্বরে বাংলাদেশ থেকে নিউইয়র্কে এসেছেন একটি গবেষণা প্রতিষ্ঠানের কর্মকর্তা। তিনি দেশে পরিবেশসহ নাগরিক আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘আমি পরিবেশ রক্ষা ও নাগরিক আন্দোলন করতে গিয়ে সরকারি দলের রোষানলে পড়ে দেশ ছেড়েছি। আমি সিদ্ধান্ত নিয়েছি, শিগগিরই রাজনৈতিক আশ্রয়ের আবেদন করব।’
রাজনৈতিক আবেদন দিনে দিনে কঠিন হচ্ছে। তারপরও কেন লোকজন আবেদন করছেন, এমন প্রশ্নে ব্যারিস্টার আফতাব আহমেদ বলেন, রাজনৈতিক আবেদন কোনো সময়ই সহজ ছিল না। ঝুঁকিতে থাকা প্রমাণ করতে পারলে আশ্রয় পেয়েছেন।