আমেরিকায় কমছে কর্মসংস্থান!
আমেরিকায় বর্তমানে বেকারত্বের হার সর্বনিম্ন। একই সঙ্গে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা পূরণের জন্য পর্যাপ্ত চাকরিপ্রার্থী নেই। এই বিষয়টিকে বিশেষ কৃতিত্ব হিসেবে দেখাতে তৎপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। কর্মসংস্থান সম্পর্কিত এ তথ্য মার্কিন সংবাদমাধ্যমে বেশ ফলাও করে প্রচার করা হচ্ছে। কিন্তু নিউইয়র্কের মতো বিভিন্ন অঞ্চলের অর্থনীতি ক্রমেই মন্দার দিকে ধাবিত হচ্ছে বলে মত দিচ্ছেন অর্থনৈতিক বিশ্লেষকেরা। এ অবস্থায় স্বাভাবিক যে প্রশ্ন তৈরি হয় তা হলো, এই কর্মসংস্থানের তথ্য কতটা সঠিক?
মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে এপ্রিল মাসে আমেরিকায় বেকারত্বের হার রেকর্ড সর্বনিম্ন ৩ দশমিক ৬ শতাংশ বলে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে নতুন ২ লাখ ৬৩ হাজার কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করা হয়েছে ওই সব প্রতিবেদনে। কিন্তু এ দুটি তথ্যই আংশিক সত্যকে উপস্থাপন করে।
কারেন্ট এসটাবলিশমেন্ট সার্ভের (সিইএস) তথ্যমতে, গত মাসে আমেরিকায় ২ লাখ ৬৩ হাজার নতুন চাকরি সৃষ্টি হয়েছে। কিন্তু একই বিষয়ে করা আরেক জরিপ কারেন্ট পপুলেশন সার্ভের (সিপিএস) তথ্য বলছে, এই নতুন চাকরির মধ্যে ১ লাখ ৫৫ হাজার খণ্ডকালীন ও স্বেচ্ছাসেবামূলক। অর্থাৎ সিপিএস বলছে, নতুন যে চাকরিগুলো সৃষ্টি হয়েছে তার অর্ধেকের বেশি দ্বিতীয় বা তৃতীয় কর্মক্ষেত্র হিসেবে নিতে পারেন চাকরিপ্রার্থীরা। একক উপার্জন ক্ষেত্র হিসেবে এই ১ লাখ ৫৫ হাজার চাকরিকে নেওয়ার কোনো সুযোগই নেই। ফলে এটি সত্যিকারের কর্মসংস্থানের তথ্য দিচ্ছে না। এটি নতুন চাকরির ক্ষেত্র সম্পর্কে ধারণা দিলেও, তা কোনোভাবেই পূর্ণ অর্থে নতুন কর্মসংস্থানের নিশ্চয়তা দিচ্ছে না। কারণ এই নতুন চাকরির অধিকাংশই হয় খণ্ডকালীন, নয় তো সাময়িক। আর সবই স্বল্প মজুরির চাকরি।
সিপিএসে দ্বিতীয় আরেকটি প্রতিবেদন জানাচ্ছে, আরও ভয়াবহ তথ্য। ওই প্রতিবেদন অনুযায়ী, আমেরিকায় স্থায়ী চাকরির সংখ্যা গত মাসে বরং কমেছে। কতটা কমেছে? এপ্রিল মাসে স্থায়ী চাকরির সংখ্যা ১ লাখ ৯১ হাজার কমেছে। এর আগের মাসে কমেছিল ২ লাখ ২৮ হাজার। অর্থাৎ স্থায়ী চাকরির সংখ্যা আমেরিকায় আদতে ধারাবাহিকভাবেই কমছে।
সাময়িকপত্র কাউন্টারপাঞ্চে এ সম্পর্কিত এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব তথ্যকে আড়ালে রেখে মার্কিন প্রশাসন মূলত বেকারত্ব হ্রাসের তথ্যটিই ফলাও করে প্রচার করছে। একই সঙ্গে বলা হচ্ছে, এই বেকারত্বের হার স্থায়ী চাকরির বিচারের হিসাব করা হয়েছে। অথচ স্থায়ী চাকরির হার যেখানে ১ লাখ ৯১ হাজার কমছে, সেখানে খণ্ডকালীন চাকরির সংখ্যা বাড়ছে ১ লাখ ৫৫ হাজার। সে ক্ষেত্রে স্থায়ী চাকরির সংখ্যা কমলে একই সঙ্গে সেই বিবেচনায় হিসাব করা বেকারত্বের হার কী করে কমে, সে প্রশ্নটি স্বাভাবিকভাবেই ওঠে।
স্থায়ী চাকরির সংখ্যা হ্রাসের বিপরীতে খণ্ডকালীন চাকরির সংখ্যা বৃদ্ধির একটি ব্যাখ্যা হতে পারে, অনেক স্থায়ী চাকরিই হয়তো খণ্ডকালীন চাকরিতে রূপান্তরিত হয়েছে। ফলে স্থায়ী চাকরির সংখ্যা ১ লাখ ৯১ হাজার কমার বিপরীতে খণ্ডকালীন চাকরির সংখ্যা দেড় লাখের বেশি বাড়ছে।
আবার খণ্ডকালীন চাকরির সংখ্যা নিয়েও সংকট রয়েছে। কারণ, ২০০৯ সালের কর্মসংস্থান প্রতিবেদনের দিকে তাকালে একই রকম প্রবণতা দেখা যায়। ২০২০ সালে আদমশুমারি মাথায় রেখে সরকারিভাবে প্রচুর খণ্ডকালীন নিয়োগ দেওয়া হচ্ছে, যা গত মাস থেকেই শুরু হয়েছে। ফলে এই খণ্ডকালীন চাকরিগুলো আদতে সাময়িক সময়ের জন্য। অর্থাৎ আদমশুমারি শেষ হলেই এই চাকরিগুলো দৃশ্যপট থেকে অপসৃত হবে। ২০১০ সালে সর্বশেষ আদমশুমারির আগের বছরও খণ্ডকালীন চাকরির সংখ্যা এত বিপুলভাবে বেড়েছিল।
কর্মসংস্থান সম্পর্কিত সরকারি পরিসংখ্যান আরও নানাভাবেই প্রশ্নবিদ্ধ হচ্ছে। আর এই প্রশ্নগুলো তুলছে সরকারি বিভিন্ন প্রতিবেদনই। কারণ গত মাসে রেকর্ড সর্বনিম্ন বেকারত্ব থাকলেও একই মাসে শ্রমবাজার থেকে ৬ লাখ ৪৬ হাজার শ্রমক্ষম ব্যক্তি ছিটকে পড়েছে বলে তথ্য উঠে এসেছে শ্রম মন্ত্রণালয়ের পরিসংখ্যানেই। এ দুটি তথ্য পুরোপুরি সাংঘর্ষিক। এর আগের মাসেও সাড়ে তিন লাখ কর্মক্ষম ব্যক্তি শ্রমবাজার থেকে ছিটকে পড়েছিল। এ তথ্য কোনোভাবেই ৩ দশমিক ৬ শতাংশ বেকারত্বের হার ও ২ লাখ ৬৩ হাজার নতুন চাকরির তথ্যকে সমর্থন করে না।
মার্কিন অর্থনীতি শক্তিশালী হচ্ছে, বা জিডিপির গতি বাড়ছে বলে যে প্রচার ট্রাম্প প্রশাসন চালাচ্ছে, তা নিয়েও যথেষ্ট সংশয় রয়েছে। চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের ফল এরই মধ্যে পড়তে শুরু করেছে। এই বাণিজ্য যুদ্ধের ফলে মার্কিন ব্যবসায়ীদের ওপর যে চাপ সৃষ্টি হয়েছে, তাতে করে বিনিয়োগ কমে গেছে। কিন্তু এই সবকিছুকে পাশ কাটাতে হাজির করা হচ্ছে বেকারত্ব হ্রাস ও মজুরি বৃদ্ধির তথ্য। যদিও সর্বনিম্ন বেকারত্বের হারের মতোই প্রশ্ন রয়েছে বর্ধিত মজুরি নিয়েও। কারণ যে মজুরি বৃদ্ধির কথা বলা হচ্ছে, তা ওপরতলায় যতটা হয়েছে, নিচের তলায় ততটা হয়নি। আবার এই নিচের তলায় হওয়া মজুরি বৃদ্ধিকে সীমার মধ্যে আনতে, স্থায়ী চাকরিকে খণ্ডকালীনে এবং খণ্ডকালীনকে কর্মঘণ্টা কমানোর মতো নানা পন্থা অবলম্বন করছে প্রতিষ্ঠানগুলো। এ ক্ষেত্রে প্রশাসন কোনো বিশেষ ব্যবস্থাও নিচ্ছে না। তারা মূলত তথ্যের উন্নয়নই দেখাতে তৎপর। আবার দশক বিরতিতে হওয়া মজুরি বৃদ্ধিকেও আবার প্রকৃত বিচারে মজুরি বৃদ্ধি বলার সুযোগ নেই। কারণ মুদ্রাস্ফীতি প্রকৃত আয়কে অনেক আগেই ব্যাপকভাবে কমিয়ে দিয়েছে। তাই শ্রমবাজার, বেকারত্ব, ন্যূনতম মজুরি ইত্যাদি নিয়ে সরকারি ভাষ্যকে বিনা প্রশ্নে গ্রহণের কোনো সুযোগ আদতে নেই।