আমেরিকায় করোনায় বেকারত্ব ২০ ভাগ বৃদ্ধির আশঙ্কা
আমেরিকায় প্রতিদিন প্রতি মুহূর্তে করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছে। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিল। এতে দেশজুড়ে মানুষের মধ্যে আতঙ্ক আরও বাড়ছে। আমেরিকার শহরে রেস্তোরাঁ, শপিং মল, সিনেমা হল, স্কুল-কলেজ এবং সব ধরনের খেলাধুলা বন্ধ করা হয়েছে। প্রায় সব বিমানবন্দর, রাস্তা-ঘাট, সাবওয়ে স্টেশন ও বাস টার্মিনালগুলো জনশূন্য হয়ে পড়েছে। থমকে গেছে আঞ্চলিক ও বৈশ্বিক যোগাযোগ। একমাত্র কর্মস্থল বন্ধ হয়ে যাওয়ায় বহু মার্কিন নিজ নিজ বাড়িতে শঙ্কায় দিন কাটাচ্ছে। যত দিন যাচ্ছে, যুক্তরাষ্ট্রের ছোট শহরে ধীরে ধীরে মানুষ সব ধরনের সামাজিক অনুষ্ঠান ও যোগাযোগ বন্ধ করে দিচ্ছে। এরই মধ্যে চাকরি হারিয়ে হয়ে অনেক মার্কিন অনিশ্চিত জীবনযাপন করছে।
ট্রেজারি সেক্রেটারি স্টিভেন মানুচিন ১৭ মার্চ রিপাবলিকান সিনেটরদের বলেন, সরকার বিষয়টি নিয়ে এখনই হস্তক্ষেপ না করলে আমেরিকায় করোনাভাইরাসের কারণে ২০ শতাংশ মানুষ বেকারত্বের শিকার হতে পারে। ট্রেজারি সেক্রেটারি শুধু আমেরিকার এই পর্যায়ে পৌঁছানোর পূর্বাভাসই দেননি। তিনি আরও বলেন, ‘আমি বিশ্বাস করি, এই প্রাদুর্ভাব ২০০৮ সালের আর্থিক সংকটের চেয়ে আরও বেশি আর্থিক ক্ষতি করতে পারে।’
মানুচিনের বেকারত্ব প্রবণতা বৃদ্ধির পূর্বাভাস অর্থনীতিবিদদের আগে দেওয়া পূর্বাভাসের চেয়ে বেশি ভয়াবহ বলে মনে করা হচ্ছে। অবশ্য আমেরিকার অর্থনীতিবিদরা এই সময়ে ভবিষ্যদ্বাণী না করে বরং অনিশ্চয়তার ওপর জোর দিয়ে যাচ্ছেন। এদিকে ওয়েলস ফারগো অ্যান্ড কোম্পানি তাদের পূর্বাভাস আপডেট করেছে যাতে দেখা যায় যে, বেকারত্বের হার চতুর্থ প্রান্তিকে ৫.৩ শতাংশে পৌঁছে যাবে।
সম্প্রতি ট্রাম্প প্রশাসন একটি উদ্দীপক পরিকল্পনা নিয়ে আলোচনা করছে—যা বাস্তবায়ন করা হলে আমেরিকানরা সরাসরি ১০০ ডলার বা তার বেশি অর্থ পেতে পারে। মানুচিন চান, এপ্রিলের শেষের মধ্যে আমেরিকানদের মধ্যে ২৫০ বিলিয়ন ডলার তহবিলের চেকগুলো প্রেরণ করা হোক এবং দ্বিতীয় সেটের চেকগুলো চার সপ্তাহ পরে দেওয়া হোক। যা সর্বমোট মোট ৫০০ বিলিয়ন ডলার হবে।
মানুচিনের অর্থনৈতিক প্রস্তাবের বিরোধিতা করে সিনেটের বিচার বিভাগের প্রধান লিন্ডসে গ্রাহাম সাংবাদিকদের বলেন, ‘কোন সমস্যায় কেবল অর্থ ছুড়ে দিলে তা অর্থনীতিতে সহায়তা করবে না। আমি জানি না, কেন মার্কিনদের বেতন-চেকের ওপরে এক হাজার ডলার দেওয়া উচিত। এতে অর্থনীতিতে কোন ফল দেবে না। বরং এই অর্থগুলো স্বাস্থ্যসেবা ব্যবস্থায় কাজে লাগানো উত্তম হবে।’