আমেরিকায় কলেজে পড়ে লাভ কী?
আমেরিকায় গত দশকে কলেজের শিক্ষা ব্যয় ক্রমাগত বেড়েছে। কলেজ বোর্ডের তথ্য অনুযায়ী চার বছরের ব্যাচেলর ডিগ্রি সম্পূর্ণ করতে বেসরকারি বিদ্যালয়ে ৭ হাজার ডলার থেকে ৩৪,৭৪০ ডলার পর্যন্ত ব্যয় হয়েছে। আর শিক্ষানবিশ ও ফিসের জন্য আমেরিকার একটি রাজ্য সরকার অনুমোদিত কলেজে বছরে প্রায় দশ হাজার ডলার ব্যয় হয়, যেটি একজন গরিব শিক্ষার্থীর জন্য অনেক বেশি।
নিউইয়র্ক টাইমসের তথ্য অনুয়ায়ী, বর্তমানে আমেরিকায় ২৫ থেকে ২৯ বছর বয়সী লোকজনের এক-তৃতীয়াংশ অন্তত একটি স্নাতক ডিগ্রি অর্জন করেছে। অনেকেই এই ডিগ্রির জন্য জন্য প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করেছে। গত গ্রীষ্মে আমেরিকায় ছাত্র–ঋণের পরিমাণ ছিল ১.৩ ট্রিলিয়ন ডলারের বেশি, যা এক দশক আগেও ছিল অর্ধেক। কলেজে পড়াশোনা করে দিন দিন আমেরিকান শিক্ষার্থীরা নিজেদের ঋণের ফাঁদে জড়াচ্ছে। আবার পড়াশোনা করে তাদের আয়ও তেমন বাড়ছে না।
যুক্তরাষ্ট্রে উচ্চ বিদ্যালয় শেষ করে একজন বছরে প্রায় ৩৫ হাজার ডলারের মতো আয় করতে পারে। যারা কলেজে পড়াশোনা করতে যায়, তাদের মধ্যে শতকরা ৪০ ভাগ নানা কারণে বাদ পড়ে যায় বা ড্রপআউট হয়। একজন শিক্ষার্থী ব্যাচেলর ডিগ্রি করতে গিয়ে বাদ পড়লে তার আয় প্রায় ৩৮ হাজার ডলারের মতো হয়। যেটি আসলে তেমন বেশি না। আরও জানা যায়, আফ্রিকান-আমেরিকান কলেজের ড্রপআউট শিক্ষার্থীরা কেবলমাত্র উচ্চ মাধ্যমিক ডিগ্রি নিয়ে সাদা আমেরিকান ড্রপআউট ছাত্র-ছাত্রীদের তুলনায় কম উপার্জন করে। অন্যদিকে, কম আয়ের শিক্ষার্থীরা ধনী শিক্ষার্থীদের তুলনায় কলেজ থেকে বাদ পড়ার সম্ভাবনা বেশি।
অর্থনীতিবিদ টিম বার্টিক ও ব্র্যাড হারশবেইনের গবেষণায় ১৮ হাজার আমেরিকানদের সঙ্গে পঞ্চাশ বছরের সাক্ষাৎকার রয়েছে। তাঁরা দরিদ্র, মধ্যবিত্ত ও ধনী পরিবারে জন্মগ্রহণকারী শিশুদের জীবনকে অনুসরণ করতে সক্ষম হয়েছিল। তাঁরা গবেষণায় দেখেছেন, আমেরিকায় যারা গরিব, তাদের জন্য পড়াশোনা আসলেই কোনো সুফল বয়ে আনে না। অনেক গরিব শিক্ষার্থী কলেজ পড়াশোনা শেষ করে বেকার অবস্থায় আছে। স্নাতক ডিগ্রি থাকার পরও দারিদ্র্য তাদের বেশি দূর এগোতে দেয় না। তাই তারা গবেষণায় উল্লেখ করেন আমেরিকায় দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনা অরণ্যেরোদনের মতো। আবার উল্টো দিকে, পড়াশোনা মধ্যবিত্তদের জন্য আশীর্বাদ।
ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিক্সের মতে, আমেরিকায় বর্তমানে ২০ শতাংশেরও কমসংখ্যক চাকরির জন্য প্রকৃতপক্ষে ব্যাচেলর ডিগ্রি প্রয়োজন। ২০১৬ সালের মধ্যে ব্যুরো অনুমান করে যে এই অনুপাত বৃদ্ধি পাবে। তবে কেবলমাত্র ২৫ শতাংশ। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে নিয়োগকর্তারা চাকরির ক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রি চায় কোনো কারণ ছাড়াই। কিন্তু কেন চায় জানেন? কারণ তারা পারে, চাইতে!