আমেরিকায় কৃষকদের আত্মহত্যার হার এত বেশি কেন?
তখন চাষের মৌসুম। কৃষকের মন খুশিতে ভরে থাকার কথা। নতুন প্রাণের আহ্বানে সাড়া দিয়ে নিজেরও উদ্যমী হয়ে ওঠার কথা। কিন্তু ২০১১ সালে আইওয়ার পেরিতে এমনই এক চাষের মৌসুমে ঘর থেকে দূরে গিয়ে আত্মহত্যা করেন ম্যাট পিটার। এর আগে স্ত্রী গিনি পিটারের জন্য লিখে যান একটি চিঠি, যেখানে তিনি সবিস্তারে লিখেছেন তাঁর ক্লান্তির কথা। এর আগের তিন রাত নির্ঘুম ছিলেন তিনি। ক্লান্ত ও বিধ্বস্ত ছিলেন। আর এই ক্লান্তির কাছেই শেষ পর্যন্ত আত্মসমর্পণ করেন তিনি।
অনেক পরে গিনি চিঠিটি হাতে পাওয়ার পর বিপদটি সম্পর্কে আঁচ করেন। সঙ্গে সঙ্গে ফোন দেন ৯১১-এ। ততক্ষণে কর্তৃপক্ষও খুঁজে পেয়েছ ম্যাট পিটারের মরদেহ। তাদের নিঃসঙ্গতাই ম্যাটকে এমন সিদ্ধান্তের দিকে ঠেলে দিয়েছে বলে মনে করেন গিনি পিটার। ম্যাট একা নন। একইভাবে প্রতি বছর বহু কৃষক আত্মহত্যা করছেন, যার সংখ্যা এমনকি অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের আত্মহত্যার হারের চেয়েও বেশি। বর্তমানে আমেরিকার যেকোনো পেশার চেয়ে এই পেশার মানুষদেরই আত্মহত্যার প্রবণতা সবচেয়ে বেশি।
মৃত্যুর আগে ম্যাট সর্বশেষ ফোন করেছিলেন ড. মাইক রোস ম্যানের সঙ্গে। পরে তাঁর সঙ্গে যোগাযোগ করলে আমেরিকার অন্যতম প্রধান এই ফার্মার বিহ্যাভিয়েরাল হেলথ বিশেষজ্ঞ গিনিকে বলেন, ‘আমি এমন আশঙ্কা করেছিলাম।’ গত ৪০ বছর ধরেই তিনি কৃষকদের আত্মহত্যাপ্রবণতা নিয়ে গবেষণা করছেন। কৃষকদের যেকোনো মানসিক সংকটে তাঁকে ফোন করলেই পাওয়া যায়।
এ বিষয়ে দ্য গার্ডিয়ানকে এক কৃষক বলেন, ‘এক সময় অ্যারিজোনায় সবজি চাষ করতাম আমি। আমিও এক সময় রোসম্যানকে ফোন করেছিলাম। সংসার নিয়ে অসুখী ছিলাম। নতুন মা হয়েছিলাম তখন। আর ছিলাম ভীষণ হতাশ। আর ঘাড়ে চেপেছিল বিরাট এক ঋণের বোঝা। আমরা খাদ্য উৎপাদন করি। কিন্তু তা কেনার সামর্থ্য আমাদের নেই। সপ্তাহে ৮০ ঘণ্টা কাজ করি, কিন্তু দাঁতের চিকিৎসকই দেখাতে পারি না, নিয়মিত থেরাপির প্রশ্ন তো পরে।’
বিহ্যাভিয়েরাল হেলথকেয়ার জার্নালে প্রকাশিত এক নিবন্ধে রোসম্যান লিখেছেন, ‘চাষাবাদ সব সময়ই ভীষণ চাপের একটি কাজ। কৃষি উৎপাদনকে প্রভাবিত করতে পারে এমন বহু বিষয় রয়েছে, যা কৃষকের সরাসরি নিয়ন্ত্রণে থাকে না। একটি কৃষক পরিবারের ভালো থাকা মন্দ থাকা এই সব প্রভাবকের ওপর নির্ভর করে।’
গত বছর সেন্টারস ফর ডিজিস কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) পরিচালিত এক গবেষণায় দেখা যায়, সাধারণ জনগোষ্ঠীর আত্মহত্যার হারের চেয়ে কৃষকদের মধ্যে এ হার প্রায় পাঁচগুণ বেশি। কৃষিপ্রধান ১৭টি অঙ্গরাজ্যের পরিসংখ্যানের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে সিডিসি। আর নিউজউইক জানিয়েছে, কৃষকদের আত্মহত্যার হার যুদ্ধফেরত সেনা কর্মকর্তাদের হারের প্রায় দ্বিগুণ।
আমেরিকার কৃষকদের এই আত্মহত্যার উচ্চহার বৈশ্বিক প্রেক্ষাপটটিকেও সামনে এনে হাজির হয়েছে। অস্ট্রেলিয়ায় প্রতি চার দিনে একজন কৃষক আত্মহত্যা করেন। যুক্তরাজ্যে প্রতি সপ্তাহে একজন, ফ্রান্সে প্রতি দুই দিনে একজন কৃষক আত্মহত্যা করেন। আর ভারতে ১৯৯৫ সালের পর থেকে এখন পর্যন্ত ২ লাখ ৭০ হাজারেরও বেশি কৃষক আত্মহত্যা করেছেন।
এই আত্মহত্যার বিষয়টি নিজের আসার পর থেকেই রোসম্যান কৃষকদের মানসিক সহায়তা দেওয়ার কাজটি শুরু করেন। সঙ্গে তাঁর স্ত্রী ও বন্ধুরাও আছেন। আইওয়ায় এসে তিনি নিজে একটি কৃষি খামার দিয়ে বসেন। নিজের খামারে উৎপাদন করেন ভুট্টা, সয়াবিনসহ নানা শস্য। রয়েছে গবাদিও। স্ত্রী ম্যারিলিনকে নিয়ে তিনি একটি মনোচিকিৎসা শুরু করেন। ম্যারিলিন সেখানে নার্সের দায়িত্বটি পালন করেন।
১৯৮০ সালে আমেরিকায় পারিবারিক খামার খাতে বিপর্যয় নেমে আসে। ৩০-এর মহামন্দার পর কৃষি খাতে এটিই সবচেয়ে বড় দুর্যোগ, যা এখনো চলছে। বাজারে বড় ধরনের ধস নামে। এ অবস্থায় ঋণের প্রস্তাব নিয়ে আসতে থাকে বিভিন্ন প্রতিষ্ঠান। আর এই সূত্র ধরেই কৃষকের ঘাড়ে চাপতে থাকে করের বোঝা। আর এই সুযোগে সুদহারও রাতারাতি দ্বিগুণ করে দেওয়া হয়। একের পর এক কৃষক দেউলিয়া হতে থাকে। বন্ধ হতে থাকে খামার। সহিংস পরিস্থিতিরও সৃষ্টি হয়।
কানসাস কৃষক ইউনিয়নের প্রেসিডেন্ট ডন টেস্ক বলেন, ‘১৯৮০ ছিল আমাদের জন্য নরকতূল্য, যেখানে কোনো ঈশ্বর ছিল না।’ ১৯৮৫ সালে কৃষকেরা ওয়াশিংটন ডিসি অভিমুখে মিছিল নিয়ে আসেন। কয়েক সপ্তাহ ধরে তারা হোয়াইট হাউসের কাছে অবস্থান নেন। কিছু আদায় হয়। কিন্তু বৃহৎ শিল্পকেন্দ্রিক অর্থনীতির এই দেশে কৃষকেরা একরকম বিস্মৃতই। ফলে সংকটের মীমাংসা পুরোপুরি হয়নি। এখনো কৃষকের ঘাড়ে ঋণের বোঝা একই রকম।
এই অবস্থায় নিয়মিত মানসিক সহায়তা দেওয়াটাকেই একটি নিদান হিসেবে দেখছেন মাইক রোসম্যান। তিনি বলেন, ‘আইওয়ায় আমরা আত্মহত্যা থামিয়েছি। কিন্তু এভাবে সব অঙ্গরাজ্যে কাজ হওয়া উচিত। কারণ যেসব অঙ্গরাজ্যেই মানসিক স্বাস্থ্যসেবার জন্য হটলাইন আছে, সেসব অঞ্চলেই আত্মহত্যার হার তুলনামূলক কম। মূলত নিপীড়ন ও বঞ্চনার মনস্তত্ত্ব ও হতাশা থেকেই এটি হয়। তাই এ সময় তাদের পাশে দাঁড়ানোটা জরুরি। তবে এটি সাময়িক সমাধান। এ ক্ষেত্রে রাষ্ট্রেরই কিছু করতে হবে।’