আমেরিকায় কোরবানির একাল-সেকাল

আমেরিকায় প্রবাসীদের কাছে কোরবানি একটা সময় ছিল বাংলাদেশে আত্মীয়স্বজনদের কাছে টাকা পাঠিয়ে দেওয়া। সময়ের ধারাবাহিকতায় এখন প্রবাসে অনেক ভালো করে কোরবানি দেওয়া যায়। তারপরও সচ্ছল ও ধার্মিক প্রবাসীরা দেশে ও প্রবাসে দু জায়গায়ই কোরবানি দিয়ে থাকেন। দিন দিন কোরবানি সহজ হচ্ছে আমেরিকায়। রমজানের মতো কোরবানির ঈদকে প্রবাসী আমেরিকানরা উপভোগ করেন দেশীয় আমেজে।
আপনজন ছাড়া প্রবাসের ঈদ অনেকের কাছে কিছুটা মন খারাপ করা ঈদ। তবে আমেরিকা প্রবাসীদের সিংহভাগের কাছে অনেকটা আনন্দের বিষয় হলো এখানে বেশির ভাগ প্রবাসী পরিবার পরিজন নিয়ে থাকেন।
আমেরিকায় বাংলাদেশি প্রবাসীদের আগমন আশির দশক থেকে। তবে ৮২ সাল থেকে ৯১ সাল পর্যন্ত ৯ বছরে অনেক প্রবাসী আমেরিকায় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে পাড়ি জমান। আবার ৯১ সাল থেকে ওপি ১ ও ডিভি ভিসার মাধ্যমেও অনেক প্রবাসী আমেরিকায় আসেন। তখন বেশির ভাগ প্রবাসী ছিলেন ব্যাচেলর, তাই কোরবানি দেওয়ার চিন্তা কেউ করতেন না। তাঁরা দেশে টাকা পাঠিয়ে দিতেন।
তখন তেমন উল্লেখযোগ্যসংখ্যক গ্রোসারিও ছিল না। ফার্ম ছিল না ধারে কাছে। তখন প্রবাসীরা খাসি বা ল্যাম্ব কোরবানি দেওয়ার চিন্তা করতে পারতেন না। সময়ের ধারাবাহিকতায় বাংলাদেশিরা ছোটেন এক স্টেট থেকে অন্য স্টেটে। গড়ে ওঠে গ্রোসারি ব্যবসা। আস্তে আস্তে কোরবানির সহজলভ্যতা চলে আসে। সময় যায়; ব্যাচেলর প্রবাসীরা বিয়ে শাদি করে সংসার সাজান। বাংলাদেশি বধূরা আমেরিকায় সংসার শুরু করেন। কোরবানির গুরুত্ব অনুধাবন করেন তাঁরা।
বর্তমানে মিশিগানে ১২ থেকে ১৫ মাইলের মধ্যে ৪৫টি বাংলাদেশি গ্রোসারি। প্রতিটি গ্রোসারি কোরবানির অর্ডার রাখছেন প্রবাসীদের জন্য। নিউ ইয়র্কেও শ খানেক গ্রোসারিতে কোরবানির অর্ডার রাখছে।
বিশ্বের যে কোনো জায়গার চেয়ে সবচেয়ে ভালো ইমিগ্রেশন সুবিধা আমেরিকায় বিদ্যমান। আমেরিকায় একজন এলিয়েন মানে গ্রিন কার্ডধারী পাঁচ বছর পর সিটিজেন হওয়ার সুযোগ পান। তিনি পরিবারের জন্য আবেদন করে স্ত্রী, সন্তান, বাবা-মা, এবং পরবর্তীতে ভাই বোনদের আমেরিকায় নিয়ে আসার সুযোগ পান। যদিও ক্ষেত্র বিশেষে তা ১২ / ১৪ বছর লাগে। সে হিসাবে আমেরিকায় হাজার হাজার লাখ লাখ পরিবার ভাই বোন, বাবা-মা, শ্বশুর শাশুড়ি, সব মিলিয়ে পুরো গোষ্ঠীই অনেকের আমেরিকায়। তাই আমেরিকায় ঈদ অনেকে করেন দেশীয় আমেজে। রমজানের ঈদের মতো কোরবানির ঈদটা হয়ে ওঠে বেশ উপভোগ্য। বেশির ভাগ প্রবাসী তাঁদের আপনজন নিয়ে এক জায়গায় থাকেন।
বছর পনেরো আগে আমেরিকায় ঈদ ততটা রঙিন ছিল না। সময়ের ধারাবাহিকতায় আজ আমেরিকার ঈদ অনেক বর্ণিল।
কোরবানির ঈদ হচ্ছে আমেরিকায় বেশ কালারফুল। আজ থেকে ১২ / ১৪ বছর পূর্বে কোরবানি দেওয়া সহজ ছিল না। বর্তমানে যা খুবই সহজ। সব জায়গায় ক্রমবর্ধমান হালাল মাংসের জন্য অনেক ফার্ম তৈরি হয়েছে। নিই ইয়র্ক, নিউ জার্সি, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, আটলান্টা, ফ্লোরিডা, ডালাস, মিশিগান, বোস্টন, ওয়াশিংটন, মায়ামি ইত্যাদি প্রধান প্রধান স্টেট/শহর ছাড়াও কয়েক শত ছোট বড় শহরে প্রবাসী আমেরিকান বাঙালিরা ইচ্ছা মতো কোরবানি দেওয়ার সুযোগ পান ফার্ম এ গিয়ে। সারা দিনের জন্য প্রবাসীরা ফার্ম এ থেকে বিকেল বেলা কোরবানির মাংস নিয়ে ঘরে ফেরেন।
ফার্ম কর্তৃপক্ষ প্রবাসীদের বিশেষ ব্যবস্থা করে রাখে, প্রথমত ফার্ম কর্তৃপক্ষ প্রথম গরুটি কোরবানি দিয়ে সেটার মাংস রান্নার ব্যবস্থা করে এবং কয়েক শত প্রবাসী মাংস কোরবানির মাঠে খাবার সুযোগ পান। তারপর সিরিয়াল অনুযায়ী গরু ও খাসি কোরবানি হয়ে থাকে সারা দিন। বিশেষ টেবিলের ব্যবস্থা থাকে যেখানে প্রবাসীরা নিজেরা কেটে বাটাবাটি করে তা বাড়িতে নিয়ে আসেন। সারা দিন ২৮-৩০টি গরু এবং ৫০-৬০টি খাসি বা ভেড়া কোরবানি হয় একেকটি ফার্মে।
প্রবাসীরা দল বেঁধে খাবার নিয়ে উপস্থিত হন। চলে আড্ডা, খাওয়া দাওয়া। শিশুদের জন্য থাকে খেলাধুলার ব্যবস্থা। কয়েকটি গ্রুপে ভাগ হয়ে প্রবাসীরা দল বেঁধে যার যার মতো কোরবানি দেন। একটি গরু সাতটি পরিবার ভাগাভাগি করে কোরবানি দেয়। গরুর দাম পড়ে ১২ ডলার থেকে ১৮ শত ডলার। খাসির দাম পড়ে ৩০০ থেকে ৪৫০ ডলার। ভেড়ার দাম পড়ে ৩৫০ ডলার। অনেকে আবার ফার্ম থেকে গরু জবাই করে ৬ / ৮ পিস করে নিজ বাসায় নিয়ে আসেন। তারপর গ্যারেজে বসে ভাই বোন আত্মীয়স্বজন বন্ধু বান্ধব নিজেরা কাটাকাটি করে কোরবানি সম্পন্ন করেন।
অনেকে ঝামেলা এড়াতে বাসায় নিয়ে আসেন, আবার অনেকে ফার্ম থেকে সরাসরি গ্রোসারি দোকানে নিয়ে যান, সেখানে ৫০ সেন্ট পাউন্ড হিসাবে কোরবানি মাংস কেটে সরাসরি বাসায় নিয়ে আসেন। অনেক গ্রোসারি আবার কোরবানির অর্ডার নিয়ে থাকে সেখানে একেকটি অংশ ২৪০ থেকে ২৬০ ডলার ধরে প্রবাসীরা কোরবানিতে শরিক হন।
আমেরিকায় আজ থেকে ১৫ / ২০ বছর আগে হালাল খাবারের অনেক ঝামেলা ছিল। আজ হালাল খাবার, হালাল মাংস হাতের কাছে। সদিচ্ছা থাকলেই সব পাওয়া যায়, অথচ বলতে কষ্ট হয় অনেক বাংলাদেশি পরিবারে হালাল খাবার খায় না, নতুন প্রজন্মদের শেখাচ্ছেও না। আবার অনেক প্রবাসী ফার্ম এ গিয়ে নিজ হাতে জবাই করে চিকেন (মুরগি) বা খাসি কেটে নিয়ে ১০০ ভাগ নিশ্চিত হয়ে হালাল খাবার খাচ্ছেন। কোরবানি যেমন সহজ আমেরিকায় ঠিক তেমনি ইসলামি জীবন যাপন ও আমেরিকায় সহজ, প্রয়োজন তা অনুসরণ করার।