আমেরিকায় তিন মাসেই বেকার ৪ কোটি ২০ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকায়  আরও ১৯ লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন বলে দাবি করা হচ্ছে। গত সপ্তাহে প্রায়  ১৯ লাখ লোক বেকারত্বের সুবিধার জন্য আবেদন করেন।

করোনাভাইরাসের প্রাদুর্ভাব  শুরুর পর আমেরিকায় এ পর্যন্ত ৪ কোটি ২০ লাখ বেকার ভাতার জন্য আবেদন  করেছেন। এদের সবাই করোনায় চাকরি হারিয়েছেন বলে ধরে নেওয়া হচ্ছে।

নতুন তথ্যে দেখা যায়,  করোনাভাইরাস সংকট শুরুর পর তিন মাসেরও কম সময়ের মধ্যে ৪ কোটি ২০ লাখ মানুষ কাজ হারিয়েছেন।

মার্কিন শ্রম বিভাগ অনুযায়ী, মধ্য মার্চের পর থেকে এখন পর্যন্ত প্রতি সপ্তাহে গড়ে ২০ লাখ করে মানুষ কাজ হারাচ্ছে। মহামারির আগে এ পরিস্থিতির কথা কল্পনাই করা যেত না। মহামারি শুরুর পর মাত্র কয়েক মাসের ব্যবধানে আমেরিকায় বেকারত্বের হার তিরিশের মহামন্দার পর্যায়ে চলে গেছে। গত দশকে হওয়া মহামন্দার সময় এক সপ্তাহে সর্বোচ্চ বেকারভাতার আবেদন জমা পড়েছিল ৬ লাখ ৬৫ হাজার। অথচ গত সপ্তাহেই এর তিনগুণ আবেদন জমা পড়ল।

নটরডেম বিশ্ববিদ্যালয়ের মেন্ডোজা কলেজ অব বিজনেসের ফিন্যান্স বিভাগের অধ্যাপক ও অর্থনীতিবিদ জেসন রিড বলেন, ‘গত কয়েক মাস ধরে যে হারে বেকারভাতার আবেদন জমা পড়ছে, তাতে এই ২০ লাখ নতুন আবেদনকে অনেক কম মনে হচ্ছে। কিন্তু সত্য হচ্ছে, এক সপ্তাহে এত লোকের বেকার হওয়াটা সত্যিই অবিশ্বাস্য।’

গত মার্চে লকডাউন শুরুর পর থেকে বেকারত্ব বাড়তে থাকে হু হু করে। মে মাসের শুরুতে এ হার কিছুটা কমতে শুরু করলে আশা দেখা দেয়। কিন্তু মে মাসের শেষ সপ্তাহে এসে এ হার আবার ব্যাপকভাবে বেড়ে গেল। দেশের কিছু কিছু অঞ্চল খুলতে শুরু করলেও, নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় তা আবার নতুন সংকট তৈরি করবে বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।