

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমেরিকা প্রবাসী রাজনৈতিক নেতা-কর্মীদের মধ্যে আলোচনা শুরু হয়েছে। ঘরোয়া পরিবেশে, আলাপচারিতায়, রেস্তোরাঁর আড্ডায় জল্পনা-কল্পনা চলছে, আমেরিকায় দীর্ঘদিন ধরে রাজনীতিতে সক্রিয় ব্যক্তিদের মধ্যে কারা আগামী নির্বাচনে প্রার্থী হতে পারেন।
নিউইয়র্ক নগরের জ্যাকসন হাইট্স বাংলাদেশিদের রাজনৈতিক কর্মকাণ্ডের মূলকেন্দ্র। এখানেই সারা আমেরিকায় ছড়িয়ে থাকা বাংলাদেশি রাজনৈতিক নেতা-কর্মীদের সম্পর্কে মোটামুটি সব ধরনের তথ্য পাওয়া যায়।
নিউইয়র্কে বাংলাদেশি রাজনৈতিক দলগুলোর মধ্যে মূলত আওয়ামী লীগ ও বিএনপিই বড় ও বেশি সক্রিয়। এ দুটি দলের মধ্যে আওয়ামী লীগ দুই ভাগে ও বিএনপি পাঁচ/ছয় ভাগে বিভক্ত। দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র বিএনপির কোনো কমিটি না থাকায় এ বিভক্তি দিন দিন বাড়ছে। ফলে এ দলে নেতার ছড়াছড়ি। সবাই মনে করেন তাঁরা যোগ্য এবং দলের জন্য তাঁরাই নিবেদিত।
এমন পরিস্থিতিতে আগামী নির্বাচনে বিএনপির নেতৃবৃন্দের মধ্যে কারা প্রার্থিতা চাইতে পারেন, তা জানতে বিএনপির বিভিন্ন গ্রুপের সক্রিয় কর্মীদের সঙ্গে আলাপ হয়। এতে ১২ জন নেতার নাম ঘুরে-ফিরে এসেছে। এঁরা হলেন গিয়াস আহমেদ, মোস্তফা কামাল পাশা বাবুল, সুলেমান ভূঁইয়া, জিল্লুর রহমারন জিল্লু, শরাফত হোসেন বাবু (ওয়াশিংটন ডি. সি.), অধ্যাপক দেলোয়ার হোসেন, গিয়াস উদ্দিন, ডা. মুজিবুর রহমান, আকতার হোসেন বাদল, দিনাজ খান (ফ্লোরিডা), পারভেজ সাজ্জাদ, এ কে এম রফিকুল ইসলাম ডালিম ও ইলিয়াস খান (ফ্লোরিডা)।
সবার কাছে জানতে চাওয়া হয়, তারা কেন এমন গুরুত্বপূর্ণ পদে প্রার্থী হতে চান এবং তাদের স্ব স্ব এলাকার জনগণ কেন তাদের নির্বাচিত করবেন। মনোনয়ন প্রাপ্তির উপকরণ হয়েছে তাদের অভিন্ন দাবি, তারা বিএনপির আদর্শের প্রতি নিষ্ঠাবান, ত্যাগী এবং প্রবাসে মঈন-ফখরুদ্দিনবিরোধী আন্দোলনে ও বর্তমান সরকারের নিবর্তনমূলক আচরণের বিরুদ্ধে সোচ্চার জোরালো ভূমিকা রাখছেন।
ঢাকা-১ আসনে নির্বাচন করতে চান যুক্তরাষ্ট্র শাখা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি গিয়াস আহমেদ। তাঁর দাবি, ছাত্রজীবন থেকেই তিনি বিএনপির রাজনীতি করেন। আমেরিকার মূলধারা তথা প্রশাসনে বাংলাদেশ, এমনকি বিএনপির বিভিন্ন বিষয় তুলে ধরেছেন। তাঁর তৎপরতায় সিনেটর ক্রাউলির নেতৃত্বে বাংলাদেশ ককাস বাংলাদেশ সফর করে। তিনি নিজেও ওই প্রতিনিধি দলে ছিলেন। এই ককাশের প্রভাবে চট্টগ্রামে মহিলা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। সাংসদ হয়েছে তিনি বাংলাদেশকে আরও ভালো সাহায্য করতে পারবেন। তাঁর মতে দলীয় প্রার্থিতা পেলে তিনি প্রত্যাশিত আসনে নিশ্চিতভাবে জয়ী হবেন। তবে তিনি মনে করেন, অবাধ নির্বাচনী পরিবেশ না থাকলে দেশে যাওয়া নিরাপদ নয়।
যুক্তরাষ্ট্র শাখা বিএনপির সাবেক সহসভাপতি সুলেমান ভূঁইয়া শহীদ জিয়ার সময় থেকে বিএনপির সঙ্গে সরাসরি জড়িত। তিনি ফেনী-৩ আসন থেকে নির্বাচন করতে চান। কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ে নেতা-কর্মীদের সার্বক্ষণিক যোগাযোগ রাখেন এবং নিজ এলাকায় তার বিশেষ পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে। তিনি বলেন, বিএনপির নির্যাতিত ও পঙ্গু হয়েছেন এমন নেতা-কর্মীদের বিভিন্নভাবে সহযোগিতা করেন। গত ৭/৮ বছর ধরে তাদের মামলার খরচ জোগান। ঈদ উপলক্ষে তার ইউনিয়নের দরিদ্রদের মধ্যে সেমাইসহ নানা সামগ্রী বিতরণ করেন। কারাবন্দী নেতা-কর্মীদের জন্য ‘লুঙ্গি-পাঞ্জাবি পাঠিয়েছেন।
যুক্তরাষ্ট্র বিএনপির এক পক্ষের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল বাবুল চট্টগ্রাম-৩ আসন (সন্দীপ) থেকে বিএনপির প্রার্থী হতে চান। তিনি বলেন, গতবারও তিনি মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু পরে সিদ্ধান্ত পরিবর্তন হয়। তিনি এলাকায় নিজ অর্থায়নে খাল খনন, রাস্তাঘাট নির্মাণ, প্রাইমারি স্কুল-মাদ্রাসা-মসজিদ-এতিমখানা স্থাপন থেকে শুরু করে দরিদ্র পরিবারের শত শত মেয়ের বিয়ে ও রোগীদের চিকিৎসার সম্পূর্ণ খরচ বহন করে ব্যয় বহনসহ নানা ধরনের জনহিতকর কাজ করছেন।
ওয়াশিংটন ডিসিতে বসবাসরত যুক্তরাষ্ট্র শাখা বিএনপির অনুসারী ৩৪ সংগঠনের আহ্বায়ক শরাফত হোসেন বাবু কুমিল্লা-১ আসন থেকে নির্বাচন করতে চান। নিজেকে লবিস্ট দাবি করে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনীতিক ও প্রশাসনের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। ফলে আমেরিকা-বাংলাদেশ সম্পর্ককে আরও সুদৃঢ় ও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবেন। প্রত্যাশিত এলাকা হতে তাঁর বিজয় নিশ্চিত বলে তিনি জানান, দলমত-নির্বিশেষে কুমিল্লা শহরের বাসিন্দারা তাঁকে ভোট দেবেন।
চাঁদপুর-৫ আসন থেকে প্রার্থী হতে চান আকতার হোসেন বাদল। তিনি দেশে-প্রবাসে বিএনপির জন্য কাজ করছেন। তাঁর দাবি, তিনি আমেরিকার মূলধারার কাছে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিএনপির সমস্যা তুলে ধরছেন। তিনি বলেন, তাঁর প্রতিষ্ঠিত আরএলবি (রুদশী-লিপি-বাদল) ফাউন্ডেশনের মাধ্যমে তাঁর এলাকায় বৃত্তি ও জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে, স্কুল-কলেজে কম্পিউটার-ল্যাপটপ দিয়ে, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়ের জন্য আর্থিক সহযোগিতা দিয়ে তিনি জনগণের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। আমেরিকায় অর্জিত অভিজ্ঞা ও প্রযুক্তি বাংলাদেশে ব্যবহারের সুযোগ সৃষ্টির লক্ষ্যে তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন।
ছাত্রজীবন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ব্যবসায়ী পারভেজ সাজ্জাদ চট্টগ্রাম-১০ আসন থেকে মনোনয়ন চান। তিনি বলেন, দেশে বিএনপির নির্যাতিত, কারাবন্দী ও মামলার আসামি প্রায় ২০০ নেতা-কর্মীর জন্য তিনি তাঁর আয়ের একটি অংশ নিয়মিত ব্যয় করছেন। তাঁদের পরিবারের জন্য ঈদের খরচ পাঠান। আর্থিকভাবে অসচ্ছল, কিন্তু লজ্জায় ভিক্ষা করতে পারেন না, তার এলাকার এমন ব্যক্তিদের তিনি আর্থিকভাবে সহযোগিতা করেন। এলাকায় প্রতিষ্ঠিত তার ব্যবসা প্রতিষ্ঠানে কর্মসংস্থানের ব্যবস্থা করেও তিনি জনগণের সেবা করার সুযোগ পেয়েছেন।
মুন্সিগঞ্জ-৩ আসনে প্রার্থী হতে চান ফ্লোরিডা বিএনপির প্রতিষ্ঠাতা ও বর্তমান সভাপতি ব্যবসায়ী দিনাজ খান। তিনি বলেন, ‘দেশে ও প্রবাসে আমার বিপুল সম্পদ আছে। দেশের স্বার্থে সততার সঙ্গে কাজ করার জন্যই আমি সংসদ নির্বাচনে প্রার্থী হতে চাই। আমি মসজিদে, গরিব-দুঃখীদের সাহায্য করি। আমার কোনো বদনাম নেই।’
ঢাকা-১০ আসন (সেনাপাড়া-পর্বতা) থেকে মনোনয়ন চাইতে পারেন বিএনপি নেতা মোহাম্মদ গিয়াস উদ্দিন। তিনি বলেন, দেশে-প্রবাসে তিনি বিএনপির জন্য নিবেদিত। তাঁর দাবি, ঢাকা-১০ আসনের তিনি স্থায়ী বাসিন্দা। ওই এলাকায় বিএনপির যোগ্য প্রার্থী নেই। তিনি এলাকার বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন। নির্বাচন করার উদ্দেশ্যে তিনি প্রায়ই বাংলাদেশে যান।
তবে আগামী নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে এখনো সিদ্ধান্তহীনতায় আছেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, সাবেক সহসভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন, যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী দলের সাবেক সাধারণ সম্পাদক এ কে এম রফিকুল ইসলাম ডালিম। যুক্তরাষ্ট্র বিএনপির প্রথম সভাপতি ডা. মুজিবুর রহমান মজুমদার নির্বাচনে অংশ নেবেন না বলে জানালেন।
ফ্লোরিডাপ্রবাসী ইলিয়াস খান বলেন, ‘প্রবাসে থেকে দেশে সাংসদ নির্বাচিত হওয়া বেশ কঠিন। জনগণ থেকে বিচ্ছিন্ন থেকে সাংসদ পদে প্রতিদ্বন্দ্বিতাকে তিনি অর্থের অপচয় বলেন মনে করেন। প্রবাসী হয়েছে আমাকে ভোট দেওয়ার কোনো যুক্তি আমি দেখি না।’