আমেরিকায় নবাগত বাংলাদেশি চিকিৎসকদের পাশে বিএমএএনএ

আমেরিকায় প্রবাসী বাংলাদেশি চিকিৎসকেরা স্বদেশের উন্নয়নে ও প্রবাসে আসা নতুন চিকিৎসকদের সহযোগিতা করছেন। তাঁদের পরামর্শ ও সহযোগিতায় ইতিমধ্যেই অনেক বাংলাদেশি চিকিৎসক আমেরিকায় এই পেশায় নিজেদের প্রতিষ্ঠিত করেছেন।
বর্তমানে আমেরিকায় তিন থেকে চার হাজার বাংলাদেশি চিকিৎসক রয়েছেন। এদের সংখ্যা দিন দিন বাড়ছে এবং তারা চিকিৎসা পেশায় বেশ ভালো করছেন।
আমেরিকায় দীর্ঘদিন ধরে চিকিৎসা পেশায় রয়েছেন এমন কিছু বাংলাদেশি প্রথম আলো উত্তর আমেরিকার সঙ্গে আলাপকালে বলেন, তাঁরা বাংলাদেশ থেকে আমেরিকা আসতে আগ্রহী চিকিৎসকদের পরামর্শ দিয়ে থাকেন। তাঁরা আমেরিকার চিকিৎসা
প্রযুক্তি বাংলাদেশে স্থানান্তরসহ, চিকিৎসা ও মানবসেবামূলক কাজে ভূমিকা রাখছেন।
বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন অব নর্থ আমেরিকার (বিএমএএনএ) সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন। তিনি ১৯৮৭ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ১৯৮৮ সালে আমেরিকায় আসেন। বর্তমানে তিনি মুঠোফোনে আলাবামা উইথ ইনফার্মারি হেলথ সিস্টেম বিশেষজ্ঞ হিসেবে দায়িত্ব পালন করছেন।
জামাল উদ্দিন জানান, সামান্য কয়েকজন চিকিৎসকের উদ্যোগে বিএমএএনএ ১৯৮১ সালে গঠিত হয়। বর্তমানে সংগঠনের সদস্য সংখ্যা সাত শ। আর দন্ত চিকিৎসা ছাড়াই সব মিলিয়ে সারা আমেরিকায় বর্তমানে তিন থেকে চার হাজার বাংলাদেশি চিকিৎসক বিভিন্ন বিভাগে সুনামের সঙ্গে কাজ করছেন।
চার হাজারের মধ্যে বিএমএএনএর সদস্য সংখ্যা এত কম কেন জানতে চাইল ডা. জামাল বলেন, সবার সঙ্গে যোগাযোগ করা কঠিন। অন্যদিকে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হতে চান এমন চিকিৎসকেরাই কেবল আমাদের সদস্য। তবে আগামী দুই বছরের মধ্যে বিএমএএনএর সদস্য সংখ্যা এক হাজার ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিএমএএনএ গঠনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইলে ডা. জামাল বলেন, ‘এটা অলাভজনক সেবাধর্মী সংগঠন। সেবা মানেই কিছু দিতে হয়, কিন্তু কিছুই পাওয়া যায় না। আমরা নবাগতদের রেসিডেন্সি ও এতদসংক্রান্ত সাক্ষাৎকারের জন্য প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। আমাদের মূল প্রচেষ্টা হলো চিকিৎসাক্ষেত্রে আমেরিকার প্রযুক্তিকে বাংলাদেশে নিয়ে যাওয়া। ভালো প্রযুক্তি না থাকলে ভালো চিকিৎসা হয় না। ভালো চিকিৎসার অভাবে রোগী অকালে মারা যান। তাই আমরা বাংলাদেশে আমেরিকান চিকিৎসা-প্রযুক্তি নিয়ে যাওয়ার কাজ করছি।’
বাংলাদেশি এই চিকিৎসক বলেন, ‘আমাদের কিছু দল ভাগ করা আছে। এরা দেশে গিয়ে সরকারি-বেসরকারি হাসপাতালে স্বতঃপ্রণোদিত হয়ে সেবা দেন। আমাদের দেশে যেমন আধুনিক প্রযুক্তি নেই, তেমনি পর্যাপ্ত প্রশিক্ষণও নেই। আমরা জরুরি বিভাগে প্রশিক্ষণ দিয়ে থাকি, যে শাখার মানোন্নয়ন খুবই জরুরি। আমরা দ্রুত এই কাজ করতে চাই। কিন্তু আমলাতান্ত্রিক জটিলতা আমাদের উদ্যোগকে অনেক ক্ষেত্রেই ব্যাহত করে।’
বাংলাদেশের ওষুধকে কীভাবে আমেরিকার বাজারে আনা যায় জানতে চাইলে ডা. জামাল বলেন, এ দেশের ফেডারেল ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মান অনুযায়ী ওষুধ প্রস্তুত করলেই কেবল বাংলাদেশি ওষুধ আমেরিকার বাজারে প্রবেশ করতে পারবে। ওষুধের প্যাকেটে যা লেখা থাকবে ওষুধে ঠিক সেগুলো থাকতে হবে। একটু গরমিল হলেই আমেরিকাতে কোনো ওষুধ প্রবেশের সুযোগ পাবে না। এ জন্য বিশেষায়িত ফার্মাসিউটিক্যাল পার্ক গড়ে তুলতে হবে, যেখানে কঠোর মাননিয়ন্ত্রণের ব্যবস্থা থাকবে।
নতুন আসা বাংলাদেশি চিকিৎসকদের সার্বিক সহযোগিতায় থাকা আরেকজন হলেন ফজলুল হামিদ ইউসুফ। তিনি ১৯৭৮ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ১৯৮৩ সালে স্ত্রীসহ আমেরিকায় আসেন। তাঁর স্ত্রীও চিকিৎসক।
ডা. ইউসুফ জানান, আমেরিকায় আসার পর তিনি চিকিৎসা সংক্রান্ত একটি প্রতিষ্ঠানে কাজ শুরু করে ১৯৮৭ সালে রেসিডেন্সি পান। তিনি কর্নেল, মাউন্ট সানাইসহ নিউইয়র্কের নামকরা হাসপাতালে কাজ করেন। বর্তমানে তিনি নিউইয়র্ক নগরের ফ্ল্যাশিং প্রেসবাইট্রিয়ান হসপিটালে শিশুদের রক্ত ও ক্যানসার সংক্রান্ত বিভাগের পরিচালক।
বাংলাদেশ থেকে আসা চিকিৎসকদের প্রশংসা করে ইউসুফ বলেন, তারা সবাই মেধাবী ও ব্যক্তিত্বসম্পন্ন। তাদের মধ্যে বড় হওয়ার স্বপ্ন রয়েছে। কিন্তু তাদের তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে হয়, যা আগে ছিল না। আমেরিকান শিক্ষার্থীরাই চিকিৎসা বিজ্ঞান অধ্যয়নে ঝুঁকে পড়েছে। প্রতি বছর আমেরিকার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গড়ে ২১ হাজার নতুন চিকিৎসক বের হচ্ছেন। আর বহু আমেরিকান শিক্ষার্থী ডমিনিকান রিপাবলিকসহ ক্যারিবীয় দেশসমূহে, যুক্তরাজ্যে, মালয়েশিয়ায়, থাইল্যান্ডে, ভারতে, এমনকি বাংলাদেশে গিয়ে চিকিৎসা বিজ্ঞানে অধ্যয়ন করে আমেরিকার ফিরে আসেন। এদের সংখ্যা প্রতি বছর ২/৩ হাজারের মতো। এ ছাড়া ইউরোপের বিভিন্ন দেশ, চীন, জাপান, অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তানসহ বিশ্বের প্রায় প্রত্যেক দেশ হতেই মেধাবী চিকিৎসকেরা আমেরিকায় আসছেন। হাজার হাজার চিকিৎসকের সঙ্গে প্রতিযোগিতা করেই আমেরিকার থাকার সুযোগ করে নিতে হয়, যা বর্তমানে সত্যিই কঠিন।
এমন পরিস্থিতিতে আমেরিকায় আসতে আগ্রহী বাংলাদেশি চিকিৎসকদের জন্য ডা. ইউসুফের পরামর্শ হলো, পাস করার সঙ্গে সঙ্গে আমেরিকায় আসার চেষ্টা করতে হবে। পাস করার পর আমেরিকায় আসতে যত দেরি হবে, রেসিডেন্সি পাওয়া তত কঠিন হবে। তার মতে, পাস করার পর পাঁচ বছর পার হলে আমেরিকায় রেসিডেন্সি পাওয়া অসম্ভব হয়ে পড়ে।
ডা. ইউসুফ বলেন, পাস করেই আমেরিকায় আসার পর দ্রুত প্রয়োজনীয় পরীক্ষাগুলো শেষ করতে হবে এবং এসব পরীক্ষায় ‘ভালো স্কোর’ থাকতে হবে। তাহলেই প্রতিযোগিতায় টিকে রেসিডেন্সি পাওয়া সহজ হবে। আমেরিকায় এসে এমপিএইচ (মাস্টার্স ইন পাবলিক হেলথ) করলে রেসিডেন্সি পাওয়া আরও সহজ হয়। তবে বাংলাদেশে চিকিৎসা বিজ্ঞানে স্নাতকোত্তর এফসিপিএস ডিগ্রি, পিএইচডি ডিগ্রি, চিকিৎসা বিজ্ঞানে গবেষণা থাকলে কিংবা অস্ট্রেলিয়াসহ কিছু উন্নত দেশ থেকে সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি থাকলে আমেরিকায় রেসিডেন্সি পাওয়া তুলনামূলক সহজ হয়। এ ছাড়া এডুকেশনাল কমিশন ফর ফরেন মেডিকেল গ্র্যাজুয়েট সার্টিফিকেট পেলে খুবই ভালো হয়।
ডা. ইউসুফ বলেন, আমেরিকায় ক্লিনিক্যাল মেডিসিন তথা চিকিৎসক হওয়ার সুযোগ না পেলেও হতাশ হওয়ার কিছু নেই। চিকিৎসা বিজ্ঞানে শিক্ষকতা কিংবা নার্সসহ অন্যান্য শাখায় প্রবেশের চেষ্টা করা যেতে পারে। এসব শাখায় অনেক সুযোগ-সুবিধা রয়েছে।
বাংলাদেশি বংশোদ্ভূত এই চিকিৎসক বলেন, আমেরিকায় বাংলাদেশি চিকিৎসকদের সংগঠন বিএমএএনএর মাধ্যমে বাংলাদেশ থেকে আসা চিকিৎসকদের রেসিডেন্সি পাওয়ার সহজ পন্থাসহ সাক্ষাৎকারের প্রস্তুতি, সুপারিশপত্র (রিকমনডেশন লেটার), রেসিডেন্সির সময় সহযোগিতা, প্রফেশনাল রিজুমি তৈরি ইত্যাদি কাজে এই সংগঠন সহযোগিতা করে। এ ছাড়া কর্মশালার মাধ্যমে নবাগতদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া এবং অবজারভারশিপ পাওয়ার জন্যও বিএমএএনএ সহযোগিতা দিয়ে থাকে।
ডা. ইউসুফ জানান, বাংলাদেশে বিভিন্ন ধরনের সেবামূলক কাজেও বিএমএএনএ ভূমিকা রাখে। বাংলাদেশে বর্তমান বন্যাদুর্গত মানুষের সহায়তায় ২ আগস্ট বিএমএএনএ নিউইয়র্কে তহবিল সংগ্রহ করার উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে ৫০ হাজার ডলার সংগ্রহ করা হয়েছে, যার পুরোটাই বাংলাদেশে পাঠানো হবে।
নিউইয়র্কের ব্রুকলিন ইউনিভার্সিটি হসপিটাল মেডিকেল সেন্টারের সহযোগী অধ্যাপক পালমনারি মেডিসিন ও বক্ষব্যাধি বিশেষজ্ঞ মুজিবুর রহমান মজুমদার ১৯৭৯ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করে ১৯৮৮ সালে আমেরিকায় আসেন। তিনি বলেন, চীন, ইউরোপসহ বিভিন্ন দেশ থেকে এ দেশে চিকিৎসক আসার পাশাপাশি আমেরিকার নাগরিকদের অনেকে এখন চিকিৎসা পেশায় ঢুকছেন। অনেকে আবার তুলনামূলক কম সময়ে এবং কম অর্থ ব্যয়ে ক্যারিবীয় অঞ্চলের কলেজ-বিশ্ববিদ্যালয়ে গিয়ে চিকিৎসা শাস্ত্রে অধ্যয়ন করে দেশে ফিরছে। ফলে সম্প্রতি বাংলাদেশি নবাগত চিকিৎসকেরা এখন চরম প্রতিযোগিতার মুখে পড়ছেন। দিন দিন পরিস্থিতি আরও কঠিন ও প্রতিযোগিতামুখর হচ্ছে।
বাংলাদেশি নবাগত চিকিৎসকদের উদ্দেশ্যে মুজিবুর রহমান বলেন, অবশ্যই বৈধ কাগজপত্র নিয়ে আমেরিকায় আসা উচিত। চিকিৎসা বিজ্ঞানে বাংলাদেশ ও আমেরিকার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। এসব পার্থক্য গুছিয়ে আমেরিকায় আসলে ভালো হয়। চিকিৎসা বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে আমেরিকায় আসা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাহলে এখানে সহজেই সুযোগ পাওয়ার সম্ভাবনা থাকে।
সার্টিফায়েড চিকিৎসক, বিশেষত রেসিডেন্সি পেতে হলে কঠোর পরিশ্রমী ও আর্থিকভাবে শক্ত অবস্থান থাকতে হবে। গবেষণাকাজে কোনো প্রকাশনা থাকলে তাও রেসিডেন্সি অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হয়। তিনি বলেন, প্রথমদিকে একাকী আসাই ভালো। তাহলে পারিবারিক দায়িত্ব ও আর্থিক চাপ কম থাকে, যা খুব জরুরি।
চিকিৎসা হলো আমেরিকায় সর্বোচ্চ ও আকর্ষণীয় পেশা। সামাজিক মর্যাদা ও সবক্ষেত্রে প্রতিষ্ঠা অর্জনে এই পেশার জুড়ি নেই। বাংলাদেশি চিকিৎসকেরা প্রবাসে এসেও স্বদেশ ও স্বদেশবাসীকে ভুলে যাননি। বিএমএএনএর মাধ্যমে ও ব্যক্তিগতভাবে নানা সহযোগিতা এর প্রমাণ। বাংলাদেশে প্রবাসীদের অর্থ প্রেরণে চিকিৎসকেরা মুখ্য ভূমিকা পালন করছেন। সঙ্গে সঙ্গে বাংলাদেশে চিকিৎসা অঙ্গনের সার্বিক উন্নয়নে, বিশেষত আমেরিকার চিকিৎসা প্রযুক্তি বাংলাদেশে স্থানান্তরেও তারা বিশেষ ভূমিকা রাখছেন। এর মাধ্যমে বাংলাদেশে সর্বাধুনিক চিকিৎসার ব্যবস্থা হলে যেমন সাধারণ মানুষও উন্নত চিকিৎসা পাবেন তেমনি চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার প্রয়োজনীয়তা ও প্রবণতাও কমবে। ফলে দেশের অর্থ দেশেই ব্যবহৃত হবে, যা দেশের সার্বিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।