আমেরিকায় নেমেই স্বাস্থ্যবিমা করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকার বিমানবন্দরে নামার পরপরই সব অভিবাসীর হেলথ ইনস্যুরেন্স বা স্বাস্থ্যবিমা করা দরকার। নিউইয়র্কের কথাই ধরুন। আপনাকে যেকোনো স্বাস্থ্যবিমা পরিকল্পনা যত দ্রুত সম্ভব, নিবন্ধন করতে হবে। স্বাস্থ্যবিমা অনেকটাই বাধ্যতামূলক। আপনি এখানে নগদ অর্থ দিয়ে চিকিৎসা ব্যয় বা হাসপাতালে সেবা নিয়ে পোষাতে পারবেন না। শুধু একজন ডাক্তার দেখাতে নগদ আপনার খরচ হবে প্রায় পনেরো হাজার টাকা। আর হাসপাতালে বাচ্চা প্রসবের সময় মোট খরচ গড়ে চল্লিশ লাখ থেকে নব্বই লাখ টাকার মতো লাগতে পারে। তাহলে বুঝতেই পারছেন, কেন প্রত্যেকের হেলথ ইন্স্যুরেন্স করা অতি প্রয়োজন?
স্বাস্থ্যবিমা হচ্ছে ব্যক্তির চিকিৎসা খরচ মেটানোর জন্য করা একটি বিমা। স্বাস্থ্যসেবার সামগ্রিক ঝুঁকি ও স্বাস্থ্য সংক্রান্ত ব্যয়ের আনুমানিক হিসাব অনুযায়ী, একজন বিমাকারী বিভিন্ন ধরনের স্বাস্থ্যবিমা গ্রহণ করতে পারেন—যেমন মাসিক প্রিমিয়াম অথবা পে-রোল ট্যাক্স, যা বিমার চুক্তি অনুযায়ী ব্যক্তির স্বাস্থ্য সেবার জন্য জরুরি অবস্থায় চিকিৎসার প্রয়োজনীয় খরচ জোগাবে। আমেরিকার স্বাস্থ্য সংস্থার মতে, স্বাস্থ্যবিমা হচ্ছে অসুস্থতা কিংবা আহত অবস্থায় প্রাপ্ত চিকিৎসা খরচ, যাতে অন্তর্ভুক্ত রয়েছে দুর্ঘটনার ক্ষতিপূরণ, চিকিৎসা খরচ, প্রতিবন্ধী অথবা দুর্ঘটনাজনিত মৃত্যুর ক্ষতিপূরণ।
স্বাস্থ্যবিমার জন্য যে কেউ বিভিন্ন ইনস্যুরেন্স কোম্পানি এবং তাদের কর্মীদের সাহায্য নিতে পারে অথবা ব্যক্তি নিজেই অনলাইনে আবেদন করতে পারেন। কম খরচে বা বিনা মূল্যে স্বাস্থ্যবিমা পেতে নিউইয়র্ক অঙ্গরাজ্যের সরকার এখানে জনসাধারণকে সাহায্য করে থাকে। যে কেউ স্বাস্থ্যবিমা কোম্পানির নির্দিষ্ট অফিসে যেতে পারে কিংবা সরকারি হাসপাতালের হেল্প ডেস্কে বিমা কোম্পানির লোক থেকে বিমা বেছে নিতে সাহায্য পাওয়া যায়। ডিএমভিতে গিয়েও যে কেউ তাদের সেবা পেতে পারে। নিউইয়র্ক স্টেট হেলথ মার্কেট প্লেসের মাধ্যমে যে কোনো ব্যক্তি সহজেই স্বাস্থ্যবিমা কোম্পানির সঙ্গে সংযুক্ত হতে পারে। প্রতি বছর নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত এই নিবন্ধন খোলা থাকে।
কোনো অভিবাসী যদি আমেরিকার নাগরিক নাও হয়, তারপরও নিউইয়র্কবাসী হিসেবে তাদের জন্য সরকারের বিকল্প ব্যবস্থা আছে। স্বাস্থ্যবিমা নেওয়া হলে এটি পরিকল্পিত বা অপ্রত্যাশিত চিকিৎসাগত পরিচর্যায় অর্থ পরিশোধে সরকার যেকোনো ব্যক্তিকে সাহায্য করবে।
স্বাস্থ্যবিমা সম্পর্কে বুঝতে বা সাহায্য পেতে যেকোনো ব্যক্তি নিউইয়র্ক নগরের হাসপাতালে যেতে পারে। ব্যক্তির বয়স আর আয় অনুযায়ী তিনি সরকারি স্বাস্থ্যবিমার জন্যও যোগ্য হতে পারেন। মাত্র কিছু সাধারণ প্রশ্নের উত্তর দিলেই বলা যাবে, কোনো ব্যক্তি পাবলিক স্বাস্থ্যবিমার যোগ্য কি না। কেউ যখন বিমা কোম্পানির বিশেষজ্ঞদের সঙ্গে যোগাযোগ করবে, তারা তাকে কেমন ধরনের বিমার তিনি যোগ্য এবং তা দেখার জন্য তাকে নিয়ে একটি সংক্ষিপ্ত জরিপ চালাতে পারে। এর জন্য তাকে কিছু ব্যক্তিগত তথ্য অন্তর্ভুক্ত করতে হবে।
এদিকে, যদি কোনো ব্যক্তির বয়স ৬৫ বছরের কম হয় এবং দীর্ঘমেয়াদি বিমা পরিচর্যা না চায়, তাহলে তাকে স্টেট হেলথ মার্কেটপ্লেসে আবেদন করতে কী কী দরকার, তারা নিজেরাই তাকে সেটি বুঝিয়ে দেবে। কারও যদি ৬৫ বছর বা তার বেশি বয়স হয় বা প্রতিবন্ধী সংক্রান্ত মেডিকেয়ার প্রয়োজন হয়, তাহলে তিনি এমএপি ইনিশিয়াল এলিজিবিলিটি ইউনিটে যোগাযোগ করতে পারেন। এই আবেদন ফোনেও করা যায়। মেডিকেয়ারের জন্য আবেদন করার উদ্দেশে সাক্ষাতের জন্য বা ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড মেন্টাল হাইজিন এনরোলার্সের নির্দিষ্ট নম্বরে বিমাপ্রত্যাশী ব্যক্তি কল করতে পারেন।
সরকারি স্বাস্থ্যবিমা সম্পর্কে আরও বেশি জানার জন্য তাদের ওয়েবসাইটগুলোতে নিয়মিত চোখ রাখা যেতে পারে। এইচআর–এ হেলথ অ্যাসিসটেন্স ওয়েবসাইটটি দেখা যেতে পারে, সিটিওয়াইড হেলথ ইন্স্যুরেন্স যোগাযোগ করা যেতে পারে, এমনকি ৩১১ নম্বরে ফোন করেও যে কেউ প্রয়োজনীয় তথ্য নিতে পারেন। স্বাস্থ্যবিমার ওপরে সাধারণ প্রশ্নের জন্য হটলাইনে কল করতে পারেন। আরও তথ্যের জন্য এইচআর–এ ইনফোলাইনে ফোন করা যেতে পারে।
কোনো ব্যক্তি কীভাবে নথিভুক্ত হবে, সে সম্পর্কে তথ্য পেতে এনওয়াই স্টেট অফ হেলথ মার্কেটপ্লেসে কল করতে পারে। বিনা মূল্যে স্বাস্থ্য বিমা পেতে সহায়ক যেমন দরকার তেমনই অনুসন্ধান করা যেতে পারে। কোনো ব্যক্তি নিউইয়র্কের কোন বরোতে স্থানান্তরিত হবে, তার জন্য আপডেট দিয়ে নিকটবর্তী বিমা কোম্পানির এক্সপার্টের সাহায্যে বা নিজে নিজেও অনলাইনে আবেদন করতে পারে। নির্দিষ্ট যোগ্যতা অনুযায়ী, আবেদনপত্র ও ফরম ডাউনলোড করে পূরণ করে ডাকযোগে পাঠানো যায় অথবা অনলাইনেও আবেদনপত্র পূরণ করে দেওয়া যায়।
বিমা কোম্পানি নির্দিষ্ট কাজের বাইরে অতিরিক্ত কিছু কার্যক্রম পরিচালনা করে থাকে। তার মধ্যে রয়েছে নগদ টাকা দেওয়া, স্বাস্থ্যসেবা, শিশুর পরিচর্যা, প্রতিবন্ধীদের সেবা, শিশুদের জন্য আর্থিক সহায়তা, বাবা-মায়ের জন্য চাকরির সহায়তা, নাগরিকত্বের আবেদন করতে বিনা মূল্যে সহায়তা ও আর্থিক কাউন্সেলিং ইত্যাদি। তারা নার্স সহায়তা প্রদান, মেডিকেলকেয়ার প্রদান ও প্রথমবার গর্ভবতী মেয়েদের উপদেশ দিয়ে থাকে। তরুণ-তরুণী, নারী ও পুরুষের জন্য বিনা মূল্যে এবং গোপনীয় পরিবার পরিকল্পনা পরিষেবাও দিয়ে থাকে।