আমেরিকায় পাকিস্তানি প্রেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অঙ্ক বিষয়ে আমি সব সময়ই কাঁচা। এই বস্তুটিতে আমি কেন জানি কোনো উৎসাহ খুঁজে পাই না। তারপরও আবার ক্যালকুলাস-১! আমাকে এই বিষয়টায় পাস করতে হবে, কারণ ওটা আমার মেজর রেকোয়ারমেন্টে পড়ে। ক্যাম্পাসের মূল দালানের দ্বিতীয় তলার এম-২০৩ নম্বর কক্ষটি খুঁজে পেতে খুব একটা অসুবিধা হলো না। আমি সব সময়ই কেন জানি ডান পাশের মাঝামাঝি কোনো এক জায়গায় বসতে স্বাচ্ছন্দ্যবোধ করতাম। এবারও তাই হলো। তবে ক্যালকুলাস-১-এর আগামাথা কী বুঝব, সে নিয়ে নীরব একটা শঙ্কা বুকের ভেতর দ্রিম দ্রিম শব্দে বাজছিল। তবে সুখের কথা যে আমার সঙ্গে আমার বন্ধু ইকবাল থাকায় নিজেকে খুব হালকাও লাগছিল।
ইকবাল পাকিস্তানের পেশোয়ার থেকে এসেছে। অসাধারণ ভদ্রলোক আর বন্ধুবৎসল বলতে যা বোঝায়, ইকবাল যেন ঠিক তাই। প্রথম দিন ক্লাসে অনেকের সঙ্গো পরিচয় হলো। ক্লাস নিলেন একজন বৃদ্ধ মহিলা। বয়সের ভারে তিনি কুঁজো হয়ে হাঁটেন কিন্তু গণিত তাঁর জীবনের বন্ধু। নিজের পরিচিতি দিতে গিয়ে বললেন তিনি নাকি গণিত নিয়ে বিভিন্ন রকমের খেলা আবিষ্কার করেছেন। বটে! অঙ্ক নিয়ে মশকরা!! আরও ভাবনার কথা হলো তিনি খেলাগুলো নাকি ছোট ছোট শিশুদের জন্যে তৈরি করেছেন। মনে পড়ল ছোটবেলায় চোখ বুজে নামতা মুখস্থের কথা। ভাবছিলাম সে রকম গোছের হয়তোবা কোনো কিছু। কিন্তু তিনি যখন বললেন যে ক্যালকুলাস-১-এর ক্লাসটিও তিনি বিভিন্ন রকম খেলার ছলে নাকি আমাদের দিয়ে করাবেন তখন আত্মারাম খাঁচাছাড়া আর কী? আমি আর ইকবাল মুখ চাওয়া-চাওয়ি করলাম।
ক্লাস ড্রপ করে দেওয়ার মতলবও যে মাথায় সূক্ষ্মভাবে খেলা করছিল সে কথা আর নাইবা বললাম। যাই হোক প্রথম দিন কোনোমতে টেনেটুনে অঙ্ক ক্লাসটা শেষ করে আমি আর ইকবাল কলেজ ক্যাম্পাসে এসে যেন হাঁফ ছেড়ে বাঁচলাম। পরের দিন আবার যথারীতি ক্লাস শুরু হলো। দুরু দুরু বক্ষে ক্লাসে প্রবেশ করে আমি আর ইকবাল আমাদের আগের দিনের নির্ধারিত সিটেই বসলাম। এবার গল্পটা শুরু হলো। বসতেই দেখি আমার সিটের পাশেই একটি ছেলে দিব্যি আরাম করে চোখটা আধবোজা করে বসে আছে। সে আমাদের দেখে যেন না দেখার ভান করল। বয়েই গেল! আমরাও দেখেও না দেখার ভান করলাম। চেহারা ছবি দেখে মনে হলো ল্যাটিন আমেরিকার কোনো দেশ থেকে বুঝি এসেছে। এবার ক্লাসশিক্ষক বুড়ো মহিলা কুঁজো হয়ে ঢুকলেন আর ঢুকেই ব্ল্যাকবোর্ডে গণিতের কি সব কঠিন কঠিন ফর্মুলা লেখা শুরু করে দিলেন। আমি আর ইকবাল এর কিছুই বুঝতে পারছিলাম না। শুধু আমরা নই ক্লাসের কেউই যে কিছু বুঝতে পারছে না, তা তাদের চোখ দেখে ঠিক বুঝতে পারছিলাম। সাধারণত যা হয় এ ধরনের ক্লাস খুব বোরিং হয়ে থাকে, বিশেষ করে আমাদের মতো গণিত ভিতুদের জন্য তো অতি অবশ্যই। হঠাৎ করেই যেন লঙ্কাকাণ্ড ঘটে গেল! ক্লাসের সব নীরবতা ভেঙে ভাঙা ভাঙা ইংরেজিতে আমার পাশের সেই ল্যাটিন আমেরিকানটা হাত উঠিয়ে অধ্যাপকের দৃষ্টি আকর্ষণ করল। আমাদের গোটা ক্লাস তখন ছেলেটির দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। সে কি বলতে চায় অধ্যাপককে? ছেলেটি অধ্যাপককে কিছু একটা বলার চেষ্টা করল। আমাদের বুড়ো অধ্যাপক মশাই মুখে বিরক্তি ফুটিয়ে তাকে জিজ্ঞেস করলেন কী তার প্রশ্ন। এবার ছেলেটির উত্তর শুনে আমরা গোটা ক্লাসশুদ্ধ থ হয়ে গেলাম। ছেলেটি সাফ সাফ অধ্যাপককে বলে দিল যে তিনি যেভাবে অঙ্কের সমীকরণগুলো ব্যাখ্যা করে বোর্ডে লিখে যাচ্ছেন তা সঠিক নয়। আর তা ছাড়া এত কঠিন করে না লিখে সহজভাবেও নাকি এর ব্যাখ্যা করা যায়। আহা! বলার অপেক্ষা রাখে না যে ছেলেটি সঙ্গে সঙ্গেই আমাদের হিরো হয়ে গেল। এবার বুড়ো অধ্যাপক রেগে গেলেন। তিনি তাকে বোর্ডে এসে তার নিজের তত্ত্বটি প্রমাণ করার জন্য আহ্বান জানালেন। এ রকম মোক্ষম সময়ের জন্যেই বুঝি সে অপেক্ষা করছিল। ছেলেটি বোর্ডের দিকে বীরের মতো এগিয়ে গেল। তারপর বোর্ডের এক কোনায় সেও চক দিয়ে গণিতের অলিগলিগুলো অজানা সব অক্ষরে লেখা শুরু করল। তারপর আবার বীরের মতোই বুক ফুলিয়ে তার নিজের সিটে এসে বসল। এবার আমাদের বুড়ো অধ্যাপক খুঁটিয়ে খুঁটিয়ে ছেলেটির কর্মকাণ্ড দেখলেন। তারপর চেয়ারে বসে কিছুক্ষণ চুপ করে মাথা নিচু করে বসে রইলেন। অনেকক্ষণ পর তিনি বললেন, ‘এই ক্লাসে এক গণিতপাগলের আবির্ভাব ঘটেছে দেখছি। সে আমাকেও টপকে গেছে।’
কী নাম তোমার?
ছেলেটির সংক্ষিপ্ত উত্তর ‘রেজা’
জানতে পারি তোমার দেশ কোথায়?
‘বাংলাদেশ’
বাংলাদেশ? অধ্যাপকের চোখে বিস্ময়!
‘খুব ভালো, তোমাকে ক্লাসে পেয়ে আমি খুব খুশি হয়েছি। সত্যি বলতে এমন ছাত্র আমি অনেক দিন ধরেই খুঁজছিলাম।’ হাসতে হাসতে কথাগুলো বললেন অধ্যাপক।
যথারীতি ক্লাস শেষ হলো। এদিকে আমি তো উত্তেজনায় কাঁপছিলাম। অনেকটা ঝাঁপিয়ে পড়লাম যাকে ল্যাটিন আমেরিকান বলে ভুল করেছিলাম সেই ছেলেটির ওপর।
আরে রেজা ভাই, আপনি বাংলাদেশ থেকে এসেছেন আগে বলবেন না? আপনি ভাই যা দেখাইলেন!
সে একটু মুচকি হাসল। আমি আমার পাশে দাঁড়িয়ে থাকা বন্ধু ইকবালের সঙ্গে রেজার পরিচয় করিয়ে দিলাম।
‘ইকবাল, পাকিস্তান থেকে এসেছে। আমার বন্ধু।’
ইকবাল যথারীতি তার হাত বাড়িয়ে দিল। রেজা ওর সঙ্গে করমর্দন করল কিন্তু লক্ষ করলাম ওর মুখে কোথায় যেন বিরক্তির ছাপ। তারপর দেখলাম কিছুক্ষণ পর রেজা বাথরুমে ঢুকে ফ্রেস হয়ে আবার এল। ততক্ষণে ইকবাল তার অন্য ক্লাসে ঢুকে যাওয়ায় আমি রেজার জন্য অপেক্ষা করছিলাম। রেজা এবার আমাকে একা পেয়ে কথা বলতে শুরু করল।
‘আদনান ভাই, আপনি একটা পাইক্কার সঙ্গে কীভাবে বন্ধুত্ব করেন? খারাপ লাগে না?’
আমি কিছু বোঝার আগেই সে বলল, ‘এই দেখেন বাথরুমে যেয়ে হাতটা ভালো করে ধুইয়ে এসেছি কারণ কিছুক্ষণ আগে ওই পাইক্কার সঙ্গে করমর্দন করতে হয়েছিল।’
আমি বুঝতে পারলাম রেজা প্রচণ্ডভাবে পাকিস্তানবিদ্বেষী। কিন্তু তাই বলে এতটা? আমিও খুব একটা পাকিস্তানিদের বিশ্বাস করি না, মিশি না। তারপর একাত্তরের ঘটনা তো আছেই। কিন্তু তাই বলে গণহারে সব পাকিস্তানির প্রতি আমার এ রকম বিদ্বেষ কিন্তু নেই। সে দেশে কি ভালো মানুষ নেই? যাই হোক, ধীরে ধীরে রেজার সঙ্গে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেল। তখন রেজা ম্যানহাটনের আইসক্রিমের একটি দোকানে কাজ করত। দুপুর ১২টার দিকে ক্লাস শেষ করে সোজা কাজে চলে যেত। তারপর রাত ৯টার দিকে কাজ থেকে আবার বাসায়। তখন আমার পুরোনো লক্কড়ঝক্কড় টাইপের পন্টিয়াক একটা গাড়ি ছিল। সেই গাড়ি নিয়ে সময় সুযোগ করে আমি আর রেজা ঘুরে বেড়াতাম। যাই হোক, তারপর রেজা একদিন হুট করেই নিউইয়র্ক ছেড়ে চলে গেল। শুনেছিলাম সে নিউজার্সির একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত। সাধারণত যা হয়, রেজার সঙ্গে আমার বন্ধুত্বের ছেদ পড়ল।
দীর্ঘ বছর পাঁচেক পর নিউইয়র্কের জ্যাকসন হাইটসে রেজার সঙ্গে আমার আবার কাকতালীয়ভাবেই দেখা হলো। জ্যাকসন হাইটসের ‘জ্যাকসন ডাইনার’-এর সামনে দাঁড়িয়ে আছে। পাশে অবাঙালি পাকিস্তানি টাইপের একজন বেশ সুন্দরী মহিলাকে দেখতে পেলাম। আমাকে দেখেই রেজার গাল যেন লজ্জায় একটু লাল হয়ে গেল।
কিন্তু আমি তো পুরানো দোস্তকে দেখে আনন্দে আত্মহারা! আর রেজাকে কি ভোলা যায়? এত তুখোড় মেধাবী অঙ্ক জানা মানুষ! যা অনুমান করছিলাম তাই। জানা গেল পাশে দাঁড়িয়ে থাকা রমণীটি একজন পাকিস্তানি। রেজার সদ্য বিয়ে করা বউ। রেজা খুব ভয়ে ভয়ে লজ্জাবনত হয়ে ওর স্ত্রীর সঙ্গে আমার পরিচয় করিয়ে দিল। তারপর বলল যে দীর্ঘদিনের প্রেমের ফসল হলো এই পাকিস্তানি স্ত্রী। আমি মনে মনে একটা ছবি আঁকার চেষ্টা করলাম। এই সেই রেজা যে কি না, একদিন আমার পাকিস্তানি বন্ধু ইকবালের সঙ্গে করমর্দন করে পরে বাথরুমে গিয়ে হাত ধুয়েছিল। আর সেই একই লোক শুধু প্রেমের দাবিতে...আহা! প্রেম যে কোনো জাতপাত মানে না এমনকি পাকিস্তানিও বাছবিছার করে না রেজাকে না দেখলে তা হয়তো আমি কোনো দিনই বিশ্বাস করতে পারতাম না।