আমেরিকায় বকরিদ

চলতি বছর অর্থাৎ ২০১৯ সালে ঘোষণা করা হয়েছে, বকরিদ আগস্টের ১১ তারিখে উদ্যাপন করা হবে। সৌভাগ্যবশত দিনটি পড়েছে রোববার। তার মানে ছুটির দিন বলে ঈদের জামাতে লোক বেশি হবে এবং বাড়িতে ও বন্ধুবান্ধব মহলে সবাই মিলে দারুণ মজা হবে। সাপ্তাহিক কর্মদিবসে হলে ভিড় যে হয় না তা নয়, তবে অনেকে ছুটি নিতে পারে না বলে যেখানে সুযোগ পায়, কোন রকমে ঈদের নামাজটা পড়ে তাড়াতাড়ি অফিসে বা অন্য কাজের জায়গায় চলে যায়। সন্ধ্যায় ফিরে এসে পরিবারের সঙ্গে ঈদ উৎসব করে থাকে। অনেকে ছুটি নেয় বা নিতে চায়। কিন্তু কোন দিন যে ঈদ হবে, সেটা নিয়ে একটা ইস্যু হয়। তাই যারা পারে, ঝুঁকি কমাতে তারা দুদিন ছুটি নেয়।
ব্যাপারটি নিয়ে অবশ্য উত্তর আমেরিকার (মূলত আমেরিকা ও কানাডা) মুসলমানদের ছত্রধারি দুই গ্রুপের মধ্যে মতভেদ আস্তে আস্তে কমে আসছে। একটির নাম ইসনা (ISNA -Islamic Society of North America) ও অন্যটির নাম ইকনা (Islamic Circle of North America)। প্রথমটি তথাকথিত মডারেট মুসলিমদের। তাঁরা নামাজ, রোজা, ঈদ, বকরিদ প্রধানত দিনপঞ্জি বা আবহাওয়া তথ্য, ‘অ্যাস্ট্রোনমিক্যাল ক্যালকুলেশান’ ভিত্তিক ক্যালেন্ডার অনুসরণ করেন। দ্বিতীয়টি রক্ষণশীল মুসলিমদের। তাঁরা কোরআন হাদিসকে আক্ষরিক অর্থে অনুসরণ করেন। তাঁদের থিওরি অনুযায়ী, চাঁদকে চাক্ষুষ না দেখতে পেলে রোজা বা ঈদের দিন ধার্য করা যায় না। সে জন্য দিনটি ক্যালেন্ডারের সঙ্গে সব সময় মেলে না। এতে যারা চাকরি–বাকরি করে, তাদের ছুটি চাইতে ফ্যাসাদে পড়তে হয়। তারা বসকে কী করে বলবে, ঈদ আগামী মঙ্গলবার অথবা বুধবার হবে, তাই আমি আপাতত মঙ্গলবার ছুটি চাই, না লাগলে বুধবার নেব। নিজেদের আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধব আলাদা আলাদা মসজিদে ভিন্ন গ্রুপ অনুসরণ করলে একই দিনে ঈদ পালন করা যায় না।
এবার আসল কথায় আসি। এখানে সবাই পাঁচ ওয়াক্ত নামাজ না পড়লেও বেশির ভাগই শুক্রবারের নামাজ পড়ে। আর ঈদের নামাজ পড়ে ৯৯.৯৯ ভাগ। উত্তর আমেরিকায় ইসলাম দ্রুতগতিতে বেড়ে চলেছে বলে একটার পর একটা মসজিদ হয়েই চলেছে। কেবল শিকাগো এলাকাতেই ৮০টির মতো মসজিদ আছে ও আরও কয়েকটির পারমিট পাস হয়ে আছে। তবু ঈদের নামাজের সময় তাদের একসঙ্গে জায়গা দেওয়া সম্ভব হয় না। শিকাগো শহরতলির কেবল আমাদের এলাকার মসজিদে সকাল সাড়ে সাতটা ও নটায় দুটো জামাত হয়। তারপর ভাড়া করা বিরাট ব্যাংকুয়েট হলে তিনটি জামাত হয়—সাড়ে আটটা, দশটা ও সাড়ে এগারোটায়। কিন্তু এতেও কুলায় না। তখন বিশেষ বন্দোবস্ত করে আর একটা জামাত ওর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। অর্থাৎ শুধু আমাদের এলাকাতেই ঈদের নামাজ পড়ার জন্য ছয়টি জামাত হয়। আশপাশের অন্য এলাকাতেও একই অবস্থা। অন্যান্য শহরের অবস্থা অনেকটা এ ধরনের। তবে, নিউইয়র্ক শহরে মসজিদগুলো ছাড়াও বিরাট ঈদগাহ আছে, যেখানে দেশের মতো অনেক নামাজি পার্কে একসঙ্গে নামাজ আদায় করতে পারে।
একটু কোরবানির কথায় আসি। প্রথম দিকে এখানে কোরবানি দেওয়ার কথা ভাবা যেত না। এখন বেশির ভাগ সমর্থ লোক কোরবানি দিয়ে থাকে। এই দেওয়ার ব্যবস্থাটা তিন ভাগে বিভক্ত। একদল আছে, তারা দেশে আত্মীয়দের কাছে কোরবানির জন্য টাকা পাঠিয়ে দিয়ে খালাস। আর একদল আছে, যারা কোন ঝামেলার মধ্যে যেতে চায় না। তারা যে মুদির দোকানে মাংস বিক্রি হয় বা যারা শুধু মাংস বিক্রি করে, তাদের কাছে কোরবানির জন্য টাকা দিয়ে দেয়, কার নামে হবে সেই নামটা দিয়ে। তারপর ঈদের দিন তাদের ভাগের পরিমাণমতো গোশত ওই দোকান থেকে নিয়ে নেয়। তৃতীয় গ্রুপটা রক্ষণশীল। তারা ৮০ মাইল দূরে গরু-ছাগল-মুরগির ফার্মে যায় কোরবানির গরু ও ছাগল কিনতে এবং নিজ হাতে কোরবানির পশু জবাই করে চলে আসে। পরের দিন ওই ফার্মের লোকেরা এদের বাড়িতে পুরো মাংসটা পৌঁছে দিয়ে যায়। তারপর শেয়ার অনুযায়ী ভাগাভাগি শুরু হয়। দুই ব্যবস্থার তফাৎ জিজ্ঞেস করে এই ধরনের জবাব পাওয়া গেছে।
‘ধরুন আমরা সাতজন মিলে ফার্মে ১০০০ পাউন্ডের (প্রায় ৪৫৫ কেজি) একটা গরু কোরবানি দিলাম। তাহলে প্রত্যেকের ভাগে প্রায় ১৪৩ পাউন্ড গোশত আসে। হাড্ডি, চামড়া, লেজ, ভুঁড়ি, শিং, খুর বাদ দিলে এক একজনের ভাগে পড়ে প্রায় ৮০ পাউন্ড করে। আপনি জানেন, যে গরুটা আপনি কোরবানি দিয়েছেন, এই গোশত সেটার। অপরপক্ষে দোকানে অর্ডার সাধারণত ৪০ পাউন্ডের হয়। নামাজের পর গোশত আনতে গেলে, যে গোশতটা সামনে বা তাদের স্টকে আছে, সেখান থেকে আপনাকে ৪০ পাউন্ড দিয়ে দেবে। পাউন্ড প্রতি তাদের দাম প্রায় ডবল এবং গোশতের পরিমাণ অর্ধেক। সবচেয়ে বড় কথা, যে গোশতটা পাচ্ছেন, সেটা কোরবানির হলেও আপনার নির্ধারিত পশুর গোশত না হওয়ার সম্ভাবনা ৮০ থেকে ১০০ ভাগ।
আর একটা ব্যাপার জানলাম, যেটি আগে জানতাম না। দেশে আমাদের কোরবানির মাংস তিন ভাগে ভাগ করা হতো। একভাগ এতিম মিসকিনদের, একভাগ আত্মীয়স্বজনদের ও একভাগ নিজের পরিবারের জন্য। এখানে এসে জানতে পারলাম, ধর্মে গোশত বাঁটোয়ারার ব্যাপারে কোন অবশ্যম্ভাবী বিধিনিষেধ নেই। ইচ্ছা করলে সবটাই দিয়ে দেওয়া যায়, আবার নাকি সবটাই রেখে দেওয়া যায়। তাই অনেককে দেখি ৪ থেকে ৬টি গরুতে শেয়ার কিনতে এবং সামান্য বিলিয়ে পুরো মাংসটা ডিপ ফ্রিজে রেখে সারা বছর ধরে খেতে।
বকরিদের ব্যাপারে আরও যেটা জানার, তা হলো বকরিদ কথাটা আসলে হিন্দুস্তানি উর্দু-হিন্দি ভাষীদের থেকে এসেছে। ছাগল বা বকরি কোরবানি দেওয়া হয় বলে ওটা বকরা-ঈদ, সংক্ষেপে বকরিদ। আবার আরবি বাকারা মানে গরু, সেদিক থেকে বাকারা ঈদ বা গরু কোরবানির ঈদ বলা যায়। বাংলাদেশে সাধারণত একে কোরবানির ঈদ বলা হয়।
পৃথিবীর বিভিন্ন দেশে এর বিভিন্ন নাম। আরব অঞ্চলে ঈদুল আজহা, ইরানে ঈদ-এ কোরবান, তুরস্কে কুরবান বায়রামি, ইন্দোনেশিয়া-মালয়েশিয়াতে হারিরায়া হাজি, লেবারান হাজি, আফগানিস্তানে লয়া আখতার ইত্যাদি।