আমেরিকায় বন্দুক নিয়ন্ত্রণ এত কঠিন কেন?

রুটিনমাফিক প্রতিদিন সকালে সাঁতার কাটতে ওয়াইএমসিএতে যাই। লাস ভেগাসে হত্যাকাণ্ডের স্মরণে মূল ফটকের সামনে পতাকাটা অর্ধনমিত রাখা হয়েছিল, কিন্তু অসাবধানতা বসত এখনো সে রকমই আছে। অভ্যর্থনা ডেস্কে বললাম, যে কদিনের জন্য পতাকাটা অর্ধনমিত রাখার কথা ছিল তা পার হয়ে গেছে তাই পতাকাটা ওপরে ওঠানো যেতে পারে, কিন্তু তারপরও দেখলাম পতাকাটা ও রকমই আছে। এর মাঝে নিউইয়র্কে ঘটল সন্ত্রাসী হামলা—আবার পতাকা অর্ধনমিত রাখার ঘোষণা এল। তাই পতাকা নিয়ে ওদের আর কিছু করতে হয়নি।
এবার ৬ নভেম্বর সোমবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পতাকাটাকে ওপরে ওঠানোর কথা। আমি ৫ তারিখে পতাকাটা দেখে ভাবছিলাম ডেস্কে আবার বলে যাব ওরা পতাকা ওপরে ওঠাক বা না ওঠাক আমার কাজটা আমি করি। কিন্তু বলা হয়নি। এর মাঝে ৫ তারিখেই আবার ঘটল টেক্সাসের চার্চে গোলাগুলি মর্মান্তিক ঘটনা। নিহত হলো ২৭ জন। এবারও ওদের আর কষ্ট করে পতাকা নামাতে হয়নি ওটা নামানোই ছিল।
প্রশ্ন হলো আমেরিকায় বন্দুক নিয়ন্ত্রণ এত কঠিন কেন?
জাতি হিসাবে আমেরিকানদের বন্দুকের সঙ্গে আছে গভীর সম্পর্ক।
আমেরিকান সমাজের বহু বছর থেকেই বন্দুক অনেকের গর্বের বিষয়। শিকারের জন্যেই হোক, ক্রীড়ার জন্যই হোক অথবা ব্যক্তিগত নিরাপত্তার জন্যই হোক বেশির ভাগ বন্দুকের মালিক মনে করেন বন্দুক রাখা তাঁদের ব্যক্তিগত স্বাধীনতা। তবে একই সময়ে বন্দুকের উৎস থেকে হিংস্রতা জাতিকে নাড়া দিয়েছে এবং জাতিকে এই সমস্যায় দ্বিধাবিভক্ত করেছে। তবুও এর সমাধান করা যাচ্ছে না।
ক্যালিফোর্নিয়ার সান ব্রানিডিনোতে গুলিতে ১৪ জন নিহত এবং ২১ জন আহত হবার পরদিনই সিনেটে একটি বিল আনা হয় যাতে বলা হয়, যাদের নাম সন্ত্রাসীদের সন্দেহ তালিকায় আছে তারা অস্ত্র কিনতে পারবে না। কিন্তু বিলটি সিনেটে পাস হলো না। আবার ২০১২ তে কানেকটিকাটে স্কুলে ২০টি শিশু এবং ৬ জন শিক্ষিকা মারা যাওয়ার পরও বন্দুক বিক্রি সীমিত করার প্রস্তাব চেষ্টা করেও আমেরিকার আইন সভায় পাস করানো যায়নি। এমনকি আংশিকভাবে স্বয়ংক্রিয় বন্দুক বিক্রি বন্ধ অথবা ব্যাকগ্রাউন্ড পরীক্ষার ব্যবস্থা করার আইন পাস করানো পর্যন্ত সম্ভব হয়নি।
সবাই খুব অবাক হয়, কেন আমেরিকায় বন্দুক বিক্রি বন্ধ প্রায় অসম্ভব। অনেকেই মনে করে এনআরএ অর্থাৎ আমেরিকান রাইফেল অ্যাসোসিয়েশনের মতো ধনী, মর্যাদাপূর্ণ ও প্রভাবশালী সংগঠনের জন্যই তা হচ্ছে না এবং এর সঙ্গে সংযুক্ত আছে নোংরা রাজনীতি। ভোট হারাতে পারে তাই কোনো রাজনৈতিক দলই এ বিষয়ে জোরাল পদক্ষেপ নিতে সাহস পায় না। প্রতি ১০ জন আমেরিকানের মধ্যে ৩ জনের কাছে বন্দুক আছে। এবং এঁদের মাঝে ১৯ শতাংশ হলো এনআরএ অর্থাৎ ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের সদস্য। যাঁদের বন্দুক আছে তাঁদের মধ্যে আবার ৬১ শতাংশ হলেন রিপাবলিকান।
সংবিধানের দ্বিতীয় সংশোধনী আমেরিকানদের আগ্নেয়াস্ত্র বহনের অধিকার দিয়েছে। আমেরিকার সংবিধানের দ্বিতীয় সংশোধনী বলে ‘স্বাধীন রাষ্ট্রের জন্য একটি সুসংগঠিত সেনাবাহিনী প্রয়োজন, কিন্তু মানুষে আগ্নেয়াস্ত্র বহনের অধিকার লঙ্ঘন করা যাবে না’। ২০০৮ সালে সংবিধানের দ্বিতীয় সংশোধনীর আলোকে বন্দুক নিয়ন্ত্রণের জন্য আদালতে মামলা হলেও আদালত তা শুনতে চাননি।
নিউইয়র্কের বন্দুক আইন অন্য স্টেটের চেয়ে আলাদা। বন্দুক পেতে হলে নিউইয়র্কে অবশ্যই পারমিট নিতে এবং কঠোরভাবে ব্যাকগ্রাউন্ড চেক করা হয়। বেশির ভাগ স্টেটেই ব্যক্তিগত বিক্রেতার কাছ থেকে বিজ্ঞাপন দেখে অথবা অনলাইনে বন্দুক কিনতে কোনো পারমিট ও ব্যাকগ্রাউন্ড চেকের প্রয়োজন হয় না। নিউইয়র্কে কেউ যদি সব চাহিদা পূরণ করতেও পারেন, তবুও আইনশৃঙ্খলা বাহিনী তা অনুমোদন না-ও করতে পারে। লাইসেন্স পেতে ১৭ পৃষ্ঠার একটি বিশাল আবেদনপত্র পূরণ করতে হয়। বন্দুক যদি খোয়া যায় বা চুরি হয় তবে অবশ্যই তা পুলিশকে জানাতে হবে। অটোমেটিক অথবা সেমি-অটোমেটিক বন্দুক এবং ১০ রাউন্ডের বেশি গুলি ধরে এমন ম্যাগাজিন কেনার ক্ষেত্রেও অনেক ধরণের বিধিনিষেধ আছে।
আইনশৃঙ্খলা বাহিনীর হিসাব অনুসারে নিউইয়র্কে বন্দুকের জন্য লাইসেন্সের সংখ্যা ৪১ হাজার ১৬২, এর মধ্যে ২২ হাজার ৫০০টি লাইসেন্স দেওয়া হয়েছে যাঁরা সিকিউরিটি গার্ড হিসেবে কাজ করেন তাঁদের। এ ছাড়া অবসরপ্রাপ্ত প্রায় ২ হাজার ৫০০ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকের বন্দুকের লাইসেন্স আছে।
সাম্প্রতিক সময়ে গোলাগুলিতে ব্যাপক হত্যা যেন আমেরিকার রুটিনে পরিণত হয়েছে। অবস্থাদৃষ্টে সবাই সেটা মেনেও নিয়েছে বলে মনে হচ্ছে। আমেরিকায় ২০১৫ সালে ১৩ হাজার ২৮৬ জন বন্দুকের গুলিতে নিহত হয়েছে এবং আহত হয়েছে ২৬ হাজার ৮১৯ জন (এর মধ্যে বন্দুকের গুলিতে আত্মহত্যাকারীদের বাদ দেওয়া হয়েছে)। আমেরিকার ন্যাশনাল সেফটি কাউন্সিলের হিসাব অনুসারে ২০১৫ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ৩৮ হাজার ৩০০ ব্যক্তি। অবস্থাদৃষ্টে মনে হয় সড়ক দুর্ঘটনা যেমন একটি স্বাভাবিক ব্যাপার আগ্নেয়াস্ত্রের গুলিতে মানুষ নিহত হবে এটাও যেন তেমনই একটা ব্যাপার।