আমেরিকায় বন্দুক নিয়ন্ত্রণে কঠোর আইনের বিকল্প নেই

আমেরিকাকে সময়ের পরীক্ষায় উত্তীর্ণ কোলাহলময় গণতন্ত্র, বিদেশ নীতিতে সার্বক্ষণিক জেদি যোদ্ধা আর জনপ্রিয় সংগীত ও চলচ্চিত্রের দেশ হিসেবে বিবেচনা করে পৃথিবীর অন্যান্য দেশ। কিন্তু বিশ্ববাসী বিস্মিত হন আমেরিকায় কেন এত গণহত্যা হয়, কিছুদিন পর পর গোলাগুলিতে কেন এত রক্ত ঝরে?
অনেকেই হয়তো মনে করেন, আমেরিকার সমাজ ব্যবস্থা এমনিতেই সহিংস। অথবা মনে করেন এখানে রয়েছে জাতিগত বিভক্তি-বিদ্বেষ কিংবা এখানকার নাগরিকেরা মানসিক স্বাস্থ্যেও সুস্থতার জন্য যথাযথ সেবাযত্ন পাচ্ছেন না। এ ধরনের বিভিন্ন অমূলক উপসংহারে সিদ্ধান্তে বহির্বিশ্বের মানুষ পৌঁছে থাকেন।
আমেরিকায় এ ধরনের গোলাগুলির কী ধরনের ব্যাখ্যা থাকতে পারে? সারা বিশ্বের প্রায় ৪ দশমিক ৪ শতাংশ মানুষ আমেরিকাতে বসবাস করেন। কিন্তু সারা পৃথিবীর ৪২ শতাংশ বন্দুক রয়েছে আমেরিকায়। ২০১৫ সালে আলাবামা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অ্যাডাম ল্যাঙ্কফোর্ড পরিচালিত গবেষণায় দেখা যায়, ১৯৬৬ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত বিশ্বজুড়ে গোলাগুলির ৩১ শতাংশ বন্দুকধারীই ছিলেন আমেরিকান।
তবে জনসংখ্যার ভিত্তিতে এক কোটি অধিবাসী রয়েছেন এমন দেশগুলোর মধ্যে কেবল ইয়েমেনে গণগোলাগুলির হার বেশি। সারা বিশ্বে আমেরিকার পরে কেবল ইয়েমেনেই সর্বাধিক মানুষের কাছে বন্দুক রয়েছে।
মানসিক স্বাস্থ্য বিষয়ে পার্থক্য হলো, পরিসংখ্যানুযায়ী অন্য যেসব দেশে কম গণগোলাগুলি হয় তাদের চেয়ে আমেরিকানদের মানসিক সমস্যা বেশি। ২০১৫ সালের গবেষণা মতে, আমেরিকায় বন্দুকের গুলিতে মৃত্যুর মাত্র ৪ শতাংশের জন্য মানসিক সমস্যা দায়ী। ল্যাঙ্কফোর্ড মনে করেন, যেসব দেশে আত্মহত্যার হার বেশি সেখানে গণগোলাগুলির ঘটনা কম। সুতরাং গণগোলাগুলির সঙ্গে মানসিক সমস্যাকে সম্পৃক্ত করা যুক্তিযুক্ত নয়। ভিডিও গেমসও গণগোলাগুলিতে কমবেশি ভূমিকা রাখতে পারে। জাতিগত বিভেদ, বৈচিত্র্য ও বহুমুখী কিংবা সামাজিক সম্পর্কের ক্ষেত্রে অন্যান্য উপাদানও গোলাগুলিজনিত মৃত্যুর ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে।
২০০৯ সালে আমেরিকায় প্রতি ১০ লাখে ৩৩ জন গুলিতে নিহত হন, যা অন্যান্য উন্নত দেশের গড় হারকে ছাড়িয়ে যায়। কানাডা ও যুক্তরাজ্যে এই হার ছিল যথাক্রমে ৫ জন ও ০ দশমিক ৭ জন। তবে এ দুটি দেশের সঙ্গে আমেরিকার বন্দুকের মালিকানার ক্ষেত্রেও পার্থক্য রয়েছে।
শহুরে দলবদ্ধ সহিংস অপরাধের জন্য একই ধরনের ধারাবাহিক চলচ্চিত্রের ভূমিকা রয়েছে। তবে ১৯৯৯ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার ফ্যাঙ্কলিন ই জিমরিং ও গর্ডন হ্যাওকিংন্স পরিচালিত সাড়া জাগানো গবেষণায় দেখা যায়, অন্যান্য উন্নত দেশের তুলনায় আমেরিকা বাস্তবে ততখানি অপরাধ-উন্মুখ নয়। আমেরিকার অপরাধ তুলনামূলকভাবে অধিকতর প্রাণঘাতী। তাদের উপসংহার হল, এ ধরনের অমিলের কারণ হলো আমেরিকার সহিংসতা বন্দুক দিয়েই ঘটে।
উন্নত দেশে বেশির ভাগ হত্যার সঙ্গে বন্দুকের মালিকানাই দায়ী। আমেরিকার অঙ্গরাজ্যগুলোতে শহর ও নগরের অপরাধের হারের দিকে তাকালেই এই বাস্তবতা সামনে আসে। ১০টি দেশে ১৩০টি গবেষণা চালিয়ে দেখা গেছে, বন্দুক নিয়ন্ত্রণের আইনই কেবল বন্দুকের গুলিতে খুনের ঘটনা কমাতে পারে। এ গবেষণা বলে দেয় বন্দুকই সহিংসতা ঘটায়।
বন্দুক নিয়ন্ত্রণের সমালোচকেরা ২০১৬ সালের একটি গবেষণার কথা বলেন। এতে দেখা গেছে, ২০০০ সাল থেকে ২০১৪ সালের মধ্যে আমেরিকায় প্রতি দশ লাখ মানুষের মধ্যে বন্দুকের গুলিতে গণহত্যার হার ছিল ১ দশমিক ৫ ভাগ। সুইজারল্যান্ডে এই হার ১ দশমিক ৭ ভাগ ও ফিনল্যান্ডে ছিল ৩ দশমকি ৪ ভাগ। বাস্তবে আমেরিকায় গুলিতে সাধারণ মানুষ হত্যা সচরাচর ঘটে না। একই গবেষণায় বলা হয়, যুক্তরাষ্ট্রে ১৩৩টি গণগোলাগুলির ঘটনা ঘটেছে। ফিনল্যান্ডে দুটি ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে। আর সুইজারল্যান্ডে একটি ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়। সুতরাং গণগোলাগুলি সর্বত্র ঘটছে, এটা শুধু আমেরিকার ব্যাপার নয়।
চীনেও বিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর প্রায় ডজনখানেক বিচ্ছিন্ন হামলায় ২০১০ ও ২০১২ সালের মধ্যে ২৫ জন মারা গেছেন। এ সব হামলায় চাকু ব্যবহার করা হয়, কোনো বন্দুক ব্যবহৃত হয়নি। একই সময় আমেরিকায় পাঁচটি প্রাণঘাতী হামলায় ৭৮ জনের মৃত্যু হয়।
২০১৩ সালে আমেরিকার বন্দুক-সংশ্লিষ্ট মৃত্যুর মধ্যে ২১ হাজার ১৭৫টি ছিল আত্মহত্যা। ১১ হাজার ২০৮টি ছিল মানুষ হত্যা এবং ৫০৫টি ছিল দুর্ঘটনাজনিত মৃত্যু। অন্যদিকে একই বছর আমেরিকার জনসংখ্যার এক-তৃতীয়াংশ অধ্যুষিত জাপানে গুলিতে মাত্র ১৩ জনের মৃত্যু হয়।
বন্দুকের মালিকানার নিরিখে জাপানের তুলনায় আমেরিকায় মানুষ ১৫০ গুণ বেশি। আরেকটি ব্যাপার হলো বন্দুক নিয়ন্ত্রণে সারা পৃথিবীতে আমেরিকার আইন একেবারেই শিথিল বা দুর্বল। আমেরিকা, মেক্সিকো ও গুয়াতেমালা—এই তিন দেশ মনে করে, জনগণের বন্দুক রাখার জন্মগত অধিকার রয়েছে।
১৯৮৭ সালে গণগোলাগুলির পর যুক্তরাজ্যে বন্দুক নিয়ন্ত্রণে কঠোর আইন গৃহীত হয়। ১৯৯৬ সালে একই ধরনের ঘটনার পর অস্ট্রেলিয়া কঠোর আইন প্রণয়ন করে। কিন্তু আমেরিকায় এ ধরনের নিয়ন্ত্রণ না থাকায় সমাজকে অপরিমেয় মূল্য দিতে হচ্ছে। ফলে আমেরিকার সামনে বন্দুক নিয়ন্ত্রণে কঠোর আইনের কোনো বিকল্প নেই।