আমেরিকায় ভালুক ও নেকড়ে শিকারের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে
আমেরিকার জাতীয় উদ্যানগুলোতে (ন্যাশনাল পার্ক) শিকারের ওপর বিদ্যমান নিষেধাজ্ঞার আংশিক তুলে দেওয়ার উদ্যোগ নিচ্ছে ট্রাম্প প্রশাসন।
ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন (এনআরএ)-এর সহযোগিতায় অভ্যন্তরীণ মন্ত্রণালয় ভালুক ও নেকড়ে বাঘ শিকারের বিদ্যমান নিষেধাজ্ঞা আইন বাতিল
করতে চায়।
রিপাবলিকান প্রতিনিধি জেফ ডুনক্যান, ‘শেয়ার অ্যাক্ট’ নামে একটি বিল উত্থাপন করেছেন যা আইন হিসেবে গৃহীত হলে শব্দবিহীন বন্দুক কেনা সহজতর হবে। এ আইন বলে জাতীয় অভয়ারণ্যেও শিকার নিয়ন্ত্রণ করার বিধির ইতি ঘটবে। এর ফলে ভালুক ও নেকড়ে বাঘকে গুলি করার এবং সেগুলোর শাবক ধরতে ফাঁদ পাতার সুযোগ সৃষ্টি হবে। গত ১৪ জুন এ বিলের ওপর শুনানি নির্ধারিত ছিল। কিন্তু প্রতিনিধি পরিষদের সদস্য স্টেভ স্ক্যালাইজ গুলিবিদ্ধ হওয়ায় শুনানি মুলতবি হয়ে যায়। বছরের পর বছর ধরে ‘এনআরএ’ এবং পশু ও মৎস্য শিকার করে এমন গ্রুপ এ ধরনের একটি আইনের ব্যাপারে কংগ্রেসের কাছে ধরনা দিয়ে আসছে।
৩০ জুন জাতীয় উদ্যান সেবা (ন্যাশনাল পার্ক সার্ভিস/এনপিএস)-এর ভারপ্রাপ্ত পরিচালক মিখায়েল রেইনল্ডস অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের জন্য একটি স্মারকলিপি প্রস্তুত করেছেন। এ স্মারকে প্রস্তাবিত আইনের ব্যাপারে সংস্থার আপত্তির কথা তুলে ধরা হয়েছে। তবে তাঁর স্মারকলিপিটি বাতিল করে তাঁর কাছে ফেরত পাঠানো হয়। এবং বিষয়টির ব্যাপারে কংগ্রেসের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ না করার জন্য নির্দেশ দেওয়া হয়।
অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের মুখপাত্র হেদার সুইফট এ ধরনের খবর অস্বীকার করেন। তিনি বলেন, মন্ত্রণালয় কংগ্রেসের সঙ্গে বিষয়টির ব্যাপারে যোগাযোগ না করার ব্যাপারে এনপিএসকে কিছুই বলেনি। তিনি বলেন, বাস্তব ঘটনা হলো স্মারকলিপিটি কংগ্রেসের উদ্দেশ্য লেখা হয়নি।