আমেরিকায় ভিন্ন পরিবেশে পবিত্র ঈদুল ফিতর
নিউইয়র্কসহ উত্তর আমেরিকায় চাঁদ দেখা সাপেক্ষে কাল শনিবার বা পরশু রোববার পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে। করোনার তাণ্ডবে এবারের ঈদ উদ্যাপন হবে সম্পূর্ণ এক ভিন্ন পরিবেশে। ঈদ উপলক্ষে এবারে নিউইয়র্কে কোন আলাদা ঈদের বাজার হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে চাঁদ রাতের জমজমাট কর্মসূচি থাকত নিউইয়র্কের প্রবাসীবহুল এলাকায়। ঈদের আলোকসজ্জায় আলোকিত হতো জ্যাকসন হাইটস এলাকা। যুক্তরাষ্ট্রে করোনায় মৃত আড়াই শতাধিক প্রবাসীর স্মৃতি নিয়ে ঈদের আনন্দ এবার অনেকটাই ফিকে হয়ে পড়েছে। অনেক প্রবাসী পরিবার প্রিয়জন হারিয়েছে, অনেকে হারিয়েছে কাছের স্বজন বা বন্ধু–বান্ধবকে। তবুও মানুষ নামছেন ঈদের আয়োজনে। নিউইয়র্ক ধাপে ধাপে খুলে দেওয়ার শুরু হয়েছে।
কড়া নির্দেশনাবলি অনুসরণ করে নিউইয়র্কে এবার ধর্মীয় সমাবেশ পালন করা যাবে। গত বৃহস্পতিবার থেকে রাজ্যে অনধিক ১০ জন নিয়ে ধর্মীয় সমাবেশ করার অনুমতি দেওয়া হয়েছে। ফলে আসছে সপ্তাহান্তে ১০ জনের ঈদুল ফিতরের জামাত করা যাবে। কোথাও ১০ জনের বেশি সমাগম করা যাবে না। জামাতে যোগ দেওয়া সবাইকে মাস্ক পরতে হবে। ধর্মীয় সমাবেশে যোগদানকারীদের সামাজিক দূরত্ব নির্দেশাবলি মনে চলতে হবে। প্রত্যেককে মাস্ক পরতে হবে। ধর্মীয় স্থাপনার পার্কিং লট বা ড্রাইভওয়ে অর্থাৎ খোলা জায়গায় ধর্মীয় সমাবেশ করার জন্য পরামর্শ দিয়েছেন রাজ্যের গভর্নর।
নিউইয়র্কে অধিকাংশ মসজিদে যোগাযোগ করে জানা গেছে, তারা রাজ্যের নিয়ম মেনে সীমিত আকারে ঈদের জামাত করার কথা ভাবছেন। জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজা, জ্যামাইকা মুসলিম সেন্টার, বায়তুল আমান মসজিদসহ ব্রুকলিন ও ব্রঙ্কসে অতীতের মতো খোলা ময়দানে বিশাল বিশাল ঈদের সমাবেশ এবার হচ্ছে না। অনেকেই পারিবারিকভাবে পার্কিং লটে বা গ্যারেজে আত্মীয়স্বজন নিয়ে দশ জনের সীমাবদ্ধতা মেনে ঈদের জামাতের প্রস্তুতি নিচ্ছেন।
নিউইয়র্কের মোহাম্মদী কমিউনিটি সেন্টারের ইমাম কাজী কায়্যুম প্রথম আলো উত্তর আমেরিকাকে জানান, ২৪ মে রোববার ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। ঈদগাহ ময়দানে জামাতের পরিবর্তে বর্তমান বাস্তবতায় নিউইয়র্ক ঈদগাহ থেকে ইমাম কাজী কায়্যুম রোববার সকাল সাড়ে নয়টায় ফেসবুক লাইভে ঈদের ভার্চ্যুয়াল জামাত করবেন বলে ঘোষণা করেছেন। নিউইয়র্কের কিছু কিছু ইমাম এ নিয়ে ভিন্ন বক্তব্য দিলেও ইমাম কাজী কায়্যুম বলেছেন, ধর্ম ও সরকারের সব নির্দেশনা মেনেই এমন জামাতের আয়োজন করা হয়েছে। তিনি সবাইকে ফেসবুক লাইভে ঈদের জামাতে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
করোনার তাণ্ডবের মধ্যেও নিউইয়র্কে বাংলাদেশি গ্রোসারিগুলো এবারে ভালো ব্যবসা করেছে। যদিও কমিউনিটিভিত্তিক রেস্টুরেন্টগুলোর অধিকাংশই বন্ধ ছিল। রমজানে প্রতিবছর রেস্টুরেন্টগুলো যে ব্যবসা করে, তা বছরের অন্য ১১ মাসের চেয়েও বেশি হয়ে থাকে। শুধু নিউইয়র্ক নগরে প্রতি বছর শতাধিক সংগঠনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসব ইফতার অনুষ্ঠানে স্বদেশিদের উপস্থিতি থাকে দেখার মতো। ইফতার পার্টিতে খাবার সংগ্রহ করে থাকে দেশি রেস্টুরেন্টগুলো। এবার তা হয়নি। তবে এবার অনেক মসজিদেই প্রতিদিন ইফতার বিতরণ করা হয়েছে মুসল্লিদের মধ্যে। পারিবারিক আমেজেও ছোট ছোট ইফতার পার্টি হয়েছে। এসব পার্টিতে ইফতারি বক্স সরবরাহ করেছে রেস্টুরেন্টগুলো।
মাংস, দুধ, ডিম, চাল, ডাল, মাছ, বেকারি পণ্য, ফল-মূল, শাক-সবজি, সিরিয়াল, চিনি, মধুসহ সবকিছুতেই ৩% থেকে ৯% পর্যন্ত দাম বেড়েছে। ডিমের দাম বেড়েছে ১৬ %। যা আমেরিকার শত বছরের ইতিহাসে প্রথম এমন ঘটনা বলে অভিহিত করা হয়েছে। লকডাউন পুরোপুরিভাবে উঠিয়ে নেওয়ার পর দ্রব্যমূল্য স্বাভাবিক হবে বলে কেউই মনে করছেন না।
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ চেয়ারম্যান জেরোম পাওয়েল এই সপ্তাহে আইনপ্রণেতাদের সতর্ক করে দিয়ে বলেছেন, করোনা মহামারির কারণে আমেরিকার মন্দা কয়েক বছরের জন্য দীর্ঘস্থায়ী হতে পারে।
এমন উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়েই প্রবাসীদের এবারের ঈদ আয়োজন। এবারেই প্রথম আমেরিকায় ঈদ করছেন সিলেটের শিরিল হাসান। এ প্রতিবেদককে বললেন, এমন ঈদ জীবনে আসবে, নিজে চিন্তাও করেননি। আমেরিকায় এসেও ঈদে কোন নতুন জামা নেই। দেশে আত্মীয়স্বজনের জন্য মন কাঁদা এই প্রবাসী জানতে চাইলেন, ঈদের জামাতটাও কি পড়তে পারবও না?