আমেরিকায় যত সুযোগ-সুবিধা

অনেক বাধা-বিপত্তি ডিঙিয়ে নানা স্বপ্ন, আশা নিয়ে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আমেরিকায় পাড়ি জমান অনেকে। কিন্তু আমেরিকায় আসার কয়েকদিন পর অধিকাংশই বাস্তবতা অনুধাবন করতে পারেন। অনেকেই বুঝতে পারেন, স্বপ্নের দেশ আমেরিকায় টিকে থাকা এত সহজ নয়। এর পেছনে রয়েছে নানাবিধ কারণ। তার মধ্যে ইংরেজি ভাষায় দুর্বলতা, কাজে অদক্ষতা, বিভিন্ন অঙ্গরাজ্যে নিত্যপণ্যের উচ্চ দাম উল্লেখযোগ্য। ফলে অনেকেই নিজে চলতে অথবা পরিবার চালাতে হিমশিম খান।
সমস্যা যেমন আছে, তেমনি সব সমস্যার সমাধানও রয়েছে। নতুন আসা বাঙালি অভিবাসীদের অনেকেই মার্কিন সরকারের দেওয়া বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে অবগত নন। জীবনধারণের জন্য আমেরিকান সরকার খাদ্য, চিকিৎসা, আবাসন, শিক্ষা ক্ষেত্রে অনেক সুযোগ-সুবিধা দিয়ে থাকে। এ লেখার মাধ্যমে এসব সুযোগ-সুবিধা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব, যাতে কেউ পর্যাপ্ত তথ্য না জানার কারণে ভোগান্তির শিকার হন।
প্রথমেই আসা যাক খাদ্যের কথায়। যারা পর্যাপ্ত উপার্জন করতে পারছেন না, তাদের জন্য মার্কিন সরকার সাপ্লিমেন্টাল নিউট্রিশন অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (স্ন্যাপ) অথবা বহুল প্রচলিত ‘ফুড স্ট্যাম্প’-এর ব্যবস্থা করে রেখেছে। ফুড স্ট্যাম্প বেনিফিট কার্ডের মাধ্যমে ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মতো বিভিন্ন স্থানীয় গ্রোসারি দোকান থেকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী কিনে নেওয়া সম্ভব। ফলে পরিবারের জন্য খাবার কেনার বোঝা অনেকাংশই কমানো সম্ভব।
আমেরিকার মতো দেশে চিকিৎসার জন্য ব্যয় করতে হয় অনেক টাকা। কিন্তু এ ক্ষেত্রেও রয়েছে মেডিকেইড কার্ডের ব্যবস্থা। ফলে অনায়াসেই প্রায় বিনা মূল্যে চিকিৎসা সেবা নেওয়া সম্ভব। আবার যাদের উপার্জন বেশি হওয়ার কারণে এ কার্ডের সুবিধা নিতে পারেন না, তাঁরা আবার পরিবারের শিশুদের জন্য চিলড্রেনস হেলথ ইনস্যুরেন্স প্রোগ্রামের (চিপ) সুবিধা নিতে পারেন। ১৯ বছরের কম বয়সী শিশুরা এ সেবা নিতে পারবে।
আমেরিকার বিভিন্ন অঙ্গরাজ্যে উচ্চ আবাসন ব্যয়ের কারণেও বিপাকে পড়তে হয় বাঙালিদের। এ সমস্যারও সমাধান রয়েছে। যেসব পরিবার একেবারেই আবাসন খরচ বহন করতে অক্ষম, তাদের জন্য বিভিন্ন সরকারি আবাসন প্রকল্প রয়েছে। এর মধ্যে সাবসিডাইজড হাউজিং, হাউজিং ভাউচারস ও পাবলিক হাউজিং প্রকল্প অন্যতম। মার্কিন আবাস বিভাগের মাধ্যমে বিভিন্ন স্থানীয় আবাসন এজেন্সি (এইচএ) নিম্ন আয়ের পরিবারকে আবাসন ব্যবস্থার জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দিয়ে থাকে। বিদ্যুৎ ও গ্যাস বিলের জন্য রয়েছে হোম ইমারজেন্সি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (হিপ)। এ প্রকল্পের আওতায় বিভিন্ন শর্তসাপেক্ষে বিদ্যুৎ ও গ্যাস বিল পরিশোধ করা যায়, যা এ খাতে ব্যয় অনেকটাই কমিয়ে আনে।
এ ছাড়া সরাসরি আর্থিক সহায়তার ব্যবস্থাও রয়েছে। আমেরিকান সরকার নিম্ন আয়ের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করে। এ সহায়তা পাওয়ার একাধিক উপায় রয়েছে। টেম্পোর্যারি অ্যাসিস্ট্যান্স ফর নিডি ফ্যামিলিস (টিএএনএফ) প্রকল্পের মাধ্যমে নিম্ন আয়ের পরিবারকে সাময়িকভাবে আর্থিক সাহায্য দেওয়া হয়, যাতে তারা সাময়িক আর্থিক সমস্যা কাটিয়ে উঠতে পারে। এ ছাড়া পাবলিক অ্যাসিস্ট্যান্স গ্রান্ট (পিএ) প্রকল্পের মাধ্যমেও নিম্ন আয়ের পরিবারের সদস্যরা আর্থিক সাহায্য পেতে পারেন। পর্যাপ্ত উপার্জন করতে ব্যর্থ হলে পিএর জন্য আবেদন করা যেতে পারে।
আবার অনেকেই আছেন বিভিন্ন শারীরিক অসুবিধার জন্য কাজ করতে অক্ষম। তাদের জন্য রয়েছে সাপ্লিমেন্টাল সিকিউরিটি ইনকাম (এসএসআই), সোশ্যাল সিকিউরিটি ডিজঅ্যাবিলিটির (এসএসডি) মতো প্রকল্প। শারীরিকভাবে কাজ করতে অক্ষম হলে এসব সুবিধার জন্য প্রয়োজনীয় প্রমাণাদিসহ আবেদন করা যেতে পারে।
অনেকেই আছেন অনেক জায়গায় ঘোরাঘুরির পরও কাজের সুবিধা করতে পারেন না। তাদের জন্য রয়েছে আনএমপ্লয়মেন্ট বেনেফিটস, যা কাজ না পাওয়ার প্রায় ৭৩ সপ্তাহ পর্যন্ত প্রদান করা হয়। এ ছাড়া রিটায়ারমেন্ট বেনেফিটস (পেনশন) তো রয়েছেই।
ওপরে যেসব সুযোগ-সুবিধার কথা আলোচনা করা হয়েছে, সেগুলোর জন্য প্রয়োজনীয় তথ্যসহ নির্দিষ্ট আবেদন প্রক্রিয়ার ভেতর দিয়ে যেতে হবে। আবেদন করার পর আপনি যে মনোনীত হবেন, এমন কোনো গ্যারান্টি নেই। বিভিন্ন অঙ্গরাজ্যে আবার এসব সুযোগ-সুবিধার বিভিন্ন নিয়ম রয়েছে। এ লেখায় মূলত কী রকম সুযোগ-সুবিধা পেতে পারেন, সেসব নিয়ে ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে।