আমেরিকায় শবে বরাত পালিত
যুক্তরাষ্ট্রে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় পবিত্র শবে বরাত পালিত হয়েছে। বিভিন্ন মসজিদে এ উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছিল। প্রবাসী বাংলাদেশি ধর্মপ্রাণ মুসলমান স্থানীয় সময় ১০ মে ও ১১ মে রাতব্যাপী ইবাদত বন্দেগির মাধ্যমে পবিত্র শবে বরাত পালন করেন।
নিউইয়র্কসহ বিভিন্ন স্টেটের মসজিদগুলোতে এ মহিমান্বিত রাতে পৃথক আলোচনা, কোরআন তিলাওয়াত, নফল নামাজ, জিকির-আসকার, দোয়া-দরুদ, মিলাদ মাহফিলসহ ইবাদত-বন্দেগির মাধ্যমে মহান আল্লাহর রহমত কামনা করা হয়।
নিউইয়র্কের জ্যামাইকা মুসলিম সেন্টার, শাহজালাল মসজিদ, মসজিদ আল আরাফাসহ বিভিন্ন মসজিদে ছিল নানা কর্মসূচি।
ব্রঙ্কসের বাংলাবাজার জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং মসজিদের খতিব মাওলানা আবুল কাশেম এয়াহইয়ার পরিচালনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন আল্লামা ড. কাফিল উদ্দীন সালেহী সরকার। তিনি শবে বরাতের তাৎপর্য তুলে ধরে বলেন, এ পবিত্র রজনী মুমিন মুসলমানদের ইবাদত-বন্দেগির, পাপ-পঙ্কিলতা থেকে মুক্তির রাত। এ রাতে মহান আল্লাহ তাআলা তাঁর বান্দাদের প্রতি বরকত ও রহমত বর্ষণ করেন।